বিশ্বজুড়ে ফ্যাশন

তাঁত নিয়ে
শুধু ফ্যাশন নয়, বুননের পেছনের শিল্পীদের নিয়েও জোর কাজ চলছে ভারতে। কিছুদিন আগেই রাজধানী দিল্লিতে হয়ে গেল ভারতের বিভিন্ন প্রান্তে থাকা তাঁতি আর তাঁতে বোনা কাপড়ের একটি জমকালো বুনন মেলা। বলিউডের নামী তারকারা তাতে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করলেন। ভারতের বৈচিত্র্যময় শাড়ির বুনন দেখা যায় তারকাদের পরনে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আবারও জিজেল
সাবেক ভিক্টোরিয়া’স সিক্রেট অ্যাঞ্জেল এবং সুপার মডেল জিজেল বুন্ডসেনকে এবার দেখা যাবে টিভির পর্দায়। বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড শ্যানেল শুরু করতে যাচ্ছে তাঁর সৌন্দর্যবিষয়ক প্রথম টিভি অনুষ্ঠান। সেখানে জিজেলকে তাঁর ভক্তরা দেখতে পাবেন নতুন রূপে।
সূত্র: হার্পার্স বাজার

এখনো টাইটানিক
টাইটানিক ছবির স্মৃতি এখনো আবেগাপ্লুত করে সংগীততারকা সেলিন ডিওনকে। নিজের গাওয়া বিখ্যাত গানটির চেয়েও নাকি তাঁর বেশি ভালো লাগে জ্যাক আর রোজকে। তাই বুঝি কিছুদিন আগে তাঁকে দেখা গেল টাইটানিকের সেই বিখ্যাত পোস্টারের জলছাপ তোলা পুরোনো টি-শার্টে। টাইটানিকের প্রিমিয়ার পার্টি উপলক্ষে তৈরি হওয়া দুর্লভ কিছু টি-শার্টের একটি ছিল এটি। সূত্র: পপসুগার ফ্যাশন

সেই হেয়ারব্যান্ড!
শুধু ফ্যাশন নয়, ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের সুন্দর চুল নিয়েও মাতামাতির শেষ নেই ব্রিটিশ পত্রিকাগুলোর। সম্প্রতি ছোট্ট রাজকুমারের জন্মদিনের উপহার হিসেবে এয়ার শো দেখতে পুত্র আর পতির সঙ্গে এসেছিলেন কেটও। কাঁধ ছাপানো চুলগুলো পেছনে ঠেলে রেখেছিলেন সাধারণ একটি ব্যান্ডে। ধারণা করা হচ্ছে, তাঁর মাধ্যমেই ছোটবেলার সেই হেয়ারব্যান্ডের ফ্যাশনে প্রাণ ফিরবে এবার। সূত্র: ইয়াহু

ভাবগম্ভীর
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান ব্যক্তিগত জীবনে সাধারণ পোশাক পরতেই পছন্দ করেন বলে জানে সবাই। তবে যেদিন তাঁর মেজাজ ভালো থাকে, সেদিন তাঁর লুকটাও হয়ে ওঠে অন্য রকম। ২ জুলাই জিকিউ ম্যাগাজিনের একটি অনুষ্ঠানে আমির বেছে নিয়েছিলেন ছেলেদের ক্লাসিক নার্ডি বা চশমা পরা ভাবগম্ভীর লুক। সন্ধ্যাকালীন স্যুটে আর ভারী চশমায় আমিরকে লাগছিলও বেশ। সূত্র: বলিওয়ান নিউজ

রঙের জোড়
ভদ্রতম ব্রিটিশ অভিনেতা বলে খ্যাত টম হিডলস্টোনকে বিশ্ব চেনে লোকি নামে। অ্যাভেঞ্জার সিরিজের থরের ভাই লোকি কাম টম পর্দায় যেমন ফিটফাট, বাস্তবেও তাই। তাঁর ফ্যাশনের আরেকটি মজার দিক হলো, যেখানেই যান না কেন, বন্ধুর সঙ্গে ম্যাচ করে পোশাক পরতে পছন্দ করেন। কিছুদিন আগে তেমনি এক মুহূর্তে টেইলর সুইফটের সঙ্গে ক্যামেরায় ধরা পড়লেন টম হিডলস্টোন। সূত্র: ইয়াহু

সাদামাটায় ঝলমলে
আনুষ্ঠানিকতা মানেই মেকআপের আবরণ নয়। বরং উজ্জ্বল লিপস্টিক আর মাসকারাই ভালো। সম্প্রতি ইতালীয় ব্র্যান্ড ফেন্দির ৯০ বছর পূর্তির পার্টিতে সুপার মডেল কেন্ডাল জেনারকে যাঁরা দেখেছেন, তাঁদের এ কথা মানতেই হবে। ঠোঁটে উজ্জ্বল লাল লিপস্টিক আর হালকা মাসকারাতেই কেন্ডালকে লাগছিল পরির মতো। সূত্র: দ্য টেলিগ্রাফ

ভূষণে অনন্যা
ভারতের নামী ফ্যাশন ব্র্যান্ডগুলো এখন দীপিকা পাড়ুকোনকে পেতে লাইন দিচ্ছে সমানে। সম্প্রতি তেমনই একটি গয়নার ব্র্যান্ডের দূত হলেন দীপিকা পাড়ুকোন। ওই গয়নায় দীপিকার সাহসী ফটোশ্যুট এর মাঝেই সাড়া ফেলে দিয়েছে চারদিকে। সূত্র: মাসালা ডট কম
গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী