বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিপাটি অ্যালেন

হাসতে পছন্দ করেন অথচ অ্যালেন ডিজেনেরাসের নাম শোনেননি এমন মানুষ পশ্চিমে বিরল। অস্কারের উপস্থাপনার সুবাদে এ দেশেও তাঁকে অনেকে চেনেন। আমেরিকার অন্যতম জনপ্রিয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান পিপলস চয়েজ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গত সপ্তাহেই সর্বোচ্চ অ্যাওয়ার্ড পাওয়ার রেকর্ড গড়লেন তিনি। নিজের ব্র্যান্ডের কালো ট্রাউজার্স ও শার্টের সঙ্গে মিলিয়ে চমৎকার মেরুন ভেলভেটের জ্যাকেটে ৬০ বছর বয়সী এই কৌতুক তারকাকে দেখাচ্ছিলে পরিপাটি, তাঁর কৌতুকগুলোর মতোই। ই নিউজ

ব্রুকলিনের বই

ইংরেজ ফুটবল প্লেয়ার ডেভিড বেকহ্যাম-পুত্র ব্রুকলিন হয়তো হতে পারতেন বাবার মতো খেলোয়াড় নয়তো মায়ের মতোই নামকরা ফ্যাশন আইকন। হতে গেলেন ফটোগ্রাফার। কিন্তু সেখানেও জুটল নিন্দা। তারপরও তাঁর ফ্যাশনেবল লুকের প্রশংসাই বইছে চারদিকে। নিজের তোলা ছবি দিয়ে প্রকাশিত বই হোয়াটআইসির প্রকাশনার দিনে মা-বাবার মাঝে ব্রুকলিন বেকহ্যাম দাঁড়িয়ে ছিলেন সাদামাটা সাদা টি-শার্ট এবং কালো গ্যাবার্ডিন পরে। আঠারো পার হওয়া তরুণের সাজেই। নিন্দুকেরা বলছে, উদ্ভট এসব ছবিতে মন না দিয়ে বরং মডেলিংয়ে মন দিলেই বেশি ভালো করবেন ব্রুকলিন। তবে অনেকে কিন্তু প্রশংসাও করছেন। মা-বাবার খ্যাতিতে বিগড়ে যাননি ব্রুকলিন, বরং সৃজনশীল কাজের মধ্যে দিয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছেন। নিউজ স্কাই ডট কম

কমলারানী

নিউইয়র্কে নতুন সিনেমার কাজ শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, নাম একিডলাইকজেক। সেই সিনেমার সেটেই নিউইয়র্কের আকাশের ঝকঝকে রোদের মতো হাজির হলেন কদিন আগে। কোল্ড শোল্ডারের গাউন, হাই লো হেমলাইন আগাগোড়া কমলা রঙের পরত। প্রিয়াঙ্কার পছন্দের রংই বলতে হবে এটাকে। বেশ কয়েকবার এই রঙে সাজিয়েছেন নিজেকে। পায়ে জি রোসির ডেনিম স্যান্ডেল। খোলা চুলের মুখের ফ্রেমের গ্ল্যামার দিয়েই সব স্পটলাইট কেড়ে নিলেন নিজের দিকে। বলিউড লাইফ

পঞ্চাশই সই

কথায় বলে, পঞ্চাশে পানসে। বলিউড তারকা শ্রীদেবীকে দেখে অন্তত এ কথা মানা যাচ্ছে না। সম্প্রতি তিনি ভক্তদের সামনে প্রকাশ করেছেন দুটি ছবি। একটিতে ঢিলেঢালা গোলাপি গাউনে ম্যাচ করেছেন সিক্যুয়িনের কাজ করা ম্যাচিং শ্রাগ। আরেকটিতে পাউডার ব্লু টপের সঙ্গে পরেছেন ম্যাচিং স্কার্ফ, কন্ট্রাস্ট করেছেন সাদা-কালো প্রিন্টের পেনসিল স্কার্ট দিয়ে। ন্যুড মেকআপ আর ঝলমলে হাসিতেই শ্রীদেবী বুঝিয়ে দিয়েছেন, বয়স নয়, সৌন্দর্য এবং ফ্যাশন আসলে চর্চার ব্যাপার। তা যেকোনো বয়সেই হোক না কেন। বলিউড লাইফ ডট কম

শিক্ষক গাগা
চোখে নেই নজরকাড়া চশমা। মুখে ও পোশাকে নেই অতিরিক্ত চাকচিক্য। শিক্ষক হতে গেলে গ্ল্যামারের ঝলক পেছনে ফেলে আসতেই হয়। তাই লেডি গাগাকেও সাদামাটা নার্ড চশমা আর কাঁধে ফেলে রাখা নীল কোট পরে যেতে হলো একটি শিশু শ্রেণিতে, এক দিনের অতিরিক্ত শিক্ষক হিসেবে। দেশজুড়ে শিশুদের উন্নত শিক্ষার জন্য সম্প্রতি একটি দাতব্য কাজে ব্যস্ত রয়েছেন এই পশ্চিমা পপ তারকা। ইউটিউব

খাদিজা ফাল্গুনী