বিশ্বজুড়ে ফ্যাশন

সেরা বন্ড মুর
তিনিই প্রথম বন্ড, যিনি ক্যাজুয়াল পোশাককেই ছিলেন অসাধারণ স্টাইলিশ। পরিপাটি এবং মনকাড়া চুল, ভাবগম্ভীর কিন্তু মার্জিত রসবোধের কারণে সেরা বন্ড বলা যায় সদ্য প্রয়াত রজার মুরকেই। সম্প্রতি তাঁকে এই খেতাব দিয়েছে ছেলেদের জনপ্রিয় ম্যাগাজিন জি কিউ। তারা বলছে, ফ্যাশনে তার সবচেয়ে বড় অবদান সম্ভবত সাফারি লেইজার জ্যাকেট বা সাফারি স্যুট। ওই সময়ে এই পোশাকটিকে অন্যতম ফ্যাশনেবল ড্রেস হিসেবে জনপ্রিয় করে তোলার পেছনে তাঁর ভূমিকাই ছিল মুখ্য। জি কিউ ম্যাগাজিন

রাজকুমারীর অনুকরণে!
গত ফেব্রুয়ারিতে বাকিংহাম প্যালেসের একটি অনুষ্ঠানে কেট পরেছিলেন রোনার ধাতব রঙের ফুলেল লেসের পোশাক। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া এই সপ্তাহেই ইতালি ভ্রমণের সময় পরলেন ডলসে অ্যান্ড গাবানার প্রায় একই ধাঁচের একটি পোশাক। মেলানিয়া ট্রাম্পের ফ্যাশনের অনুপ্রেরণা তবে কি ব্রিটিশ রাজকুমারী কেট মিডলটন?

এমনটাই প্রশ্ন তুলছে ব্রিটিশ এবং অনলাইন ফ্যাশন পত্রিকাগুলো। ইয়াহু স্টাইল

প্রিন্টে প্রিয়াঙ্কা
কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হতে পারেননি। কিন্তু তা নিয়ে খেদ নেই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। বেওয়াচের প্রচারণায় মনের সাধ মিটিয়ে সেজে নিচ্ছেন তিনি। এরই মধ্যে পেয়ে গেছেন সেরা পোশাক পরিহিত অভিনেত্রীর খেতাব। কিছুদিন আগেই তাঁকে দেখা গেল পিটার প্যালোত্তোর প্রিন্টের পোশাকে। স্মোকি চোখ, বাদামি লিপস্টিক, টেনে বাঁধা ঝুঁটি আর সাদামাটা কালো পল অ্যান্ডুর জুতোতেই তিনি হয়ে উঠেছিলেন আভিজাত্যের প্রতীক। ইন্ডিয়ান এক্সপ্রেস
সেরা তিন প্রাইমার
যাঁরা ঘরে বসেই মেকআপ করেন, তাঁদের মধ্যে প্রাইমারের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। তাদের কথা ভেবেই ব্রিটিশ ভোগ ম্যাগাজিন প্রকাশ করেছে সেরা দশ প্রাইমারের তালিকা। তালিকার এক থেকে তিনে আছে যথাক্রমে স্ম্যাসবক্স, বেনেফিট ও শ্যানেলের প্রাইমার। অতিপরিচিত ম্যাক পেয়েছে দশম স্থান। ভোগ
গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী