বিশ্বজুড়ে ফ্যাশন

ম্যাচিং মোজা!
বিভিন্ন সময় তারকা জুটিদের মেলানো (ম্যাচিং) পোশাকে দেখা যায়। একই ধরনের রোদচশমা, জুতা, ঘড়িও পরেন অনেকে। সেই ধারায় এবার যুক্ত হলো নতুন জুটি অরল্যান্ডো ব্লুম ও কেটি পেরি। এই জুটি বর্তমানে আছেন সাংহাই ডিজনি রিসোর্টে। সেখান থেকেই কেটি পেরি দুজনের পায়ের একটি ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। যেখানে দুজনে মিলে পরেছিলেন মিকি মাউস ও মিনি মাউস মোজা। আর এই স্টাইলই এখন ভক্তদের নতুন কল্পনার জোগান দিচ্ছে।
সূত্র: ইনস্টাইল ডটকম

কমলার ধারায়
পুরো বলিউড যেন মজেছে কমলা রঙে। পোশাক থেকে ঠোঁটের রং—সবকিছুতেই কমলা বেছে নিচ্ছেন তারকারা। এরই মধ্যে একাধিক অনুষ্ঠানে কমলা রঙের পোশাকে দেখা গেছে মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা থেকে দক্ষিণের নায়িকা তামান্নাকেও। শুধু পোশাক নয়, ঠোঁটেও চাই কমলা। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, কঙ্গনা রনৌত, সোনম বা সোনাক্ষী কে মজেনি কমলা ঠোঁটের জাদুতে! আর এঁদের কারণেই ভারতে দুর্গাপূজার সময়ে এবার কমলা টেক্কা দেবে অন্য সব রংকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা

মেকআপ রহস্য ফাঁস
ভক্তদের ডাকে সাড়া দিয়েছেন জনপ্রিয় মডেল কিম কারদাশিয়ান। তাঁর মেকআপ কৌশল জানার জন্য অনেক দিন ধরেই ভক্তরা অনুরোধ করছিলেন। অবশেষে সেই মেকআপ কৌশলের একটি ভিডিও নিজের ওয়েবসাইট ও ইউটিউবে ছেড়েছেন কিম। প্রায় ১০ মিনিটের এই ভিডিওতে কিম নিজের মেকওভার করে দেখিয়েছেন ভক্তদের। সঙ্গে দিয়েছেন বেশ কিছু টিপস। সূত্র: এলে

ফ্যাশন সপ্তাহে আগাম আভাস
আগামী বছরের ফ্যাশনধারার আগাম আভাস পাওয়া শুরু হয়েছে। সম্প্রতি শেষ হলো নিউইয়র্ক ও লন্ডন ফ্যাশন উইক। চলছে মিলান ফ্যাশন উইক। সবখানেই আগামী বছরের পোশাক, ব্যাগ, গয়না, জুতা ও গয়না কেমন হবে—তার ইঙ্গিত দিয়েছেন ডিজাইনাররা। সেখানে নতুন নকশার পাশাপাশি ডিজাইনাররা পুরোনোকেও ফুটিয়ে তুলেছেন নতুন আঙ্গিকে। সূত্র: ভোগ অনলাইন

বুড়ো হাড়ে ভেলকি!
১৯ সেপ্টেম্বর টুইটারে একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। আর তাই নিয়েই শোরগোল পড়ে গেছে গোটা বলিউডে। ৭৩ বছর বয়সি এই অভিনেতা ছবিতে নীল-সোনালি চকমকা একটি পোশাকের ওপর পরেছেন নানা ধরনের গয়না। সাদা লম্বা চুল আর মাথায় পেঁচানো রঙিন স্কার্ফ। টাটা স্কাইয়ের নতুন বিজ্ঞাপনের জন্যই তার এই সাজ। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন—মাই নিউ লুক, বাদুম্বা। সাজের পাশাপাশি ‘বাদুম্বা’র উত্তর খোঁজার মিশন চলছে ছবির নীচে রিটুইটে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
গ্রন্থনা: হাসান ইমাম