বিশ্বজুড়ে ফ্যাশন


প্যারিসে বাংলাদেশের নীল
কেয়ার এন্টারপ্রাইজ নামে সামাজিক উদ্যোগ হিসেবে শুরু হয়েছিল বাংলাদেশের ব্র্যান্ড লিভিং ব্লু। নীল রঙে রাঙানো কাপড়ে বিশেষ পদ্ধতিতে করা শিবুরি আর কাঁথাফোঁড়ের নকশা দিয়েই শুরু হয়েছিল পথচলা। সেই পথ এখন পৌঁছে গেছে ফ্যাশনের ‘রাজধানী’ প্যারিসে। কারিগরিতে শিখরে থাকা কাজ ও ব্র্যান্ডগুলোকে সর্বোচ্চ স্বীকৃতি দেয় মিইজুম দি এক্সম্পসুঁ, ইংরেজিতে যাকে বলা হয় হাউস অব এক্সপ্রেশন। এটি এমন একটি সিলমোহর, যা প্রতিবছর সারা বিশ্ব থেকে বেছে নেয় সেরাদের সেরা কারুপণ্য। ২০১৭ সালের ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মিইজুম দি এক্সম্পসুঁর আয়োজনে দেখা যাবে বাংলাদেশের লিভিং ব্লু ব্র্যান্ডের কাপড়। এই কাপড় দিয়ে পোশাক তৈরি করবেন ফরাসি ডিজাইনার অনে গুয়েরি। বিশ্ব ফ্যাশনে বাংলাদেশের দামামা দিয়েই তাহলে শুরু হতে যাচ্ছে আগামী বছর। নকশা প্রতিবেদক

আদুরে আব্রাম
ভক্তরা তাকে এখনই বসিয়েছে ভবিষ্যৎ বাদশার আসনে। বলছিলাম বলিউড বাদশা শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খানের কথা। সম্প্রতি তাকে দেখা গেল আরেক অভিনেত্রী আলিয়া ভাটের হাত ধরে হাঁটতে। আব্রামের পরনে ছিল ছাইরঙা খাকি প্যান্ট আর মিকি মাউস টি-শার্ট। পায়ের সাদা স্নিকার আর হাতের টুকটুকে লাল স্পাইডারম্যান পুতুল বেশ বুঝিয়ে দেয়, ভবিষ্যতে বয়স বুঝে পোশাক পরার অভ্যাস এখনই গড়ে উঠছে তার মাঝে। সূত্র: বলিউড ফ্যাশন

পুরো বিশ্বে এক ব্যাগ
ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচ্চি নিয়ে এল এমন একটি ব্যাগ, যা তুলে ধরবে প্রতিটি দেশকে। কীভাবে সম্ভব? ছাইরঙা কাপড়ে গাঢ় বাদামি জমিনেই দেশভেদে বদলে যাবে মোটিফ আর কারুকাজ। যেমন যুক্তরাষ্ট্রের বাজারে দেখা যাবে একটি গোলাপের সঙ্গে ব্লাইন্ড ফর লাভ কথাটি। আবার ইউরোপে ফুটে উঠবে ফুল আর মৌমাছি। একইভাবে ভারতে দেখা যাচ্ছে হাতি আর গোলাপের মোটিফ। গুচ্চি গার্ডেন শিরোনামের এই ব্যাগগুলো ইতিমধ্যে চলে এসেছে তাদের শোরুমে। সূত্র: গুচ্চি ডটকম

টিউবে শ্রদ্ধা
পোশাকের নাম টিউব ড্রেস, বুননটা গাঢ় সোনালি। একটু ভাঁজ খেলিয়ে সামনের অংশটা পরিপাটি পড়ে আছে হাঁটুর ওপরে। পায়ে কালো পাতলা হিল, হাতের ব্যাগটাও। সম্প্রতি এক ভারতীয় ধনকুবেরের আয়োজিত পার্টিতে এভাবেই হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সূত্র: মিস মালিনী ডটকম