বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বালেনসিয়াগায় ভারতীয় মডেল
ইউরোপের জনপ্রিয় ও অভিজাত ফ্যাশন হাউস বালেনসিয়াগা। এই হাউসের মডেল হওয়ার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের জনপ্রিয় মডেলরা। এবার সেখানেই বাজিমাত করলেন এক ভারত-কন্যা। প্রথম ভারতীয় মডেল হিসেবে বালেনসিয়াগার এসএস১৭-এর মঞ্চ মাতালেন ব্যাঙ্গালুরুর মেয়ে রাধিকা নায়ার। রানওয়েতে তাঁকে দেখা গেল উঁচু গলার স্কিনটাইট টপের সঙ্গে স্কার্ট ও লেগিংস। পোশাকজুড়েই কালো, তার ওপর ফুলেল নকশা। পায়ের জুতাতেও ফুলের ছাপ। সূত্র: এলে ইউকে
ভোগ ইন্ডিয়ায় ঢাকার জীবনযাত্রা
ভোগ ইন্ডিয়ার অক্টোবর সংখ্যায় প্রচ্ছদ থেকে ভেতরের বিভিন্ন প্রতিবেদনে যুক্ত আছেন বাংলাদেশিরা। নকশায় ১১ অক্টোবর সংখ্যার পর এবার আরও কয়েকজনের প্রসঙ্গ থাকছে এখানে। বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার ও চিত্রশিল্পী আনিলা হক ভোগ ইন্ডিয়ার অক্টোবর সংখ্যায় লিখেছেন বাংলাদেশ নিয়ে। ‘ইনসাইডার আউট’ শিরোনামে ঢাকায় বেড়াতে এলে যেসব জায়গা ঘুরবেন, খেতে, কেনাকাটা করতে ও যাঁদের গান শুনতে পারেন, তার একটা তালিকা দিয়েছেন। অর্ণব ও হাবিবের গান, হাজি ও স্টারের বিরিয়ানি, কস্তুরির খাবার, ঢাকাই জামদানি শাড়ি, শম্ভু আচার্যের ফোক পেইন্ট থেকে নিউমার্কেটের বইয়ের দোকান জিনাত বা চাঁদনি চকের গজ কাপড়—সবই লিখেছেন আনিলা হক।

.
.


এ ছাড়া ভোগ ইন্ডিয়ার চলতি সংখ্যায় বাংলাদেশের জীবনযাপনের বিভিন্ন ফিচারে যুক্ত ছিলেন ডিজাইনার বিবি রাসেল, ফারসিদ মাহমুদ, আলোকচিত্রী শহিদুল আলম, বেসরকারি সংস্থা বহ্নিশিখার উদ্যোক্তা তাসাফি হোসাইন, শিল্পী আয়েশা সুলতানা, চিত্রশিল্পী রানা বেগম, শরিফা ইয়াসমীন কবির। পোশাকের ব্র্যান্ড আড়ং, অরন্য, বাংলাদেশি চলচ্চিত্র মাটির ময়না ও অবসরযাপন কেন্দ্র দুসাই রিসোর্টের কথাও উল্লেখ আছে। এই সংখ্যায় বাংলাদেশের পুরো অংশের সূত্রধর (অ্যাডভাইজার) ছিলেন লেখক সাজিয়া ওমর ও শিল্প সংগ্রাহক নাদিয়া সামদানি। কৃতজ্ঞতা জানানো হয়েছে তাঁদেরও।
সূত্র: ভোগ ইন্ডিয়া, অক্টোবর ২০১৬ সংখ্যা
নকশা ডেস্ক