বিশ্বজুড়ে ফ্যাশন

সোনমের শার্টে ভিন্নতা
চলতি ধারার বাহক বলা যায় সোনম কাপুরকে। পোশাক যেটাই হোক, সেটাকে ট্রেন্ডি করে তুলতে সোনমের জুড়ি মেলা ভার। এই যেমন শার্টের কথাই ধরা যাক। সেটাকেও আকর্ষণীয়ভাবে পরার পথ বাতলালেন কাপুরকন্যা। সাদা শার্টের ওপর কালো স্ট্র্যাপলেস পোশাক। হলো তো নতুন ধারা। পায়ে ছিল হাঁটু পর্যন্ত কালো বুট। নতুন ট্রেন্ড। সূত্র: পিঙ্কভিলা

জমকালো দিব্যাঙ্কা
বিগত কয়েক বছরে যেন ফ্যাশন আইকন হয়ে উঠেছেন দিব্যাঙ্কা ত্রিপাঠি। আর সেটা স্পষ্ট টের পাওয়া গেল কারবা চৌতের দিন। মেঝে ছোঁয়া লালরঙা গাউনে ছিলেন অনন্য তিনি। ওপরে সোনালি কাজ। পাফ করা চুলের সঙ্গে লাল টিপ, লাল লিপস্টিক আর চুড়িতে পরিপূর্ণ তাঁর সাজ। সূত্র: পিঙ্কভিলা

উড়াধুড়া রণবীর
রণবীর সিং মানেই উড়াধুড়া স্টাইল। কখনো কোনো আয়োজনে স্কার্ট পরে হাজির, তো কখনো বহুরঙা কোট। এবার ভিন্ন আরেক স্টাইল স্টেটমেন্ট নিয়ে এলেন বলিউডের বাজিরাও। কোট, প্যান্ট, টাই পর্যন্ত ঠিকই ছিল। রংটাও উদ্ভট নয়, ধূসর। পায়ে সাদা–কালো জুতাটাও নিশ্চয়ই সবার চেনা গণ্ডিতেই পড়বে। অচেনা হলো এসবের ওপরের একটি ওভারকোট। সেটাও আবার কমলা ও টিয়া রঙের মিশেলে। সঙ্গে চোখে লাল চশমা। রণবীর ছাড়া এমন একদম নতুন স্টাইলের কথা আর কে ভাববে! সূত্র: ইনস্টাগ্রাম

সাদা রঙে শিল্পা
শিল্পা যেন একটা বই, যাঁকে পড়া যায়, আবার যার কাছে থেকে জীবনযাপনের ধরনও শেখা যায়। দেশি হোক কি পাশ্চাত্য, জমকালো মানেই শিল্পা শেঠি। শাড়িতে বটেই, পাশ্চাত্যেও আকর্ষণীয় এই বলিউড অভিনেত্রী। এবার দিলেন মেয়েদের পার্টিতে পরার জন্য পোশাকের ধারণা। কোআইয়ের পুরো সাদা রঙের জাম্পস্যুটে বড় কলারের সঙ্গে পাফ হয়ে থাকা বিশপ হাতার পোশাকটিতে লাগছিল বেশ। সঙ্গে ধোঁয়াটে চোখের সাজে ন্যাচারাল মেকআপ করেন শিল্পা। কানে ছিল হীরার দুল। সূত্র: পিঙ্কভিলা


স্কার্টে ভিক্টোরিয়া বেকহ্যাম
এখন নাকি তরুণ বয়সের চেয়ে বেশি আত্মবিশ্বাস বোধ করেন গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যাম। তা কিন্তু বোঝা যায় তার স্টাইল দেখেই। সম্প্রতি নিউইয়র্কেও তাঁর স্টাইল নজর কেড়েছে। সাদা মনোক্রমের টপ আর সঙ্গে সুন্দর ফিটিংয়ের মসৃণ কাজের মিডি স্কার্ট। পায়ে ন্যুড রঙা বুট জুতা আর হাতে ব্যাগ। ফ্যাশন ডিজাইনার বলে কথা। সূত্র: ডেইলি মেইল