বিশ্বজুড়ে ফ্যাশন

গয়নায় উজ্জ্বল রং
সুইস ব্র্যান্ড ব্যালির নতুন ক্যাম্পেইনের প্রচারমুখ হলেন সুপারমডেল ইরিনা শায়াক। আশির দশকের স্টাইল তুলে ধরা হয়েছে তাদের নতুন পোশাক আর অনুষঙ্গের সংগ্রহে। তাতে থাকছে সব ধরনের উজ্জ্বল রঙের খেলা। সূত্র: কুলস্পটারস।

আবারও ঐশ্বরিয়া
শেষবার তাঁকে দেখা গেছে করণ জোহরের সিনেমায়। তবু যেন ভক্তদের আশ মিটছিল না। তাই ফেমিনার ফেব্রুয়ারি সংখ্যার প্রচ্ছদে আবার ফিরলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রকাণ্ড এক কোট এবং চিরচেনা কোঁকড়া চুলের সাজে। সূত্র: বলিউড হেল্পলাইন।

বসন্তের ক্যাজুয়াল ধারা
একটু ঢিলেঢালা ট্রাউজারই পছন্দ ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহামের। তাই বলে এত লম্বা? ভিক্টোরিয়া বেকহামের পরনের উজ্জ্বল কমলা ট্রাউজারটিই যেন বলে দিচ্ছে, আসছে বসন্তে এমন কাট আর রঙের ট্রাউজারই চলবে ক্যাজুয়াল ফ্যাশনে। সূত্র: ইনিউজ

গোলাপি পোশাকের জয়জয়কার
কোরিয়ার সিরিয়াল পছন্দ করেন অথচ জুন জি হায়েনকে চেনেন না এমন মানুষ এ মুহূর্তে দুর্লভ। দ্য লিজেন্ড অব দ্য ব্লু সির প্রতিটি পর্বে জুন কি পরেছেন, তাই নিয়ে পুরো এশিয়ায় চলছে আলোচনা। তবে গোলাপি পোশাকটি নিয়েই কথা হচ্ছে বেশি। ১৫তম পর্বে জুনের পরনের ফিকে গোলাপি পোশাকটি ছিল বিখ্যাত ফ্রেঞ্চ ব্র্যান্ড গিভেঞ্চি থেকে নেওয়া। ওই পোশাকটির মাঝে অন্তর্ভুক্ত ছিল হাঁটু সমান লেসের জামা, ওপরে উলের কোট আর হাইহিল বুট আর গিভেঞ্চির বিখ্যাত প্যান্ডোরা ব্যাগ। সূত্র: ড্রামা ক্রনিক

কালোই আলো
জন্মের পরে তাকে ডাকা হতো রাতের কন্যা বলে—এতই কালো তিনি। এখন তিনিই হয়ে উঠেছেন মেলানিন গডেস। বলছিলাম সেনেগালের মডেল খোদিয়া দিওপের কথা। ইনস্টাগ্রামে নিখুঁত কালো রঙের ত্বকের জন্যই তিনি এখন তারকা। ‘বাইরে নয়, বরং ভেতরে আমি কত সুন্দর—এটাই আসলে সৌন্দর্য’—এই বার্তাই তিনি পৌঁছে দিতে চান সব বোনের জন্য। সূত্র: ইনস্টাগ্রাম।
গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী