বিশ্বজুড়ে ফ্যাশন
>ফ্যাশন মানে তো কেবল পোশাক নয়, এর সঙ্গে রয়েছে নানা অনুষঙ্গের ভূমিকাও। গয়না, ব্যাগ, জুতা এমনকি ছোট ব্রোচও হতে পারে প্রধান ফ্যাশন অনুষঙ্গ। ২০২০ সালে সবচেয়ে বেশি দেখা যাবে এমন কিছু ফ্যাশন অনুষঙ্গ নিয়েই এবারের বিশ্ব ফ্যাশন।

চাঙ্কি বুট
টি-শার্টের সঙ্গে জিনস কিংবা পার্টি গাউন, সর্বত্র মোটা এবং ভারী হিল দেওয়া চাঙ্কি বুট দেখা যাবে শীতের শেষ এবং বসন্তের আগমনী সময়জুড়ে। শীত নিবারণ এবং হাই ফ্যাশন—এই বুট সামাল দেবে দুটোই।

চেইন নেকলেস
যেমন–তেমন চেইন নয়, বন্দরে জাহাজ বেঁধে রাখার মতো মোটা চেইন! বিলি আইলিসভক্তরা এরই মধ্যে তাঁর গলার মোটা চেইন অনুকরণ করা শুরু করেছেন অবশ্য। এবার সেই মোটা চেইন নেকলেস দখল করে নিয়েছে ইনস্টাগ্রামের পেজও। রোল অন, শার্ট, টপ এমনকি সোয়েটারের সঙ্গেও দারুণ মানাচ্ছে এমন চেইন, এটিও একটি কারণ।

রঙিন ফ্রেমের চশমা
ঠিকই পরেছেন। রঙিন চশমা নয়, রঙিন ফ্রেমের চশমা চোখের অনুষঙ্গ হিসেবে এ বছর বেশ চলবে। সাদা-কালো, লাল, ছাপা এবং বেঢপ আকৃতির এই চশমাগুলো যেকোনো পোশাককে আকর্ষণীয় করে তুলতে যথেষ্ট।

বাকেট ব্যাগ
চারকোনা বটুয়া ব্যাগ উপমহাদেশের এই অংশে সেই কবে থেকে প্রচলিত! এবার সেই ব্যাগেরই একটি আন্তর্জাতিক সংস্করণ ফিরে আসছে। তবে তার নাম বটুয়া নয়, বাকেট ব্যাগ। চামড়া, কাপড় কিংবা উন্নত মানের সিনথেটিক উপাদানে তৈরি ব্যাগগুলোতে রং নিয়েও বেশ নিরীক্ষা দেখা যাবে বলে ভাবছেন বিশেষজ্ঞরা।

চওড়া বেল্ট
পাওয়ার উইমেনের থিমে পোশাক বেশি দেখা যাবে বছরজুড়ে, পুরোনো খবর। কিন্তু সবাই তো চাইলেও কোট প্যান্ট পরে বের হতে পারেন না, তখন? এমন ভাবনা থেকে এবার ফিরে এসেছে চওড়া বেল্টের চল। চামড়া, কাপড়, অ্যানিমেল প্রিন্টসহ নানা ধাঁচের চওড়া বেল্ট এবার রাজত্ব করবে নারীদের কোমরে।

চৌকো মাথার স্যান্ডেল
এই বছর জুতায় ফিতা বা স্ট্র্যাপের ব্যবহার দেখা যাবে, এটা এরই মধ্যে অনেকে জেনে গেছেন। কিন্তু বদল আসবে জুতার মাথায়। কৌণিক বা ডিম্বাকৃতি নয়, আঙুলের অংশে চৌকো আকার এবার দেখা যাবে, বিশেষ করে স্ট্র্যাপযুক্ত হিল ও স্যান্ডেলে।
গ্রন্থনা: নকশা ডেস্ক
সূত্র: ট্র্রেন্ডস্পটার, ভোগ, হুহোয়াটওয়্যার, পপসুগার