বিশ্বজুড়ে ফ্যাশন

ভোগে ক্যানডল
বিশ্বখ্যাত ফ্যাশন সাময়িকীর প্রচ্ছদে নিজের ছবি দেখার স্বপ্ন দেখেন না, এমন কোনো মডেল নেই। মার্কিন মডেল ও টেলিভিশন স্টার ক্যানডল জেনারের সেই স্বপ্ন পূরণ হয়েছে। ভোগ ম্যাগাজিনের আসছে সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদ মডেল হয়েছেন ২০ বছর বয়সী এই তরুণী। সূত্র: ডেইলি মেইল অনলাইন

ডাফি ডাক রণবীর
আন্তর্জাতিক ব্র্যান্ড এইচঅ্যান্ডএমের আরেকটি শাখার উদ্বোধন হয়ে গেল ভারতের মুম্বাই শহরে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ক্যাজুয়াল স্টাইলেই এসেছিলেন। কার্টুন আঁকা সোয়েটারটি ইতিমধ্যেই ফ্যাশন-বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে। পায়ের সাদা জুতা জোড়াও তরুণদের বর্তমান স্টাইলকেই ইঙ্গিত করছে।
সূত্র: বলিউড লাইফ ডটকম

খবর পরিবেশনে স্টাইল
গিয়েছেন অলিম্পিকের খবর সংগ্রহ করতে কিন্তু সংবাদ পরিবেশনার সময় পরে থাকা পোশাকগুলোর কারণেই আলোচনায় চলে এসেছেন ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) স্পোর্টসের সাংবাদিক হেলেন স্কেলটন। নিত্যদিন স্টাইলিশ পোশাক পরে দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছেন। এ নিয়ে নিন্দা ও প্রশংসা দুটোই পাচ্ছেন। লম্বা গলার ছোট এই নীল পোশাকের ওপর কালো ঝলমলে লেসে তাঁকে ফ্যাশন আইকনের মতোই লাগছে। এর আগে সাদা লেসের মিনি ড্রেস পরে উপস্থিত হয়েছিলেন তিনি।
সূত্র: দ্য টেলিগ্রাফ

সাধারণ গাগা
সাধারণ পোশাক পরেও আলোচনায় আসা যায়? লেডি গাগা হলে তো উত্তরটা অবশ্যই হ্যাঁ। কারণ, নানা ধরনের অদ্ভূত পোশাক পরে আলোচনার জন্ম দেওয়া লেডি এবার সেসব থেকে ছুটি নিচ্ছেন। এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি কালচে প্যান্ট আর ব্লেজারে ছিমছাম এক পোশাকে দেখা গেছে গাগাকে। আলোচনা অবশ্য দানা বেঁধেছে আরও আগে থেকে। অস্কারের মঞ্চে তাঁর বার্ডন ম্যাক্সওয়েলের জাম্প স্যুট বা ক্যারোলিনা হেরেরার মেঝে ছোঁয়া গাউনের সঙ্গে জেভিটসের হ্যাট পরে জনসমক্ষে আসার পর। ঘন ঘন সাধারণ পোশাকে দেখা যাওয়ায় তাই এত কৌতূহল লেডি গাগাকে নিয়ে।
সূত্র: ভোগ
গ্রন্থনা: ফারজানা ফাহ্মি