বেলি ফুলের সুগন্ধে...

পথে বেরোলেই দেখা মিলছে বেলি ফুলের। ঢাকার প্রায় প্রতিটি রাস্তায় বিক্রি হচ্ছে। ফুলের গন্ধে হারিয়ে যায় মন। চোখের জন্যও যেন প্রশান্তি। বাড়তি পাওনা—বেড়ে যায় চুলের সৌন্দর্যও। দাওয়াতে, বিয়ের আসরে, সাধারণ সময়ে সুযোগ পেলেই মাথায় লাগানো হচ্ছে বেলি ফুলের মালা। চুলে না হলেও হাতে পেঁচিয়ে নিচ্ছেন অনেকেই। চুলে বেলি ফুলের কয়েকটি সাজ তুলে ধরা হলো।
খোঁপার সঙ্গে বেলি ফুল
সামনের দিকের চুলগুলো ঢেউয়ের মতো করে পেছনে নিয়ে আটকানো হয়েছে। স্প্রে করে সামনের দিকের চুলগুলো শক্ত করে নেওয়া হয়েছিল ঢেউ করার জন্য। পেছনের চুলগুলোকে আঁচড়িয়ে খোঁপা করে বেলি ফুল লাগিয়ে দেওয়া হয়েছে।
বেণিতে প্যাঁচানো বেলি
পেছনের লম্বা বেণির পুরোটাই বেলি ফুলে জড়ানো। এর আগে সামনের দিকের চুলগুলোকে মাঝে সিঁথি করে দুপাশে চ্যাপ্টা করে ক্লিপ দিয়ে আটকানো হয়েছে। এরপর মাঝের চুলগুলো দিয়ে চিকন করে বেণি করে ফেলুন। এরপরের অংশের চুলগুলোকে ফুলিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন। এরপর বেণি করুন।

উঁচু খোঁপায় বেলি
উঁচু করে বাঁধা খোঁপার সামনে বেলি ফুলের মালা আটকে দেওয়া হয়েছে।

এক পেশে খোঁপা
এক পাশে সিঁথি করে এলোমেলো করে খোঁপা করা হয়েছে। সামনের দিকের চুলগুলোকে গোল করে পেঁচিয়ে আটকানো হয়েছে। মাঝখানের চুলগুলোকে পাফ করে উঁচু করে ক্লিপ দিয়ে আটকানো হয়েছে। এই উঁচু চুলের সামনে এক পাশে বেলি ফুল আটকে দেওয়া হয়েছে।

মেসি বানে
সামনের চুলগুলোকে আঁচড়িয়ে নিন ভালো করে। এবার এক পাশে সিঁথি করুন। কপাল ঢেকে বেণি করুন মোটা করে। এবার চুল ফুলিয়ে উঁচু করে পেছনে ক্লিপ দিয়ে আটকে নিন। পেছনে মেসি বান করে কয়েকটা চুল কোঁকড়া করে ছেড়ে রাখুন। পুরো মাথায় মাঝেমধ্যে গুঁজে দিন একটা-দুটা বেলি ফুল।

বেলি ফুলের গুচ্ছ
মাথার এক পাশের চুলকে তিন ভাগ করে নিন। এবার প্রতিটি ভাগের আগে বা পরে বেলি ফুলের মালা গোল করে পেঁচিয়ে আটকে দিন। চুলগুলোকে আরেক পাশে নিয়ে গোলাপ ফুলের নকশায় খোঁপা করা হয়েছে।