বিশ্বজুড়ে ফ্যাশন

তারা সুতারিয়ার বিয়ের সাজ
কেবল স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ দিয়ে বলিউডের জমকালো জগতে পা রাখলেন তিনি। এখনো অনেকটা পথ যাওয়ার বাকি। তাহলে বিয়ের সাজ কেন! সম্প্রতি ফেমিনা ওয়েডিং টাইমস–এর জন্য বিয়ের ফটোশুট করেছেন তারা সুতারিয়া। আর তাতেই সবার নজর কেড়েছেন তিনি। জারা উমরিগারের লেহেঙ্গায় আর খুরানা জুয়েলারি হাউসের জমকালো গয়নায় সুতারিয়ার সাজে চোখ ফেরানো দায়।

পিন স্ট্রাইপে অ্যানিস্টন
শিগগিরই কমেডি নাটক নিয়ে আসছেন জেনিফার অ্যানিস্টন। তবে তার আগে লস অ্যাঞ্জেলেসে ভ্যারাইটির আয়োজনে পাওয়ার অব ওমেন অনুষ্ঠানে অংশ নিয়েছেন এই মার্কিন অভিনেত্রী। সেখানে কালোর ওপরে সাদা পিন স্ট্রাইপের পোশাক পরে হাজির হয়েছিলেন অ্যানিস্টন। সঙ্গে কোমরে কালো বেল্ট, কানে সোনার দুল, পায়ে কালো হিল। হালকা সোনালি আভার গোলাপি লিপস্টিকে পরিপূর্ণ অ্যানিস্টনের সাজ।

আয়ুষ্মানের টাই
নভেম্বরে এক টাক মাথার চরিত্র নিয়ে পর্দায় হাজির হচ্ছেন এই তারকা। এবার ইনস্টাগ্রামে ভাগাভাগি করে নিলেন তাঁর টাইয়ের গল্প। ছোটবেলা থেকেই নাকি সিঙ্গেল নটে টাই বাঁধা শিখেছিলেন আয়ুষ্মান। তাতে সময় লাগত মাত্র এক মিনিট আর বাবা বাঁধতেন ডাবল নটে। হালকা অসামঞ্জস্য। তারপরও আয়ুষ্মান খুরানার মতে, এটাই জীবন আর জীবন সুন্দর। ইশা বানসালির স্টাইলিংয়ে হালকা সবুজাভ কোট ও প্যান্ট এবং কালো জুতায় আয়ুষ্মানকে দেখাচ্ছিল স্টাইলিস্ট।

বানির ধূসররঙা গাউন
ঋত্বিক রোশন আর টাইগার শ্রফের সঙ্গে ওয়ার সিনেমার কাজ শেষে বেশ ফুরফুরে মেজাজেই আছেন এই বলিসুন্দরী। ভালো অভিনয় দিয়ে এর মধ্যে সবার প্রশংসা কুড়িয়েছেন বানি। তবে শুধু অভিনয় নয়, নিজের নতুন নতুন লুকের ছবি দিয়েও সবার বেশ নজর কাড়ছেন তিনি। এই যেমন সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা এক ছবিতে তাঁকে ধূসররঙা অফশোল্ডার গাউনে দেখা যায়। সঙ্গে ছিল খুবই হালকা মেকআপ আর একপাশে ছেড়ে রাখা চুল।

উইনগেটের গোলাপি পোশাক
ভারতীয় ছোট পর্দার পরিচিত মুখ জেনিফার উইনগেট। শিগগিরই আবার ছোট পর্দায় হাজির হবেন নতুন কিছু কাজ নিয়ে। সেসবের প্রচারণাও চলছে জোরেশোরে। তবে সম্প্রতি উইনগেটের সাজ বেশ নজর কেড়েছে ভক্তদের। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, এক কাঁধের গোলাপি রঙের ছোট পোশাকে আলো ছড়াচ্ছেন উইনগেট। ম্যাডিসন অ্যান্ড বয়ের পোশাকের সঙ্গে চূড়া করে বাঁধা চুল। হালকা কিন্তু নজরে আসার মতো মেকআপ। আরেকটি ছবিতে এই গোলাপি পোশাকের ওপরই ফ্লোরাল অ্যাপ্লিক করা কালো শ্রাগ পরেন তিনি।

সাদাসিধে অলগার অভিজাত রূপ
২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন পোল্যান্ডের সমাজকর্মী ও লেখক ওলগা তোকারচুক। সম্প্রতি জার্মানির ডুসেলডর্ফে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের শেষে অলগার তোলা এই ছবি দেখা যায় ইনস্টাগ্রামে। সেখানে বই হাতে দাঁড়িয়ে আছেন অলগা। পরনে কালো পোশাক। তার ওপরে ছাইরঙা শাল। ব্যস, এতেই অভিজাত রূপ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, পিঙ্ক ভিলা, ডেইলি মেইল, ইনস্টাগ্রাম