
শহরে তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। রাতের আঁধার কাটিয়ে আলোকোজ্জ্বল মঞ্চে খাঁচায় একটি হলুদ পাখি নিয়ে হাজির হয় এক ব্যর্থ প্রেমিক। তার প্রেমিকার মতো পাখিটিও তাকে ছেড়ে উড়ে গেল আকাশের পানে। শব্দযন্ত্রে তখন জোরে বেজে উঠল, ‘হলুদিয়া পাখি, সোনারই বরন পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার পাখিটি ছাড়িল কে’। এ গানের তালে তালে মঞ্চে পা মেলান রঙিন পোশাকে উজ্জ্বল মডেলরা।
১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার বনানীর রাজউক মাঠে ১১টি ফ্যাশন কিউতে তাঁতের বোনা পোশাকে হাজির হন একঝাঁক মডেল। সন্ধ্যা থেকে গভীর রাত অবধি অনুষ্ঠিত এ আয়োজনের পোশাকি নাম ‘ইন্টারন্যাশনাল উইভার্স ফেস্টিভ্যাল (আন্তর্জাতিক বুনন উৎসব) ২০১৯’।

দেশি-বিদেশি ডিজাইনারদের তৈরি তাঁতে বোনা পোশাককে উৎসাহিত করতে এবার নিয়ে তৃতীয়বারের মতো বুনন উৎসবের আয়োজন করেছেন ডিজাইনার টুটলি রহমান। ফ্যাশন শোর বিভিন্ন কিউতে দেখা যায় আনোখি, চমন’স, জে অ্যান্ড জে ক্যালেকশন, মুনস বুটিকস, বিশ্বরঙ বাই বিপ্লব সাহা, লেবাস, ক্যাটস আই, জে এস ফ্যাশন, ফারজানা মালিক ও টাঙ্গাইল শাড়ি কুটিরের পোশাক। পুরো ফ্যাশন শোয়ের মডেলদের সাজিয়েছে পারসোনা।
উৎসবে তাঁতে বোনা জামদানি শাড়ি তুলে ধরে টাঙ্গাইল শাড়ি কুটির। ছিল ডিজাইনারদের বিয়ের পোশাকের আধুনিক সংগ্রহ, মুনস বুটিক দেখায় জামদানি ও নেটের শাড়ি। বিশ্বরঙ তুলে ধরে সাদা বাহারি রঙের শাড়ি, কামিজ ও স্কার্ট। ক্যাটস আই মঞ্চে দেখায় শেরওয়ানি, টপ, ব্লেজার ও প্রিন্স স্যুট। লেবাসের সংগ্রহে দেখা যায় থ্রিপিস, লেহেঙ্গা আর সারারা।

এ আয়োজনে কয়েকজন বিদেশি ডিজাইনারও অংশ নেন। ফ্যাশন শোর মাধ্যমে ঐতিহ্যবাহী খাদি ও জামদানি কাপড়ে তৈরি পোশাক, গামছা, মসলিন, ক্ষুদ্র জাতিসত্তা ও মিরপুরের বেনারসি কয়েকটি কিউতে প্রদর্শন করা হয়।
উৎসবে প্রমিলা তংচংগ্যা, ডনাইপ্রু নেলী, রাংগাপতি ত্রিপুরা ও পার কি ময় বমকে তাঁতশিল্পে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়।

ফ্যাশন শোর এক ফাঁকে মঞ্চে আসেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় অর্থমন্ত্রী বলেন, দেশের তাঁতশিল্প যেন বিলীন হয়ে না যায়, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়কেও বলা হবে, তারা যেন তাঁতশিল্পকে টিকিয়ে রাখতে পরিকল্পনা প্রণয়ন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া, ভুটানের হাইকমিশনার সনাম তবডেন রাবঘি, ব্রাজিলের রাষ্ট্রদূত জোঁ আ তাবাজারা ডি অলিবেইরা জুনিয়র ও গুলশান সোসাইটির সভাপতি সাখওয়াত আবু খায়ের মোহাম্মদ।

অনুষ্ঠানের শেষ ভাগে টুটলি রহমানের পরিচালনায় ‘ফ্যাশন ফিউশন’ নামে একটি ফ্যাশন নাট্যও পরিবেশিত হয়। টুটলি রহমান বলেন, ‘দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের এখন খুবই করুণ অবস্থা। সারা বিশ্বে একসময় এ অঞ্চলের তাঁতে বোনা পোশাকের জৌলুশ দেখা গেছে। দেশের পোশাক কিনে তাঁতিদের উজ্জীবিত করার মাধ্যমে শিল্পকে আমরাই রক্ষা করতে পারি।’
