বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


দুই প্রজন্মে জোড়

মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি মায়ের হাত ধরে হাজির হয়েছিলেন স্বামী জর্জ ক্লুনির নতুন সিনেমা সাবারবিকন-এর উদ্বোধনী প্রদর্শনীতে। হাওয়া দোলানো নীল শিফন গাউন পরেছেন নিজে, মা পরেছিলেন হাতায় পালক বসানো লাক্সে ডিজাইনের একটি বটলগ্রিন পোশাক। দুই প্রজন্মের এই ফ্যাশন–জোড় বোদ্ধাদের কাছে দারুণ লেগেছে—এমনটাই দেখা যাচ্ছে ফ্যাশন পত্রিকাগুলোতে। রিফাইনারি২৯।

ভারতীয় পোশাকে ফিফা কর্তারা

যুব বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগেই কলকাতায় উড়ে এসেছিলেন ফিফার শতাধিক কর্মকর্তা। কলকাতাও তাদের বরণ করে নেয় হাত খুলে। শনিবার কলকাতায় বিশেষ পার্টিতে ফিফা কর্তাদের পরনে ছিল ভারতীয় পোশাক। ডিজাইনার অগ্নিমিত্রা পালের নকশা করা পাঞ্জাবি, নেহরু কোট, কামিজ, স্কার্টে পার্টিতে হাজির হন তাঁরা।

মায়ের সঙ্গে মিলিয়ে

বরং বলা ভালো, মায়ের বিপরীতে মিলিয়ে। বলছিলাম হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি এবং তাঁর দুই সন্তান শিলোহ ও জাহারার কথা। বয়স তাদের এগারো-বারো। এর মাঝেই রেড কার্পেটের আকর্ষণ হয়ে উঠছে তারা। কদিন আগে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে জোলির হাত ধরে হাজির হলো তারা। মায়ের সাদা গাউনের বিপরীতে তারা পরেছিল কালো স্যুট ও গাউন। হুহোয়াটওয়্যার।

তবে চূড়াই থাকুক

বিয়ন্সে চুল বাঁধবেন, তাতে নতুন কিছু চাই। মাথার ওপরে উঁচু করে খোঁপা বেঁধে নিলেন তিনি, উজ্জ্বল সোনালি ডগা ঝুলিয়ে রাখলেন এক পাশে। নানা রকম পোশাকে একই খোঁপা বেঁধে দেখিয়ে দিলেন, স্টাইল করতে অনুষঙ্গ নয়, পুরোনোকে নতুনভাবে উপস্থাপনই যথেষ্ট। ইনস্টাগ্রাম।

গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী