বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লরিয়েলে সুজান সারাডন

সুজান সারাডন
সুজান সারাডন

নিজেকে তিনি পরিচয় দেন একজন অভিনেত্রী এবং মা হিসেবে। তার ওপরে অবশ্যই তিনি একজন সুখী মানুষ। অস্কারজয়ী অভিনয়শিল্পী সুজান সারাডনকেই লরিয়েল প্যারিস তাদের শুভেচ্ছাদূত করল এবার। ‘উইমেন অব ওয়র্থ’ প্রচারণার অংশ হিসেবে ৬৯ বছর বয়সী সুজানকে বেছে নেওয়ার কারণ হিসেবে লরিয়েলের গ্লোবাল প্রেসিডেন্ট সিরিল চাপুই বললেন, একজন সমর্থ ও প্রাণচঞ্চল মানুষ এবং গুণী অভিনেত্রী হওয়া ছাড়াও নিজেকে নিয়ন্ত্রণ করার দুর্লভ ক্ষমতা আছে তাঁর। ইতিমধ্যে সুজানকে নিয়ে ভিডিও শুটের কাজও সেরে ফেলেছেন তাঁরা। সূত্র: ডেইলি ফ্যাশন
ক্ষমা চাইল এইচ অ্যান্ড এম

এইচ অ্যান্ড এমের সেই শাল
এইচ অ্যান্ড এমের সেই শাল

এই মৌসুমের ট্রেন্ড মেনেই ক্রিম রঙের ওপরে কালো স্ট্রাইপ টেনে শাল বানিয়েছিল ফ্যাশন ব্র্যান্ড এইচ অ্যান্ড এম। কে জানত সেটা ইহুদি ধর্মাবলম্বীদের প্রার্থনার শাল ট্যালিটের মতো দেখাবে? সামাজিক মাধ্যমগুলো ঝড় বইয়ে দিল সমালোচনায়। এবং এইচ অ্যান্ড এম অবশেষে ক্ষমা চাইল। বলল, কোনো রাজনৈতিক বা ধর্মীয় প্রভাব নেই, এটি শুধুই মৌসুমের ট্রেন্ড মেনে করা। তারপরও কেউ আঘাত পেলে তারা ক্ষমাপ্রার্থী। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই শাল বাজার থেকে সরায়নি তারা, বিক্রিও চলছে দেদার। সূত্র: ভোগ ইউকে
চলে গেলেন আঁদ্রে করেগেস

নিজের নকশা করা পোশাকের মডেলদের সঙ্গে আঁদ্রে করেগেস
নিজের নকশা করা পোশাকের মডেলদের সঙ্গে আঁদ্রে করেগেস

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৈমানিক ছিলেন তিনি। সেই পেশা ছেড়ে ডিজাইনার হিসেবে কাজ করেছেন ব্যালেন্সিয়াগার মতো নন্দিত ব্র্যান্ডে। একসময় নিজের জন্য ডিজাইন করা শুরু করেন তিনি, আর তাতেই সূচনা হয় নতুন ফ্যাশন বিপ্লবের। আঁদ্রে করেগেসকে বলা হয় ষাটের দশকের আলোছায়ায় জ্যামিতিক ধাঁচের ফ্যাশনের বিপ্লবের জনক। মিনি স্কার্ট আবিষ্কারের পথিকৃৎও তিনি। ৭ জানুয়ারি প্যারিসে ৩০ বছর পারকিনসন রোগের সঙ্গে লড়াই করে ৯২ বছরের বর্ণিল জীবনাবসান হলো তাঁর।
সূত্র: ডব্লিউ ডব্লিউ ডি

কেন্ড্রিক ও রিবকের জোড়

কেন্ড্রিক ল্যামারের নকশা করা স্নিকার
কেন্ড্রিক ল্যামারের নকশা করা স্নিকার

গ্র্যামি জেতা র্যা প শিল্পী কেন্ড্রিক ল্যামারের সঙ্গে দ্বিতীয়বারের মতো জোড় বাঁধল রিবক, তাও স্নিকারে। এই স্নিকারে থাকছে দলগত সন্ত্রাসবিরোধী বার্তা। কেন্ড্রিকের ভক্তদের এই বার্তা পৌঁছে দিতে স্নিকারের এই কালেকশন আসবে জানুয়ারির ১৬ তারিখে।
সূত্র: ইয়াহু স্টাইল
লুই ভুটনে নয়া বন্ড গার্ল

লিয়া সেদু
লিয়া সেদু

হলিউডি প্রবাদ, বিশ্বখ্যাত কোনো ব্র্যান্ডের দূত না হলে নাকি হলিউডি নায়িকারা পূর্ণ নায়িকা হতে পারেন না। সত্যি কি মিথ্যা জানি না, তবে লিয়া সেদু যে সেই কোটা ভালোভাবেই পূর্ণ করেছেন, জানিয়ে দিল লুই ভুটন। লিয়াই লুই ভুটনের নতুন মুখ। এমনিতেই বছরের পর বছর রেড কার্পেটে লুই ভুটনের পোশাক পরে ভালোই উতরে গেছেন লিয়া। এবার তাদের স্টাইল আর স্ট্যাটাসও ফুটে উঠবে তাঁর লুকে। সূত্র: পিপল স্টাইল