বিশ্বজুড়ে ফ্যাশন


আমালের বাজিমাত
এসেছিলেন স্বামী মার্কিন অভিনেতা জর্জ ক্লুনিকে সঙ্গ দিতে। কিন্তু স্টাইল আর ব্যক্তিত্বে নিজেই হয়ে উঠলেন রেড কার্পেটের মূল তারকা। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা হেইল, সিজার-এর প্রচারণায় এসে সম্প্রতি এমনটাই হয়েছে আমাল আর জর্জ ক্লুনির সঙ্গে। রিজেন্সি ভিলেজ থিয়েটারের ওই আয়োজনে আমাল পরেছিলেন প্রিয় ডিজাইনার ইতালির জিয়ামবাতিস্তা ভালির তৈরি করা হাঁটুর একটু ওপর পর্যন্ত ভারী কুঁচি দেওয়া চাপা সাদা রঙের ফ্রক। কোমরে লাল ফুলেল কাজ। পায়ে রুপালি হিল আর চুল একটু এক পাশে এনে হালকা করে বাঁধা। ব্যস, পুরো আয়োজনের প্রতিটি স্পটলাইট খুঁজে নিয়েছে তাকেই।

টপশপে নতুন ডেনিম
২০১৬ সালের বসন্ত মৌসুমে ব্রিটিশ আন্তর্জাতিক ব্র্যান্ড টপশপ মেয়েদের জন্য এনেছে নতুন ডেনিমের সংগ্রহ। ব্রিটেনের বিখ্যাত স্টাইলিস্ট কেট ফিল্যানের স্টাইলে চার ধরনের জিনসের সঙ্গে সুপার মডেলের কাতারে নাম লেখাচ্ছেন বেশ কিছু তরুণ মুখ। গরম কিংবা হালকা শীত—সব সময়েই পরা যাবে এই জিনসগুলো।

ওয়েব মিনিস্টার অ্যাবেতে গুচি
গুচি লন্ডনের ওয়েব মিনিস্টার অ্যাবেতে আসছে নিজের শো করতে। ব্রিটিশ ফ্যাশন মডেল জর্জিয়া মে জ্যাগারের বরাত দিয়ে এমনই এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে গুচি। ধারণা করা হচ্ছে, জর্জিয়াও থাকবেন সেই শোতে। এই শোর থিম হচ্ছে ২০১৭ সালের ক্রুজ কালেকশন, যা বিশ্বজুড়ে ব্র্যান্ড উন্নয়নে ফ্যাশন জগতের সবচেয়ে সাম্প্রতিক ও আলোচিত ধারা। শ্যানেল তার ক্রুজ কালেকশনের জন্য বেছে নিয়েছে কিউবার হাভানাকে, ঠিক যেমনটি ডিওর বেছে নিয়েছিল পিয়েরে কার্ডিনের প্যালেস বুলসকে।

শ্যানেলে স্টুয়ার্ট

জার্মান ফ্যাশন ডিজাইনার কার্ল লাগারফেল্ডের প্রিয় পাত্রী তিনি অনেক দিন ধরেই। শ্যানেলের রেড কার্পেটে তাঁর হাঁটাহাঁটিও কম হলো না। অবশেষে ভাগ্যে শিকে ছিঁড়ল এ বছর। ২০১৬ সালের শ্যানেল সৌন্দর্য সম্ভারের প্রতিনিধিত্ব করতে চলেছেন টোয়াইলাইট তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। চোখসজ্জার সামগ্রী নিয়ে ইতিমধ্যে একটি ফটোশুটও হয়ে গেছে। চোখের সৌন্দর্য বাড়ানোর প্রসাধনী আসছে আগামী মার্চে। শুধু পোশাক নয়, শ্যানেল বিখ্যাত তার প্রসাধনসামগ্রীর জন্যও।
গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী