বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অবশেষে সাশা
কমেডিতে তাঁকে মানা হয় চার্লি চ্যাপলিনের উত্তরসূরি বলে। কিন্তু ফ্যাশনেবল বলে আজ পর্যন্ত মার্কিন অভিনেতা সাশা ব্যারন কোহেনকে মেনে নেওয়া বেশ কঠিন ছিল। রাতারাতি সেই অসম্ভবকেই পাল্টে দিলেন সম্ভবে। অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস সিনেমার প্রিমিয়ারে সাশা পরে এলেন রয়্যাল ব্লু কেনজো স্যুট, বাদামি জুতা, ম্যাচ করা টাই আর হাতে মন্টব্লাংকের ঘড়ি। সূত্র: জিকিউ

.
.

সেই চেনা পোশাকে
রাজকুমারীরা নাকি একবার পরেই ফেলে দেন তাঁদের পোশাক? সে কাপড় তবে যায় কোথায়? ডাচেস অব কেমব্রিজ কেট দেখিয়ে দিলেন সেটা। পোশাক যদি হয় আলেক্সান্ডার ম্যাককুইনের মতো ব্র্যান্ডের, তবে সেটা তুলেই রাখেন তাঁরা। সম্প্রতি গার্ডেন পার্টিতে যে ঝালর দেওয়া জামাটি পরেছেন, সেটা আরেকবার পরেছিলেন ছেলে প্রিন্স জর্জের নামকরণের দিনে।
সূত্র: ডেইলি মেইল­

.
.

হলিউডি বাতাস
প্রথম হলিউডি সিনেমা কিংবা ভিন ডিজেল, কার প্রভাব পড়েছে আসলে দীপিকার ওপরে? সে যা-ই হোক, দীপিকা পাড়ুকোনের সাম্প্রতিক স্টাইলের পরিবর্তন বেশ প্রশংসা কুড়াচ্ছে বলিউডে। কিছুদিন আগেই দীপিকা ক্যামেরাবন্দী হলেন পুরোদস্তুর চামড়াজাত পোশাকে। টেনে বাঁধা চুলের সঙ্গে শুধু লাল লিপস্টিক। আর কী লাগে?
সূত্র: মাসালা ডটকম

.
.

শাবাশ এমা

হ্যারি পটার তারকা এমা ওয়াটসন নিজের গোছানো জীবন আর ভাবনার জন্য আগে থেকেই প্রশংসিত। ২০১৬ সালের মেট গালা অনুষ্ঠানে সেই এমাকে নিয়েই গুঞ্জন। তারকাদের পরতে বলা হয়েছিল সাম্প্রতিক প্রযুক্তি ফুটিয়ে তোলে এমন পোশাক। সেখানে এমা পরে এলেন কেলভিন ক্লেইনের তৈরি পুরোদস্তুর পার্টি গাউন। পরে দেখা গেল তাঁর পুরোটাই তৈরি স্বচ্ছ প্লাস্টিকের সুতায়। সবগুলো ক্যামেরার লেন্স ছিল শুধুই এমার দিকে।

সূত্র: হলিউড গসিপ

.
.

শ্রদ্ধার চেক
ঐশ্বরিয়া, সোনাম কাপুর, জ্যাকলিন যখন আন্তর্জাতিক রেড কার্পেট মাতাচ্ছেন, শ্রদ্ধা কাপুর দেশ মাতাচ্ছেন দেশি ধাঁচে। সবচেয়ে স্টাইলিশ তারকাদের নিয়ে আয়োজিত একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে শ্রদ্ধা পরেছিলেন দিওরের তৈরি একটি চেক টপ, সঙ্গে খাটো প্যান্ট। গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি। ঠিক যেন পাশের বাড়ির মেয়েটি।
সূত্র: মিস মালিনী
গ্রন্থনা: খা​দিজা ফাল্গুনী