বিশ্বজুড়ে ফ্যাশন

বাবার হ্যাটে ফ্যাশন
মনে আছে, এককালে আমাদের ফ্যাশনেবল বাবারা কী করতেন? পোশাক যেমনই হোক, অনুষ্ঠান যা-ই হোক, মাথায় একটা ক্যাপ পরা চাই-ই। ওই ফ্যাশনটিকেই ইনস্টাগ্রামে, পার্টি কিংবা অনুষ্ঠানে আবার তুলে এনেছেন মার্কিন সংগীততারকা রিয়ানা এবং জিজি হাদিদ, কেন্ডাল জেনারের মতো সুপার মডেলরা। যেকোনো অনুষ্ঠানে অনায়াসে পরছেন তাঁরা এই ক্যাপ। আর স্টাইলটির নাম দেওয়া হচ্ছে, ড্যাড হ্যাট ফ্যাশন! সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও দেখা গেল ড্যাড হ্যাট পরে ছবি তুলতে। সূত্র: এল ম্যাগাজিন

কেটের জিপার ভীতি!
এই ফেব্রুয়ারিতেই বসতে যাচ্ছে অস্কারের রাজকীয় আসর। কে কী পরছেন, তা নিয়ে ব্রিটিশ-আমেরিকান তারকা মহলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। এমনই একসময়ে টাইটানিক তারকা ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট জানালেন তাঁর জিপার-ভীতির কথা। কেট বললেন, ‘এই অস্কারে আমি পরছি ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার র্যা লফ লরেনের পোশাক, যেটি আরামদায়ক হলেই আমার জন্য যথেষ্ট, কিন্তু জিপ থাকা চলবে না একদমই! মাঝপথে জিপ ভেঙে যাওয়ার বিড়ম্বনাই আমার জন্য সবচেয়ে ভীতির!’ সূত্র: ই নিউজ
ভারসাচির মেডুসা অ্যাপ!
ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ভারসাচি তৈরি করেছে তাদের নিজস্ব ইমোজি অ্যাপ। আর চরিত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে কাল্পনিক চরিত্র মেডুসাকে। বিভিন্ন অনুভূতিতে ভারসাচির পোশাক আর ধারণার প্রকাশ করবে এই হাসিখুশি মেডুসা। আইফোন ও অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনে বিনা মূল্যেই নামানো যাবে এই অ্যাপ। আর চাইলে জুড়ে দেওয়া যাবে ছবিতেও। সূত্র: হলিউড রিপোর্টার

সোনমের ফ্যাশনরহস্য
বলিউডে সবাই তাঁকে চেনেন ফ্যাশনিস্তা বলে। অনেক জ্যেষ্ঠ শিল্পীও ভেবে কূল পান না, সোনম কাপুর এত এত লুক আর ফ্যাশনের ধারণা পান কোথা থেকে? কী এর রহস্য? সোনম নিজেই দিলেন এর উত্তর। সম্প্রতি একটি ভারতীয় সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে সোনম জানান, বেশির ভাগ সময়ই তিনি তাঁর বোনকে দেখিয়ে পোশাক বাছাই করে থাকেন। নইলে যা ইচ্ছা হয়, তা-ই পরে ফেলেন। মোদ্দাকথা হলো, একদম নিজের মনের মতো করে সাজতে পারা। নিজের যা ভালো লাগছে, তা পরলেই গড়ে তোলা সম্ভব নিজের স্টাইল। সূত্র: এনডিটিভি

প্রিন্সেস ডায়ানার পোশাকের প্রদর্শনী
দুই বাহুর ওপরে কুঁচি করে এলানো সিস্নভ। কালো ভেলভেটের গাউনের ঘের নেমেছে হাঁটুর ওপরে। মাথায় একগাদা ঝলমলে সোনালি চুল, মুখে মুক্তো ঝরানো হাসি। প্রিন্সেস ডায়ানা নামটি শুনলে এই ছবি ভেসে ওঠে না কার মনে, বলুন? তিনি নেই। কিন্তু রয়ে গেছে সেই সব হিরণ্ময় স্মৃতি। ভক্তদের জন্য সেই সব রাজকীয় পোশাকের ‘ফ্যাশন রুলস রিস্টাইলড’ নামে এক প্রদর্শনী শুরু হয়েছে ১১ ফেব্রুয়ারি লন্ডনের কেনসিংটন প্রাসাদে। ব্রিটিশ ফ্যাশনের ধারা পাল্টে দেওয়া প্রিন্সেস ডায়ানার পোশাকগুলোর পাশাপাশি রাখা হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্সেস মার্গারেটেরও কিছু পোশাক।
সূত্র: কেনসিংটন প্যালেস প্রেস