বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবী সোনম কাপুর

প্রায় প্রতিদিনই নিজের পোশাকের কারণে সবার কাছে প্রশংসা পাচ্ছেন তিনি। পারফেক্ট পিকচার লুক সব সময় তাঁর কাছেই মেলে। প্রতিবার নিজের লুক দিয়ে সবাইকে মুগ্ধ করাও যেন শুধু তাঁকে দিয়েই সম্ভব। এবার প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্পে সাদা দেবীরূপে আবির্ভূত হয়েছিলেন সোনম। যুক্তরাজ্যের র‍্যালফ অ্যান্ড রুসোর নকশা করা পোশাকে তাঁকে দেবীর মতোই দেখাচ্ছিল—মন্তব্য অনেকের। ভারী নকশার কানের দুল ও গলার মালা সেই রূপটাকে আরও দৃঢ় করেছে। সূত্র: কোইমোই ডটকম

পলকা ডটের ফিরে আসা

পলকা ডট কখনোই ‘আউট অব ফ্যাশন’ নয়, সেটা আবারও প্রমাণ করলেন ব্রিটিশ রাজবধূ। কেট মিডলটনের পরনে ভিন্ন মাত্রা পায় সেই চেরচেনা পলকা ডটই। ডলচে অ্যান্ড গাবানার সাদাকালো পলকা ডটের সঙ্গে ভিক্টোরিয়া বেকহামের হাতব্যাগ, পায়ে কালো হিল আর অস্কার ডি লা রেন্টের কানের দুল। অল ইংল্যান্ড লন টেনিস ও ক্রোকেট ক্লাবের পৃষ্ঠপোষক হিসেবে উইম্বলডন চ্যাম্পিয়নশিপে এ রকম মানানসই লুকেই নিজেকে তুলে ধরেছিলেন কেট। সূত্র: ডেইলি মেইল।

মেসি দিবস

এই দিনটিকে কেউ কেউ বলতে চান ‘মেসি দিবস’। এদিনেই যে ঘটা করে নিজের ছোটবেলার বান্ধবীকে বিয়ে করেছেন বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি। বিশেষ দিনের পোশাকেও ছিল তাই বিশেষ ছোঁয়া। ৩০ জুন যখন মেসি আন্তোনেল্লা রোকুজ্জোকে পাদরির সামনে ‘আই ডু’ বলছেন, তখন তাঁর পরনে ছিল জর্জিও আরমানির তিন পিসের স্যুট। মেসির ৪ ও ১ বছর বয়সী দুই ছেলেও পরেছিল জর্জ আরমানির ছোটদের স্যুট। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো সেজেছিলেন বিশেষভাবে স্পেন থেকে আনা বিয়ের পোশাকে। সূত্র: ইয়াহু লাইফস্টাইল

শাড়িতে অনন্যা শ্রীদেবী

শাড়ির সৌন্দর্য বোঝে না এমন নারী খুঁজে পাওয়া ভার। বর্তমানে মম ছবির প্রচারণায় অংশ নিচ্ছেন বলিউড নায়িকা শ্রীদেবী। প্রচারণার সময় শাড়ি পরেই নিজেকে তুলে ধরছেন এই ভারতীয় সুন্দরী। কখনো পুরোপুরি বাঙালি সাজে, কখনো মারাঠি স্টাইলে আবার কখনো মনীশ মালহোত্রার নকশা করা হালকা নীল রঙের জমকালো শাড়িতে হাজির হচ্ছেন ভক্তদের সামনে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

গ্রন্থনা: শর্মিলা সিনড্রেলা