
ফ্যাশনে ‘কোন দল’
কোন্দলই বটে। সবচেয়ে ফ্যাশনেবল ব্যক্তি নন, বরং সবচেয়ে জমকালো দল নিয়ে মাতামাতির কমতি হয়নি এ বছর। টেইলর সুইফটের ফ্যাশনেবল বান্ধবীদের দল নিয়ে হ্যাশট্যাগ স্কোয়াড গোলের খবর জানেন তো অনেকেই, যার দলে ছিলেন গিগি হাদিদ, সেলেনা গোমেজের মতো তারকারা। তাকেই আবার টেক্কা দেওয়ার চেষ্টায় মরিয়া ছিলেন রিকোর্ডো টিসি, কেটি পেরি, অলিভিয়ের রাসটেইন আর মডেলদের নতুন দল দ্য ব্যাড গার্লস ক্লাব অন মডেলিং। তবে বছর শেষে জিতেছেন টেইলরই।
সূত্র: ভোগ
মানব ব্যাকপ্যাক
এ বছরের প্যারিস ফ্যাশন উইকে সবচেয়ে আলোচিত ছিল মার্কিন ফ্যাশন ডিজাইনার রিক ওয়েনের মানব ব্যাকপ্যাক। ছেলে মডেলদের পিঠে ঝুলিয়ে, আর মেয়ে মডেলদের সামনে বেঁধে অনায়াসে মডেলরা ক্যাট ওয়াক করে গেছেন রানওয়েতে। রিকের যুক্তি ছিল, তাঁর পোশাকের ডিজাইনে ছেলেদের উদ্দামতা আর মেয়েদের মাতৃত্ববোধ দেখাতেই তাঁর এই নমুনা। যদিও বেচারার কপালে সারা বছর নিন্দা ছাড়া আর কিছুই জোটেনি!
সূত্র: হার্পারস বাজার

আহা! সেলেনাও!
মাইলি সাইরাসের পথ ধরেই ফ্যাশনেবল হয়ে ওঠার বদলে বিগড়ে যাওয়ার মেয়ের খেতাব পেলেন আরেক ডিজনি তারকা সেলেনা গোমেজ। এ বছরই ভি ম্যাগাজিনের প্রচ্ছদের সেলেনার অসংযত পোশাক আর লুক মেনে নিতে পারছেন না অসংখ্য ভক্ত। মিষ্টি সেলেনার ফ্যাশনেবল হয়ে ওঠার এই অপপ্রয়াসকে অনেকেই এখনো ইঁচড়ে পাকামো হিসেবেই দেখছেন!
সূত্র: হাইস্নবিটি ডটকম

জাস্টিনের ট্যাটু
ফ্যাশন আলোচনার কেন্দ্রে ছিলেন সংগীততারকা জাস্টিন বিবারও। এ বছরই কেলভিন ক্লেইনের মডেল হিসেবে আবির্ভূত হন এ তারকা, সুঠাম দেহে ট্যাটুর বাহার নিয়ে। টক শোগুলোর আলোচনার কেন্দ্রে থাকলেও বিবারবিরোধীরা ইউটিউবে তাঁর শরীরে গ্রাফিকসের কারসাজি ছড়িয়ে দিতেও পিছপা হননি একটুও।
সূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড
গ্র্যান্ড প্যালেসের ক্যাফে
বলা হয় শ্যানেলকে শ্যানেল করে রাখতে একজন মানুষই যথেষ্ট। তিনি কার্ল লেগারফেল্ড। আপনি কি জানেন ফ্যাশন শোয়ের ব্যাকড্রপ তৈরিতে এখনো শ্যানেল পুরোধা কার্ল লেগারফেল্ডকে টেক্কা দিতে পারেনি কেউ? এ বছরের ফ্যাশন শোগুলোর আলোচনায় সবার মুখে মুখে ছিল প্যারিসের প্রদর্শনীকেন্দ্র গ্র্যান্ড প্যালেসের নাম। কার্ল ওটাকে শোয়ের সুবাদে পাল্টে দিয়েছিলেন একটি ক্যাফেতে, আর মডেলরা সেজেছিলেন ওয়েট্রেস ও খদ্দেরদের মতো।
সূত্র: ডব্লিউডব্লিউডি
বিবর্তিতদের বছর
সত্যি, বিবর্তিত লিঙ্গের মানুষ উঠে আসছেন আন্তর্জাতিক মডেলদের কাতারে। এ বছর সবচেয়ে আলোচিত খবর গুলির এটি ছিল অন্যতম। তাদের প্রতিনিধি হিসেবে লেভারনি কক্স যেমন মাতিয়েছেন রেড কার্পেট, ক্যাটলিন জেনারও সেজেছেন ভ্যানিটি ফেয়ারের মতো নামী ম্যাগাজিনের কভার সুন্দরী হিসেবে।
সূত্র: ডব্লিউডব্লিউডি

স্থূলকায়দের জয়জয়কার
বছরের শেষ দিকে শুরু হলেও আগামী বছর ফ্যাশন আর বিউটির ছবিজুড়ে থাকবেন অপেক্ষাকৃত বেশি ওজন—এমন মডেলরা। লেন ব্র্যান্টের ‘প্লাস ইজ ইক্যুয়াল’ প্রচারণা থেকে শুরু হওয়া এ আন্দোলন পৌঁছেছে ‘প্রজেক্ট রানওয়ে’ পর্যন্ত। মডেলদের শুকনো হওয়ার প্রবণতা নিয়েও শুরু হয়েছে আলোচনা। সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল