বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলানিয়া
মেলানিয়া

মেলানিয়ার শুরু
হোয়াইট হাউসে এখনো পা পড়েনি, তার আগেই ফ্যাশন পত্রিকাগুলোর শিরোনামে চলে এসেছেন সদ্যই নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এককালে মডেল ছিলেন, এখনো তার ছাপ রয়ে গেছে তাঁর সপ্রতিভ চলনে-বলনে। নির্বাচনের রাতে পরা সাদা জাম্পস্যুটটির বর্ণনা ফিরছে সবার মুখে মুখে। আমেরিকান ফ্যাশন ডিজাইনার র‌্যালফ লরেনের করা জাম্পস্যুটটি তৈরি হয়েছে বিশেষ ইতালীয় সিল্কে। একপরতে ঝোলানো এক হাতার এ পোশাকটির দাম ৩ হাজার ৯৯০ ডলার। টাকার হিসাবে ৩ লাখ ৮ হাজার ২৪৮ টাকা মাত্র! সূত্র: ইউএস উইকলি

.
.

উঁচু ফ্যাশন
বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়াকে চুলবুলি ডাকার কারণটি যে যথার্থ, বোঝা গেল এবারের ২২তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে। সুপার চেইন শপ ম্যাডিসন থেকে ট্রেঞ্চ কোট আর অ্যালডো থেকে বাছা বারগান্ডি রঙের জুতোয় তাঁকে স্বতঃস্ফূর্ত দেখাচ্ছিল বেশ। কিন্তু যে অনুষ্ঠানে স্বয়ং শাহরুখ বাংলায় কথা বলে হইচই ফেলে দেন আর অমিতাভ হাজির হন উত্তরীয় পরে, সেখানে ‘হাই ফ্যাশন’ কতটা মানানসই তা নিয়ে কলকাতায় চলছে তোলপাড়। সূত্র: বক্স অফিস কালেকশন ডট ইন

.
.

উপস্থাপনায় ব্র্যাড
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পরে এই প্রথম ক্যামেরার সামনে এলেন ব্র্যাড পিট। মুনলাইট সিনেমার জন্য লস অ্যাঞ্জেলসে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থাপনা করতে। পাশে ছিলেন দীর্ঘদিনের বন্ধু জুলিয়া রবার্টস। দুজনেই পরেছিলেন কালো ব্লেজার, ব্র্যাড তাঁর সঙ্গে মিলিয়ে নিয়েছিলেন সাদা কালো চেকের একটি শার্ট। ছিমছাম ফ্রেঞ্চকাট আর সেই পরিচিত হাসিতে ব্র্যাডকে লাগছিল আগের মতোই। সতেজ আর সাবলীল। সূত্র: ইউএসএ টুডে

.
.

বাংলাদেশের পোশাক লস অ্যাঞ্জেলস ম্যাগাজিনে
দেশি ফ্যাশন হাউস এক্সট্যাসির নতুন ফ্যাশন লাইন জোআন অ্যাশ। এবার তাদের পোশাক দেখা যাবে আমেরিকার জনপ্রিয় লস অ্যাঞ্জেলস ম্যাগাজিনের (এলএ) ডিসেম্বর ২০১৬ সংখ্যার প্রচ্ছদে। এ ফটোশুটের জন্য মডেল হয়েছেন আমেরিকার সুপার মডেল ও গায়িকা ভ্যানেসা কারি। সম্প্রতি লস অ্যাঞ্জেলসের আলোকচিত্রী জনি পেনা এই ফটোশুট করেছেন। একই সঙ্গে জোআন অ্যাশের ডিজাইনার ও এক্সট্যাসির চেয়ারম্যান আসমা সুলতানার একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে ম্যাগাজিনের তরফ থেকে। ফটোশুটের জন্য জোআন অ্যাশ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিন, জামদানি ও কাতান কাপড়ের ওপর নকশা করা পশ্চিমা ধাঁচের পোশাক তৈরি করে দেওয়া হয়েছে। ১২ নভেম্বর মডেল ভ্যানেসা কারির ইনস্টাগ্রাম পেজেও জোআন অ্যাশকে হ্যাশট্যাগ করে একটি ছবি পোস্ট করতে দেখা গেছে। এক্সট্যাসির পক্ষ থেকে একটি ভয়েস মেইলে আমেরিকা থেকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানজিম হক। এ ছাড়া ৫ ও ৬ নভেম্বর হলিউডে একটি ফ্যাশন শোতে প্রদর্শিত হয় জোআন অ্যাশের পোশাক।

.
.

ভেলভেটের বুট
ঘষামাজায় নয়, পায়ের বুট এবার চকচক করবে কাপড়ের গুণে। যদি তা হয় ভেলভেটের তৈরি। এই জুতোই তো চলছে বিশ্বের নামী তারকাদের পায়ে চেপে। সেই জুন-জুলাই থেকে শুরু। এখনো টেইলর সুইফট, হেইলি বল্ডউইন, কেন্ডাল কিংবা গিগির মতো কেতাদুরস্ত তারকার পা থেকে নামেনি ভেলভেটের জুতো। শীত আসছে বলেই কী? কে জানে! সূত্র: ইউএস ম্যাগাজিন ডটকম