বিশ্বজুড়ে ফ্যাশন

ভৌতিক বেকহ্যাম
পুরাণ অনুসারে, হ্যালোইনের রাতে নাকি পরলোকের দুষ্ট আত্মা বিচরণ করে পৃথিবীতে। তাদের ফাঁকি দিতে নিজেরাই ভূত হয়ে ঘুরতে হয়। ভৌতিক হয়ে ওঠার নিত্যনতুন পোশাকের ধারণা পেতে তারকাদের ওপর দারুণ আস্থা ভক্তদের। তবে এবার ভক্তদের নয়, নিজের অর্ধাঙ্গিনী ভিক্টোরিয়া বেকহ্যামকে চমকে সেরা হ্যালোউইন কস্টিউমের তকমা দখল করে নিয়েছেন ইংরেজ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। সারা দিন ধরে নিজেই কঙ্কাল, বাদুড় ঝুলিয়ে সাজিয়েছেন ঘর, আর সন্ধ্যায় ঘর থেকে বের হয়েছেন ফিটফাট স্যুটের ওপর দুটো রক্তমাখা হাতের ছাপ নিয়ে। ইনস্টাগ্রাম বলছে, ভিক্টোরিয়া চমকে উঠে ভয় পেয়েছেন যত, হাসতে হাসতে কেঁদেছেন তার চেয়ে বেশি! ইনস্টাগ্রাম।

আইফোন টেনের কভার
আইফোন টেনের পাশাপাশি চলছে তার ফ্যাশনেবল খাপ নিয়ে আলোচনা। পথ দেখালেন তারকারাই। জিজি, লুমির মতো মডেলদের আইফোন টেনের আইফোন কেস হিসেবে ঠাঁই করে নিয়েছে ভিয়ানেল লিজার্ড, সনিক্স স্নেক হার্ট প্রিন্ট, রেবেকা মিনকফ, আইফোরিয়া, রিফলপেপার ও বডিগার্ডজের মতো ব্র্যান্ডগুলো। ইনস্টাইল।

পিক্সি ক্লাবে কেটি
গত এক দশকে এই প্রথম চুলের স্টাইল বদলেছেন হলিউডের তারকা কেটি হোমস। সেই যে টম ক্রুজের সঙ্গে ছাড়াছাড়ি হলো, এরপর ফ্যাশন আয়োজনগুলোতে খুব কমই দেখা যাচ্ছিল তাঁকে। সম্প্রতি নিউইয়র্কেও একটি পার্টিতে দেখা দিলেন দারুণ রোমান্টিক একটি ফুলেল পোশাক আর চুলের পিক্সি কাটে। বোঝা গেল, নিজের ফ্যাশন ও ইমেজ নিয়ে একটু একটু করে সরব হচ্ছেন তিনি। টুডে ফ্যাশন।

প্রচ্ছদে মীরা–শহীদ
শহীদ কাপুর ও অর্ধাঙ্গিনী মীরা রাজপুতের প্রথম প্রচ্ছদ দেখা যাবে হ্যালো ম্যাগাজিনের নভেম্বর সংখ্যায়। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ওই শুটেই তোলা মীরার একটি ছবি। পিচরঙা ব্রোকেড লেহেঙ্গা, বোল্ড সাদা ব্লাউজ আর গলায় ভারী জড়োয়া, হাতে একটি বালা।

ছবিটি ভাইরাল হয়েছে মুহূর্তেই। প্রচ্ছদের ছবিতে পরেছিলেন র ম্যাঙ্গোর তৈরি করা পোশাক। শহীদ কাপুর পরেছিলেন কালো পোশাকের ওপরে ব্রোচ বসানো রাজকীয় কোটি। এনডিটিভি।
গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী