
এ বছর পয়লা বৈশাখের ফ্যাশনে শুধু পোশাকের রঙেই নয়, কাটছাঁটেও থাকবে বৈচিত্র্য। নকশাবিদদের এই কথার প্রমাণ পাওয়া গেল রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের দেশী দশে। গত ৩০ মার্চ দেশী দশে আয়োজন করা হয় বৈশাখী পোশাক প্রদর্শনীর। প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন ডিজাইনার চন্দ্র শেখর সাহা।
অঞ্জন’স, নিপুণ, রঙ বাংলাদেশ, কে-ক্র্যাফট, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, সৃষ্টি, নগরদোলা ও বাংলার মেলা বিভিন্ন মোটিফ দিয়ে ডিজাইন করা পোশাকগুলো তুলে ধরেছে এই প্রদর্শনীতে। সুতির পাশাপাশি থাকছে মসলিন, সিল্ক আর অ্যান্ডি কাপড়ের তৈরি পোশাকের আয়োজন। আয়োজনের সমন্বয়ক শাহীন আহমেদ বলেন, ‘মূলত বাঙালিয়ানা পোশাকের মাধ্যমে তুলে ধরেছে দেশী দশ। প্যাটার্ন এবং রঙের ক্ষেত্রে এবার বেশ বৈচিত্র্য থাকছে। দেশী দশের উৎসবকেন্দ্রিক এ ধরনের আয়োজন সব সময়ই থাকবে। এটা দেশীয় ফ্যাশনকে নিত্যনতুনভাবে সবার সামনে তুলে ধরবে।’ উদ্বোধনী আয়োজনে দ্বিতীয় পর্বে ছিল ফ্যাশন শো। ১১টি কিউতে এই ১০টি প্রতিষ্ঠানের পোশাক পরে র্যাম্পে হাঁটেন মডেলরা। ফ্যাশন শো পরিচালনা করেন বুলবুল টুম্পা। দেশী দশের চারটি শাখা ঢাকার বসুন্ধরা সিটি, হাসিম টাওয়ার গুলশান, সিলেট কুমারপাড়া ও চট্টগ্রাম আফমি প্লাজায় ১৪ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

হাজার শাড়ির প্রদর্শনী
বাংলার শাড়ি, বাঙালির শাড়ি—এই শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাটিক ও হ্যান্ড পেইন্ট শাড়ির এক কাব্যিক ও নান্দনিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিল্পী কিবরিয়ার হাজার শাড়ি, হাজার নকশার পাঁচ দিনের এই প্রদর্শনী শেষ হচ্ছে আজ। শুরু হয়েছে ১ এপ্রিল। প্রদর্শনীতে হাজারটি শাড়িতে হাজার ধরনের নকশা করা হয়েছে। তবে বিভিন্ন টাইডাই, বাটিক, ব্লকপ্রিন্ট, ব্রাশ পেইন্ট, আলপনার নকশা, প্রকৃতির রূপ, দেশীয় গানের লাইন এই মাধ্যমগুলোই প্রাধান্য পেয়েছে। চিত্রশিল্পী কিবরিয়া বলেন, ‘প্রকৃতি যেমন একক তেমনি নারীর সৌন্দর্যও একক। তাই তাদের শাড়ির যেন বিকল্প না হয়, এমন চিন্তা থেকেই হাজারটি শাড়িতে হাজারটি নকশা করেছি।’ শাড়িগুলো প্রদর্শনীতে কেনা যাবে ২৬০০ থেকে ৩১০০ টাকার মধ্যে।