বিয়ে উৎসবে নিমন্ত্রণ

বিয়ের আনুষ্ঠানিকতা হয়তো দু-এক দিনের, কিন্তু প্রস্তুতিটা অনেক আগের। নিজের বা আপনজনের বিয়ের এই সাধের পরিকল্পনা এগোয় অনেক যত্নে। শাড়িটা কোন রঙের হবে, এ শাড়ির সঙ্গে বরের শেরওয়ানিটা মানাবে কি না—এমন শত প্রশ্নে হাজার গবেষণা।
নিজের বিয়েতে সাধ্যের মধ্যে সবচেয়ে ভালোটা করার সাধ সবারই থাকে। অতিথিদের খাবারটায় আর ভালো কী করা যায়, অনুষ্ঠানস্থলের সাজগোজেও কত কী করার আছে, বিয়ের ছবিটা কেমন হলে ভালো হয়—বিয়ের এমন নানান অনুষঙ্গ নিয়ে আয়োজিত হচ্ছে বিয়ে উৎসব। ৯ ডিসেম্বর মঙ্গলবার ঢাকার সোনারগাঁও হোটেলের বলরুমে এ উৎসবের আয়োজন করছে প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশা এবং ইউনিলিভারের ব্র্যান্ড পন্ডস।
‘বিয়ের বাজার দেশেই’, এমন ভাবনা নিয়ে পন্ডস-নকশা বিয়ে উৎসবের এ আয়োজন সবার জন্য খোলা থাকবে বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
বিয়ের পোশাক, গয়না, খাবার, সাজ, আলোকচিত্র, গাড়ি ও মঞ্চসজ্জা, দাওয়াতপত্র, গান, গায়েহলুদ, মধুচন্দ্রিমায় বেড়ানো ইত্যাদি বিয়ের প্রচলিত নানান অনুষঙ্গ নিয়েই সাজবে বিয়ে উৎসব। এসব অনুষঙ্গের নমুনা নিয়ে উৎসবে উপস্থিত থাকবে সেরা দেশি ব্র্যান্ড, প্রতিষ্ঠান, ঐতিহ্য আর বিশেষজ্ঞরা। হাল ডিজাইনের পোশাক আর গয়নার দেখা যেমন মিলবে, পাওয়া যাবে দেশসেরা রূপবিশেষজ্ঞ কিংবা আলোকচিত্রীর পরামর্শও। দেখা মিলবে বিয়ের অনুষঙ্গ নিয়ে কাজ করছেন এমন বিশেষজ্ঞ ও পেশাজীবীদের। নানা প্রতিযোগিতায় তাৎক্ষণিক অংশগ্রহণে পুরস্কার জেতার সুযোগও থাকবে এখানে। বিয়েটা নিজের কিংবা আপনজনের, এই শীতেই যাঁদের বিয়ে কিংবা হয়তো বিয়ের পরিকল্পনা শুরু করেছেন তাঁরা সবাই আসতে পারেন বিয়ে উৎসবে।