বিশ্বজুড়ে ফ্যাশন

লহরের জাল বুনি
ফ্যাশনে চলছে লহরের বহর। গলার নেকলেসে। এক গাদা পেঁচিয়ে নয়, বরং একাধিক সরু চেইন ভিন্ন ভিন্ন দূরত্বে পরে। কাইলি জেনার, সুপার মডেল কাম অভিনেত্রী কারা ডেলিভিঞ্জ কি মিষ্টি হাসির মেয়ে কেট হাডসন—সবাই মেতেছেন এই সজ্জায়। সাম্প্রতিক সামাজিক মাধ্যমগুলোয় তার ছবিও প্রকাশ করছেন সাগ্রহে। ই ফ্যাশন

বাবার পথে ব্রুকলিন
পেশাদার ফুটবলের কিংবদন্তি বলে খ্যাতিমান ডেভিড বেকহামের ছেলে ব্রুকলিনের বয়স আঠারো পার হলো। আর তিনিও পেলেন ট্যাটু করার অনুমতি। বাবার ট্যাটু যিনি করেন, সেই মার্ক মোহানির কাছেই বাহুতে আদিবাসী থিমে করালেন নিজের প্রথম ট্যাটু। সেখানে ফুটে উঠেছে পালকের মুকুট পরা এক আদিবাসীর মুখ। ‘ঠিক বাবার মতোই’—এমনটাই মন্তব্য করেছেন ব্রুকলিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ৯ এপ্রিল ব্রুকলিন আরেকটি ট্যাটু প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। এটি তাঁর পছন্দের ক্যামেরা িনয়ে। ডেইলি মেইল ও ইনস্টাগ্রাম
মিলানে লিভিং ব্লু
ইতালির মিলানে ‘মিলান ডিজাইন উইকে’ দেখা যাবে বাংলাদেশের কাপড়। হংকংভিত্তিক প্রতিষ্ঠান ন্যারেটিভ মেড মূলত ঐতিহ্যবাহী এশীয় বুননের নকশা উপস্থাপন করতে যাচ্ছে চলতি মিলান ডিজাইন সপ্তাহে। এর জন্য বাছাই করা হয়েছে তার সহযোগী তিন দেশ চীন, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের কাপড়। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে নীল সাদা শিবুরি নিয়ে কাজ করা লিভিং ব্লু। এই ডিজাইন উইক শুরু হয়েছে ৪ এপ্রিল, চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। ইনস্টাগ্রাম
গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী