বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


আরাধ্যর ডিজাইনার
কিছুদিন আগেই ষষ্ঠ জন্মবার্ষিকী পার করল বচ্চন পরিবারের ছোট্ট সদস্য আরাধ্য বচ্চন। তার জন্য জন্মদিনের হালকা গোলাপি পোশাকটি তৈরি করেছেন ডিজাইনার মনীষ মালহোত্রা। দিন দিন যেন মায়ের যোগ্য কন্যাই হয়ে উঠছে সে। মা ঐশ্বরিয়া আর বাবা অভিষেকের সঙ্গে তোলা ছবিতে তা ভালোই বোঝা গেল। ভোগ ইন্ডিয়া।


প্যান্টাসুজ!
প্যান্ট এবং সুজ—দুই জুড়ে হলো প্যান্টাসুজ। এ বছর বিখ্যাত ব্র্যান্ড ব্যালেন্সিয়াগা দারুণ উপায়ে ফিরিয়ে এনেছে ষাটের দশকের এই স্টাইল। বলিউডে তার প্রথম রূপ দেখালেন অভিনেত্রী সোনম কাপুর। টেনে বাঁধা খোঁপা আর কানে হালকা দুলের সঙ্গে সোনম পরেছিলেন ধূসর সোয়েট শার্ট। ফেমিনা।


কার লজ্জা পাওয়া উচিত?
বডি শেমাররা (শারীরিক অবয়ব নিয়ে ব্যঙ্গ করে যারা) ছাড়ে না কাউকেই। পৃথিবীর চারপাশেই ছড়িয়ে আছে এমন অসুস্থ মানসিকতার মানুষ। তাদের বিরুদ্ধেই লড়াইয়ে নামলেন সুপার মডেল নিনা অ্যাগড্যাল। কিছুদিন আগেই একটি ম্যাগাজিনে তাঁর শারীরিক অবয়ব নিয়ে পড়তে হয়েছে অনাকাঙ্ক্ষিত কথা। এই নিয়ে ইনস্টাগ্রামে চলছে #bodyshaming প্রচারণা, যা ভাইরাল হয়েছে মুহূর্তেই। ইনডিপেনডেন্ট ইউকে।


দুই রায়ানের মিল
দুজনই কানাডীয়। দুজনের নামই শুরু রায়ান দিয়ে। তাই বলে পোশাকও একই হতে হবে? ‘২২তম ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এ নিয়েই দারুণ মজার মুহূর্ত পার করেছেন দুই হলিউড তারকা সুদর্শন রায়ান গসলিং ও রায়ান রেনল্ডস। কাকতালীয়ভাবে দুজনের পরনেই ছিল একই ধাঁচের টাক্সিডো স্যুট, এমনকি চুলের সাজও ছিল এক। ইনস্টাইল।


সাহসী হেইলি
কলোরাডোর হেইলি ওয়েইটের মুখ ভরে গেছে ব্রণ ও দাগে। এ কারণে ঘরের বাইরে যেতেই কান্না পেত তাঁর। এ বছর ইনস্টাগ্রামে ছবি দিতে শুরু করলেন ব্রণের দাগ না ঢেকেই। হেইলির মতে, পৃথিবীতে কেউই নিখুঁত নয়। তাই জীবনের স্বাভাবিক গতিও ধরে রাখার কোনো অর্থ নেই। হেইলির এই পদক্ষেপ দারুণ প্রশংসিত হচ্ছে সামাজিক মাধ্যমে। হ্যালোগিগলস।

গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী