বিশ্বজুড়ে ফ্যাশন
ছুটির এই সময়টি তারকাদেরও। যেখানেই যান না কেন, ইন্টারনেটের বদৌলতে ভক্তরা দেখে নিতে পারেন ওই সময়ে তাঁরা কী পরছেন, কী স্টাইল করছেন। ওভাবেই ধারণা করে নেওয়া যায়, এই মৌসুমের ভ্রমণকালীন ফ্যাশনে কী চলছে। এমন কিছু উল্লেখযোগ্য ফ্যাশন নিয়েই এবারের বিশেষ বিশ্বজুড়ে ফ্যা

শন।
ক্রিসি টেগান
নিজেকে নতুন করে খুঁজে পেতে বর-বাচ্চা নিয়ে জ্যাকসন হলে গিয়েছিলেন মার্কিন মডেল ও টিভি তারকা ক্রিসি টেগান। দারুণ সময় কাটিয়েছেন মেয়ে লুনার সঙ্গেও। ইনস্টাগ্রামে তাঁকে দেখা গেল গত বছরের সবচেয়ে জনপ্রিয় স্টাইল হুডি জ্যাকেটে। টুকটুকে লাল আর সাদা ইনার দেওয়া হুডিটির সঙ্গে উঁচু করে চুলে একটি পাফ বান বেঁধেছেন ক্রিসি। পপসুগার।

পোলকায় প্রিয়াঙ্কা
এই বছরের ফ্যাশনে দারুণভাবে ফিরেছে পোলকা ডট। তাই স্বামী নিক জোনাস এবং বন্ধুদের সঙ্গে বিচে বেড়াতে যাওয়া প্রিয়াঙ্কা চোপড়া রোমান্টিক মুহূর্ত উদ্যাপন করেছেন পোলকা ডটের একটি হাতাকাটা গাউন ও শ্যাম্পেন হাতে। ইনস্টাগ্রাম

ডেনিমে ঋত্বিক
ডার্ক ডেনিমের জ্যাকেট, সঙ্গে মোটা জিনস আর স্নিকার। মাথায় ক্যাপ। এই পরেই নেদারল্যান্ডসের রটারড্যামে দারুণ এক সফর করে এলেন বলিউডের প্রিয় অভিনেতা ঋত্বিক রোশন। ইনস্টাগ্রামে নিজের ছবি তো দিয়েছেনই, হ্যাশট্যাগ (#) আই লাভ ট্রাভেলিং লিখে তা জানিয়েও দিয়েছেন। ডেইলি বলিউড।

ফুলেল ম্যাডোনা
এই বসন্তে ছোট ও বড় ফুলের প্রিন্টে ছেয়ে যাবে পোশাকের বাজার—বলা হচ্ছিল আগেই। ব্রিটিশ সংগীত তারকা ম্যাডোনার ছুটির পোশাকে মিলল প্রমাণ। ছেলেমেয়েদের নিয়ে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন ম্যাডোনা। সেখান থেকে নিজের যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা গেছে, লালের ওপর বড় ছাপার ফুলের ফুলহাতা টপ বেছেছেন ছুটির পোশাক হিসেবে। মাথায় পরেছেন বড় কান দেওয়া টুপি। মিরর।

পাফ জ্যাকেটে কাপুর ভগিনীদ্বয়
সুইজারল্যান্ডে শীত উদ্যাপন করতে গিয়েছিলেন কারিনা আর সাইফ আলি খান। সঙ্গে যোগ দিয়েছিলেন আরেক বলিউড তারকা কারিশমা কাপুর। ছোট্ট তৈমুরকে নিয়ে দুই বোন ছুটির ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। তিনজনের পরনেই ছিল এই শীতের অন্যতম জনপ্রিয় স্টাইল পাফ জ্যাকেট। প্রিন্ট এবং মনোক্রমিক—দুই ধারাই উঠে এসেছে তাদের জ্যাকেটে। বলিউড ট্রেন্ডজ।

সাদাকালোয় স্টর্মি
এ মুহূর্তে সবচেয়ে স্টাইলিশ শিশু কাইলি জেনার কন্যা স্টর্মি জেনারকে দেখা গেল বছরের সবচেয়ে আদুরে পোশাকে। সাদা ও কালো পাফ জ্যাকেটের সঙ্গে কালো লোমের হুডি, কালো গ্লাভস আর বরফের বুট পরে স্টর্মি আর তার মা ঘুরে বেড়িয়েছে বরফের রাজ্য। মা কাইলিও মেয়ের সঙ্গে ম্যাচ করে পরেছেন লেদার ফ্রিল দেওয়া সাদাকালো উঁচু গলার বরফের জ্যাকেট। স্ক্রিনরেন্ট।