বাংলাদেশের তরুণ বিউটিশিয়ান ফারনাজ আলম বিদেশি ফ্যাশন সাময়িকীর জন্য কাজ করেছেন। তাঁর করা মেকওভার প্রকাশিত হয়েছে মধ্যপ্রাচ্যের বিখ্যাত সাময়িকী ‘মোজেহ’-এর অক্টোবর সংখ্যায়।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আছেন ফারনাজ। এই কাজ নিয়ে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। ফারনাজ বললেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে মেকওভার এর আগেও করেছি। কিন্তু কোনো ম্যাগাজিনের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তা ছাড়া “মোজেহ” দুবাইয়ের জনপ্রিয় এবং বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন।’
ফারনাজ আরও বললেন, ‘আমি ফ্যাশন শোতেও সাজসজ্জার কাজ করি। সেটার ধরন এক রকম। আর ম্যাগাজিনের শুটের ধরন একেবারেই আলাদা। একটা বিশাল দল এর জন্য কাজ করে। নির্দিষ্ট নিয়মে কাজ হয়। ফলে আমি একটু নার্ভাস ছিলাম।’
এই শুটের জন্য গুচির আংটি আর হাজুরিলালের কানের দুল ও ব্লুমিংডিলের পোশাক ব্যবহার করা হয়েছে। চুল ছিল ঢেউখেলানো। হেয়ারস্টাইলিস্ট ছিলেন ভেরোনিকা আলেকজান্ডার। ফটোগ্রাফারের যেমন নিজস্ব একটা ভাবনা ছিল, তেমনি এই শুটের স্টাইলিস্ট বুশরা করিম ভেবেছিলেন সম্পূর্ণ লুক নিয়ে। আসলে স্টাইলিস্টের ভাবনাকে বাস্তবে রূপ দিতে পাঁচটা আলাদা আলাদা দল কাজ করেছে।
ফারনাজ বললেন, ‘মডেলকে আমার দারুণ লেগেছে। তাঁর ত্বক বলতে হবে অসাধারণ। এই মডেলের সঙ্গে ভবিষ্যতে আরও কাজ করতে চাই। এসব শুটে একটু টেনশন থাকে। তবে কাজ করতে করতে মনেই হয়নি যে তিনি প্রথম এই ধরনের কোনো কাজ করছেন।’
এই শুট দারুণ এক অভিজ্ঞতা জানালেন ফারনাজ আলম। বললেন, এখানে সবকিছুই আগে থেকেই পরিকল্পনা করা থাকে। একটা শৃঙ্খলা থাকে। সবাই যাঁর যাঁর কাজ করে দেন। এই কাজ করার আগে কয়েকটা ফ্যাশন শোতে কাজ করেছেন ফারনাজ। সেই সূত্র ধরেই একটি এজেন্সি থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়।
এই শুট নিয়ে ফারনাজ বলেছেন, ‘প্রথমত আমি বাংলাদেশি। আমরা বিভিন্ন সময়ে দেখেছি অন্যরা কাজ করে। সেখানে আমি কাজ করেছি। আমি আমার দেশের প্রতিনিধিত্ব করেছি। দ্বিতীয়ত, আমি আমার নিজের ‘কণা’ ব্র্যান্ডের প্রসাধনী পণ্য দিয়ে কাজ করেছি। আমি বাংলাদেশ এবং বাংলাদেশের ব্র্যান্ডকে তুলে ধরতে সক্ষম হয়েছি। এই পণ্য দিয়ে আমি দেশের তারকাদেরও সাজিয়েছি। কিন্তু এবার আন্তর্জাতিক একটি ম্যাগাজিনের জন্য কাজ করলাম।