বিশ্বজুড়ে ফ্যাশন
একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিকে গোটা পৃথিবীরই চোখ থাকে। কে কী পুরস্কার পাচ্ছেন সেটা তো বটেই, অস্কারের রেড কার্পেটে চলচ্চিত্র তারকাদের কে কী পরলেন সে নিয়েও আগ্রহ কম থাকে না। এবারের অস্কারে কার কেমন ফ্যাশন ছিল দেখা যাক এখানে

কাজ দিয়েই বাজিমাত
এবারের অস্কারে মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স আর তাঁর পরা দিওরের গাউনটি ছিল সমালোচনার তুঙ্গে। এরপরও জিতে গেলেন তিনিই। ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর ভোটে অন্যতম সুন্দর সাজটি তাঁর। অন্যদিকে সবার অজান্তেই তিনি ভেঙেছেন দুটি রেকর্ড। সবচেয়ে কম বয়সী অভিনেত্রী তিনি, যিনি এ পর্যন্ত চারবার অস্কার মনোনয়ন পেয়েছেন। আর নমিনি হিসেবে অস্কার কমিটি তাঁকেই দিয়েছে সর্বোচ্চ সম্মানী, মাত্র ৫ কোটি ২০ লাখ ডলার, যেখানে তাঁর কাতারের অন্যরা পাচ্ছেন মাত্র ৬০ লাখ ডলার! সূত্র: ভোগ ম্যাগাজিন

সবার চোখেই সেরা রুনি
অস্কারের রেড কার্পেটকে যদি ধরা হয় সবচেয়ে আলোচিত র্যাম্পের রাস্তা, তবে সেটা জিতে নিলেন মার্কিন অভিনেত্রী রুনি মারা। গিভেঞ্চির পরা গাউনটি তো বটেই, প্রতিটি পশ্চিমা ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক ম্যাগাজিন তাঁকে বাহবা দিয়েছে সবচেয়ে ব্যতিক্রমী সাজটির জন্য। বিশ্ববিখ্যাত চুলের সাজ বিশেষজ্ঞ আদির আবারজেলের হাতে টেনে বাঁধা কালো চুলে তিনটি ছোট খোঁপা আর চোখের তীক্ষ্ণ সাজটি এখনো ভুলতে পারছেন না অনেকেই। বলা হচ্ছে, এ বছরের সৌন্দর্যচর্চায় রুনির সাজের প্রভাবই পড়তে চলেছে। সূত্র: নিউইয়র্ক টাইমস

যেমন সাজ তেমন খরচ!
অস্কারের লাল কার্পেটে সবচেয়ে বেশি পরিহিত পোশাকের ব্র্যান্ডগুলোর তালিকা প্রকাশ করেছে ফোর্বস সাময়িকী। তাদের জরিপে এবারের অস্কারে সবচেয়ে বেশি পরা হয়েছে যথাক্রমে ইতালীয় ব্র্যান্ড জর্জিও আরমানি, ফরাসি ক্রিশ্চিয়ান দিওর, লুই ভ্যুতোঁর ও গিভেঞ্চি এবং মার্কিন ব্র্যান্ড কেলভিন ক্লেইনের ভ্যুতোঁর পোশাক। সবচেয়ে দামি স্যুটটি পরেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, যেটির আনুমানিক দাম ৯ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা। সবচেয়ে দামি গয়না পরেছেন লেডি গাগা ও প্রিয়াঙ্কা চোপড়া। তবে পোশাক ও অন্যান্য সাজসজ্জার পেছনে সবচেয়ে বেশি খরচ করেছেন মেয়েরাই। কত শুনবেন? গড়ে ৫ কোটি ৬৩ লাখ ৯ হাজার ৮০০ টাকা মাত্র! সূত্র: ফোর্বস

দ্বিধাবিভক্ত আত্মা!
সেরা অভিনেত্রী ব্রি লারসনের দাবি, নিজস্ব ফ্যাশনে তাঁর আত্মার প্রতিফলন দেখাতে চান। এ কথা শুনে মুচকি হেসেছে সবাই। ফিসফিস করে বলছে, তাহলে সম্ভবত তাঁর আত্মা একটু দ্বিধাগ্রস্ত! তাঁর পরা রাজকীয় নীল রঙের গুচি গাউনটি কি আসলে অস্কারের, না পশ্চিমা স্কুলগুলোর প্রম অনুষ্ঠানের, তা নিয়েই বেশ গরম আলোচনা হয়ে গেল অস্কারের পরে। সূত্র: ইয়াহু নিউজ

ভিকান্দার’ই ভালো
সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অ্যালিশিয়া ভিকান্দার ভালোই সুনজর কেড়েছেন অস্কারে। গুণ, ফ্যাশন আর সৌন্দর্যে মন কাড়লেন সবার। অস্কারের রাজকীয় রংগুলোকে সরিয়ে অ্যালিশিয়া বেছে নিয়েছিলেন হলুদ গোলাপের রং। লুই ভ্যুতোঁ থেকে বেছে নেওয়া স্ট্রাইপ ছাড়া গাউনটিতে তাঁকে দেখাচ্ছিল রূপকথার রাজকন্যার মতোই। সূত্র: হলিউড নিউজ
গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী