বিশ্বজুড়ে ফ্যাশন

ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদে পিয়া!
ফ্যাশন সাময়িকী ভোগ ইন্ডিয়ার চলতি সংখ্যার প্রচ্ছদে মডেল হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। ভারতের এই সাময়িকী নবম বর্ষপূর্তির বিশেষ সংখ্যা হিসেবে সার্কভুক্ত ছয়টি দেশের ছয়জন জনপ্রিয় মডেলকে বেছে নেয় প্রচ্ছদের জন্য। সেখানেই বাংলাদেশ থেকে পিয়াকে ডাকে তারা। পিয়ার সঙ্গে প্রচ্ছদে আরও আছেন ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের একজন করে মডেল। প্রচ্ছদের ছবিতে হালকা গোলাপি রঙের একটি জাম্পস্যুট পরেছেন পিয়া। ফটোশুটে অংশ নিতে গত আগস্টে মুম্বাই যান পিয়া। সেখানে মেহবুব স্টুডিওতে আলোকচিত্রী ভারত শিখার ক্যামেরার সামনে পোজ দেন ফটোশুটে। সেখানে পিয়ার হেয়ার স্টাইল করেছেন প্যারিসের বিখ্যাত ফ্যাশন আইকন সাইরিল। ম্যাগাজিনের প্রচ্ছদের মডেলদের নিয়ে এক প্রতিবেদনে পিয়া জানিয়েছেন, বলিউডের দীপিকা পাডুকোন তাঁর বিশেষ অনুপ্রেরণা। নিজের ক্যারিয়ারকে বিশ্বব্যাপী প্রসারিত করতে চান পিয়া। সূত্র: ভোগ ডটইন
ভোগে বাংলাদেশের রূপচর্চা
ভোগে আরেকটি প্রতিবেদনে লা বেলা বিউটি স্যালনের স্বত্বাধিকারী সাদিয়া মঈন বাংলাদেশের মেকআপ ধারা নিয়ে বলেছেন। মেয়েদের চুল নিয়ে পরিচর্যা ও বিয়ের মেকআপের চিত্র তুলে ধরেছেন লেখাটিতে। তিনি বলেন, ‘ভোগের এই সংখ্যাটিতে বাংলাদেশকে বিশেষভাবে যুক্ত করা হয়েছে। এটা ভালো লেগেছে।’

ভোগ ইন্ডিয়ায় বাংলাদেশি ডিজাইনার
ভোগ ইন্ডিয়ার নবম প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যায় আছেন একজন বাংলাদেশি ডিজাইনারও। তিনি ফ্যাশন হাউস আনোখির ডিজাইনার ও স্বত্বাধিকারী হুমায়রা খান। ভোগ ইন্ডিয়ার বিশেষ এই সংখ্যার জন্য দক্ষিণ এশিয়ার সাতটি দেশের সাতজন ডিজাইনারকে বেছে নেওয়া হয়েছিল। এই সাতজন মিলে তৈরি করেছেন একটি পোশাক। ‘ট্র্যাভেলিং জ্যাকেট’ নামের এই পোশাকের একপাশে জামদানি ও খাদি কাপড় দিয়ে নকশা করেছেন হুমায়রা। ব্যবহার করে আয়নাও। জ্যাকেটে বাংলায় জুড়ে দিয়েছেন দুটি শব্দও—মানবতাই ভালোবাসা। হুমায়রা খান বলেন, ‘আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী কাপড় হিসেবে জামদানি ও খাদি ব্যবহার করেছি। এ ছাড়া এই কাজের সময়টাতে গুলশানের হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। তাই আমাকে যখন কিছু লিখতে বলা হলো, আমি এই দুটি শব্দই খুঁজে পেলাম।’ ম্যাগাজিনে হুমায়রা খানের ছবিসহ একটি প্রতিবেদনও ছাপা হয়েছে।

আবারও আনুশকা!
জনপ্রিয় ম্যাগাজিন এলের ভারতীয় সংস্করণের প্রচ্ছদ হলেন আনুশকা শর্মা। সব্যসাচী মুখার্জির পোশাক ও স্টাইলে ভারতীয় ও ইউরোপীয় চেহারায় লুকে আনুশকা শর্মার ফটোশুটের একটি ছবি নিজেই ইন্টারনেটে দিয়েছেন ডিজাইনার। স্কোরাল এমব্রয়ডারির কালো স্কার্ট, চেক ফুলহাতা টপ, গলায় রাজস্তানি হার। ম্যাগাজিনের মূল রচনাও এই অভিনেত্রীকে নিয়ে। সূত্র: এলে ইন্ডিয়া

আইফোন কভার
শুধু ফ্যাশনেবল পোশাক-আশাক আর মেকআপই না, স্টাইল হোক মুঠোফোনের কভারেও। প্রথমবারের মতো লুই ভুইতো এনেছে ফোন কভার। সেটাই রানওয়েতে দেখালেন নিকোলাস জেসকুইরের ক্রিয়েটিভ ডিরেক্টর। প্রদর্শনের পর বললেন, মুঠোফোন এমন একটি জিনিস, যা সব সময়ই আমাদের হাতে থাকে। তাহলে ফোন কেন লাক্সারি সাজে সাজাব না? যেকোনো সময়ের পোশাকের সঙ্গে মানিয়ে যাবে এই কভার। সূত্র: টিন ভোগ
গ্রন্থনা: ফারজানা ফাহ্মি