বৈশাখী সাজে সারা দিন

এক দিন পরই পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথম দিনটি এখন বাঙালির বড় এক উৎসব। নববর্ষে নিজেকে তুলে ধরতে পারেন নতুনভাবে। প্রতিবছরই সাজে আসে নতুনত্ব। এবার সাজসজ্জায় নতুন মাত্রা যোগ করবে বিভিন্ন রকমের চুলের সাজ। সঙ্গে মেকআপ করার চলতি ধারা তো আছেই। বিশেষজ্ঞদের মতে, চুল বাঁধা ও মেকআপ—দুটোই বেছে নেওয়া উচিত পোশাকের সঙ্গে মিলিয়ে। নকশার এই আয়োজনে তুলে ধরা হলো তেমনই কিছু বৈশাখী সাজ।
উজ্জ্বল ও ন্যাচারাল—দুই ধরনের মেকআপই এবার চলবে। সাজে দেশীয় ভাব রাখতে চাইলে তা টিপ, কাজল, খোঁপাতেই ফুটিয়ে তোলা যাবে বলে জানালেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। আর যদি চলতি ধারায় সাজতে চান তাহলে উজ্জ্বল বা গাঢ় লিপস্টিক, টি জোনে একটু শিমারের ব্যবহার থাকতে পারে। চেহারার বাকি অংশে ত্বকের সঙ্গে মিলিয়েই ফাউন্ডেশন লাগান। এতে করে চেহারায় শিমারি ম্যাট ভাব আসবে।

চোখের ওপরের অংশে হালকা বাদামি রঙের আইশ্যাডো। চোখের নিচে হালকা সবুজ আইশ্যাডো। মাঝে গাঢ় ছাইরঙা কাজলের ব্যবহার। হালকা মিশিয়ে (ব্লেন্ড) নিতে পারেন। ঠোঁটে গাঢ় কফি রঙের লিপস্টিক। চুলটাকে একটু এলোমেলোভাবে সেট করে বাঁধা হয়েছে। প্রথমে বেণি করা হয়েছে। এরপর বেণিসহ চুলকে কার্লার দিয়ে কার্ল করা হয়েছে। এবার একটু এলোমেলোভাবে চুলটাকে সেট করে কালো ক্লিপ দিয়ে আটকে নিন। কিশোরীদের জন্য সাজটি মানানসই।
পোশাক: লা রিভ, মডেল: তানহা

বেস দেওয়া হয়েছে ভারী করে। চোখে তামাটে ও সোনালি রঙের আইশ্যাডো ব্যবহার করা হয়েছে। আইলাইনার পরানো হয়েছে টেনে। লাল লিপস্টিক ও টিপে ঐতিহ্যবাহী সাজ।
পোশাক: অন্যমেলা

চুলটাকে সামনে ফুলিয়ে সেট করা হয়েছে। এক পাশে হলুদ অর্কিড, অন্য পাশে চিকন বেণি করে গোলাকারে পেঁচিয়ে লাগানো হয়েছে। সঙ্গে বাড়তি কিছু চুল গোল গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে লাগানো হয়েছে। ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক। চোখে হালকা হলুদ রঙের শ্যাডো। আইলাইনার টেনে দেওয়া হয়েছে। ভুরু মোটা করে আঁকা। কপালে বড় লাল টিপ।
মাঝখানে সিঁথি করে হাতখোঁপায় চুল বাঁধা। ব্যবহার করা হয়েছে গাঁদা ফুলের মালা। চোখে মোটা করে কাজলের টান। শাড়ির পাড়ের সঙ্গে মিলিয়ে ঠোঁটে গোলাপি লিপস্টিক।
পোশাক: রঙ বাংলাদেশ

ঠোঁটে লাল ও গাঢ় গোলাপি রঙের লিপস্টিক মিলিয়ে এই টোনটি আনা হয়েছে। চোখের নিচের অংশে আইলাইনার একটু টেনে ব্যবহার করা হয়েছে। ভেতরের অংশে দেওয়া হয়েছে সাদা কাজল।
পোশাক: বিবিআনা

ন্যাচারাল বেস করা হয়েছে। চোখে গোলাপি ও সাদা শ্যাডো। চোখে আইলাইনার দেওয়া হয়েছে শ্যাডো পাউডার দিয়ে। ঘামে গলে যাওয়ার ভয় থাকবে না। গোলাপি রঙের লিপস্টিক দেওয়া হয়েছে। এ ছাড়া একই পোশাকে ব্যবহার করা হয়েছে হালকা পিচ রঙের লিপস্টিকও। ক্যাজুয়ালভাবে করা হয়েছে ফ্রেঞ্চ বেণি। কানের এক পাশে ফুল গুঁজে দিতে পারেন। আবার চাইলে ওপর থেকে নিচে ফ্রেঞ্চ বেণির মধ্যে ছোট ছোট ফুল লাগিয়ে দিতে পারেন।
পোশাক: লা রিভ