বিশ্বজুড়ে ফ্যাশন

বিপাশা বসুর বিয়েতে...
ভারতের মুম্বাইয়ের সাউথ মুম্বাই হোটেলে সম্প্রতি করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ে হলো কলকাতার মেয়ে বিপাশা বসুর। নব দম্পতির আমন্ত্রণে হাজির হওয়া বলিউড তারকাদের পদচারণে বিয়ের বিবাহোত্তর সংবর্ধনা রূপ নিয়েছিল ফ্যাশন মেলায়। বলিউড তারকারা সেদিন কেমন সাজপোশাকে এসেছিলেন, তা দেখুন এখানে
বিপাশা সোনালি গাউন
বিয়ের মণ্ডপে পরেছিলেন সব্যসাচী হাজরার টুকটুকে লাল লেহেঙ্গা। সাতপাকের পাট সেরে বিপাশা পরে নিয়েছিলেন সব্যসাচীরই কাজ করা আরেকটি সাদা সোনালি লেহেঙ্গা। কোমরের পাতলা বেল্টে আঁটা সাদা দোপাট্টায় সুন্দর বৈপরীত৵ এনেেছ সোনালি সবুজ পাথরের মালা। বর করণের সাদা স্যুট আর কালো বো টাইকে এককথায় বলতে হয় ক্লাসিক।

নেহা ধুপিয়া ও দিয়া মির্জা
চলতি বছরের রং আর মোটিফের ধারা বুঝতে নেহা আর দিয়া মির্জার দিকে তাকালেই চলবে আপনার। হালকা রঙের শেডের সূত্র মেনে ম্যাট সিলভার রঙের ফুলহাতা, মেঝে ছোঁয়া পোশাক পরেছিলেন দিয়া মির্জা। নেহার সোনালি সিক্যুইনের কাজ করা টপ আর সাদা স্কার্টও জমকালো ভাব নিয়ে এসেছিল সাজসজ্জায়।

প্রীতি জিনতা
গালের টোল ফেলা হাসিতেই সবার মন জয় করে ফেলেছেন অনেক আগে। সেই কোমল রূপেই হাজির হয়েছিলেন প্রীতি জিনতা। পরনে ছিল মিষ্টি গোলাপি আর পিচ রঙের মিশেলের সিনথেটিক শাড়ি। জমিনজুড়ে ছিল হাজারবুটির কাজ।

মালাইকা আরোরা খান
আকাশি নীলের হালকা জর্জেট লেহেঙ্গা। তার রুপালি সুতার এমব্রয়ডারি, একটু ভারী পাড়। ওড়নাটা একপাশে কুঁচি করে ছেড়ে দেওয়া। গলায় ভারী সাদা সোনালি কুন্দন ও মুক্তার কাজের মালা। ছিমছাম মালাইকাকে এইটুকুতেই লাগছিল রানির মতো।

ঐশ্বরিয়া রাই বচ্চন
কালোর সঙ্গে লাল পাইপিংয়ের শেরওয়ানিতে অভিষেক। তাঁর বাহুবন্দী ঝলমলে ঐশ্বরিয়া। ডবল লেয়ারের গাউনটির কালো লম্বা কটির অংশে ছিল বর্ণিল ফুলেল কাজ, ভেতরে উজ্জ্বল সোনালি রঙে ভারী মখমলের কুঁচি। অতিথিদের আলোচনায় ছিল তাঁর পোশাক।
লেখা: খাদিজা ফাল্গুনী
সূত্র ও ছবি: এএফপি, বলিউড মাসালা, বলিউড ডটকম ও টাইমস অব ইন্ডিয়া