বিশ্বজুড়ে ফ্যাশন

সাদামাটা ওকান
ওকান আলাবিককে কদিন আগেও সবাই দেখেছে ইব্রাহিম পাশার রাজকীয় বেশে। তিনিই এখন আক্রান্ত টি-শার্টের ‘নস্টালজিয়ায়’। সম্প্রতি আলোচিত তুর্কি সিরিজ মাসুম থেকে বেছে নানা রঙের ক্যাজুয়াল টি-শার্টের কিছু ছবি প্রকাশ করা হয়েছে তঁার ফেসবুক পেজে। আপলোডের পর থেকেই লাইক আর কমেন্টের হিড়িক। সূত্র: ফেসবুক

অতিথি হয়ে নিউইয়র্ক ফ্যাশন উইকে
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে গেল নিউইয়র্ক ফ্যাশন উইক। ইউনিলিভারের ব্র্যান্ড ট্রেসেমের শুভেচ্ছাদূত হিসেবে এই শোতে অংশ নিয়েছিলেন মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া। ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি মোট পাঁচটি শোতে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন পিয়া। এত বড় ফ্যাশন উইকে অংশ নেওয়া প্রসঙ্গে পিয়া বলেন, ‘এখানে অংশ নেওয়া আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। বেলা হাদিদের একটি শোতে উপস্থিত ছিলাম। এ ছাড়া ট্রেসেমের হয়ে প্রচারণায় অংশ নিয়েছি। কথা বলেছি সাংবাদিকদের সঙ্গে। বিভিন্ন দেশের ডিজাইনার, রূপবিশেষজ্ঞ, হেয়ার স্টাইলার, মডেলদের সঙ্গে সময়টা ভালো কেটেছে। অবাক হলাম, সেখানে মূল মঞ্চের চেয়ে ব্যাকস্টেজের জায়গা বড় দেখে। বাংলাদেশ থেকে আমার সঙ্গে গিয়েছিলেন হেয়ার স্টাইলার নাহিলা হেদায়েত।’ নকশা প্রতিবেদক

হলুদে কাটল খরা
চার বছর ধরে রেড কার্পেটের পোশাক নিয়ে সমালোচনা সয়ে যাচ্ছিলেন সালমা হায়েক। এবার মনে হচ্ছে খরা কাটল। এ বছরের এসএজি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে সালমা হায়েক পরেছিলেন স্নিগ্ধ হলুদের ওপরে রোজ মখমলের ফিতার বেল্ট আর সিল্কের গোলাপ ফোটানো একটি এক হাতার গাউন। হাতে গুচ্চির ক্লচ। সূত্র: টমঅ্যান্ডলরেঞ্জো.কম
গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী