বো-এর বাহাদুরি

গাউনে বোছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজপোশাকের সঙ্গে সঠিক অনুষঙ্গ বা অ্যাক্সেসরিজ না থাকলে কোথায় যেন একটা অসম্পূর্ণতা থেকেই যায়। আর নারী-পুরুষনির্বিশেষে যে অনুষঙ্গটি চুল, পোশাক আর জুতার শোভাবর্ধন করেছে যুগের পর যুগ, তা হলো বো। নানা রং, উপাদান ও টেকশ্চারের রিবন বা ফেল্ট পেঁচিয়ে বাঁধা বা সেলাই করা এই বো-এর জাদুতে ছেয়ে গেছে সারা দুনিয়া।

বো চলে আসছে যুগ যুগ ধরে
ছবি: উইকিপিডিয়া

সেই ভিক্টোরিয়ান আমলের ব্রোচ পরতে দেখা যায় রানি দ্বিতীয় এলিজাবেথকে। কখনো নিকোলোডিয়ন টিভির টিনেজ স্টার জো জো সিউয়ার ট্রেডমার্ক রংবেরঙের বো-এর সাজের ক্রেজ সামলানো দায় হয়ে ওঠে। মার্কিন স্কুলগুলোতে বো-এর সাজের ওপরে চলে নিষেধাজ্ঞার খাঁড়া।

অভিষেক অনুষ্ঠানে পুসিক্যাট বোতে কমলা হ্যারিস
ছবি: রয়টার্স

কমলা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানের পোশাকের নেকলাইনে পুসিক্যাট বো-এর সজ্জা, অথবা উইনস্টন চার্চিলের স্যুট বা ওভারকোটের সঙ্গে বো টাইয়ের সিগনেচার লুক—ফ্যাশনে বো-এর দাপট সর্বযুগে, সর্বত্র। ১৯ আগস্ট তারিখটি প্রতিবছর তাই আন্তর্জাতিক বো দিবস হিসেবে ফ্যাশন দুনিয়ায় জোরেশোরে উদ্‌যাপন করা হয়। বিশ্ববিখ্যাত অ্যাক্সেসরিজ কোম্পানিগুলো, বিশেষ করে ক্লেয়ারসের উদ্যোগেই এই দিবসের জাঁকজমক বেড়েছে দুনিয়ায়। তবে কথা হচ্ছে, বো-এর ব্যবহারের উৎপত্তি ঠিক কবে বা কখন, তা বলা সত্যিই মুশকিল।

কেশসজ্জায় বো-এর ব্যবহার

বো দিয়ে ম্যারি আতোয়াঁনেতের কেশসজ্জা
ছবি: উইকিপিডিয়া

সেই সতের শ দশকের ফরাসি রানি ম্যারি আতোয়াঁনেতের বিভিন্ন বিখ্যাত পোর্ট্রেটগুলোতে কেশসজ্জায় প্রায়ই বো-এর সাজ দেখা যায়। তবে আদিকালে কিন্তু নারী-পুরুষ উভয়েরই চুলের সাজে বো-এর উপস্থিতি লক্ষণীয়। মজার ব্যাপার হলো, ফরাসি সংস্কৃতিতে লম্বা দাড়ির বিনুনির নিচে হৃদয়স্থল বরাবর হার্ট শেপের বো বেঁধে প্রেয়সীর প্রতি ভালোবাসা প্রদর্শন করতেন পুরুষেরা। অবশ্য কালের বিবর্তনে কেশবিন্যাসে বো-এর সাজ ফেমিনিন লুকেরই প্রতীক হয়ে ওঠে। পনিটেইল বা বিনুনিতে রিবনের বো একসময় স্কুলগামী বালিকাদের ইউনিফর্মের অংশের মতোই হয়ে গেল। বো দেওয়া ক্লিপ, স্ক্রাঞ্চি, পাঞ্চ ক্লিপ, হেয়ারব্যান্ড সবই সমান জনপ্রিয়। বিখ্যাত চলচ্চিত্র ‘দ্য উইজার্ড অব ওজ’-এ ডরোথির ভূমিকায় জুডি গার্ল্যান্ডের চুলে ছোট্ট মিষ্টি বো-এর সাজের কথা কেউ ভুলতে পারে না আজ এত বছরও।

নিজের চুল দিয়ে বো করেছেন লেডি গাগা
ছবি: লেডি গাগার ইনস্টাগ্রাম হ্যান্ডল

আবার পপ ফ্যাশন আইকন লেডি গাগা তাঁর স্বভাবজাত চমকে দেওয়া লুকের ধারাবাহিকতায় নিজের চুল দিয়েই বিভিন্ন শেপে ঢাউস আকৃতির বো বানিয়েছেন। আবার সেই সতের শতকেই মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নারীদের স্বাভাবিক কোঁকড়া চুল ঢেকে রেখে মাথায় টিনন নামের স্কার্ফ জড়িয়ে রাখার আইন করা হলো।

শিশুর কেশসজ্জায় বো
ছবি: পেকজেলসডটকম

এর কড়া প্রতিবাদ হিসেবে সেই টিননের ওপরে রংবেরঙের ক্লিপ আর বো পরতেন নারীরা। হেয়ার বো–এর ফ্যাশন আবার জোরেশোরেই শুরু হয়েছে ২০১৮ সালের পর থেকে। এখন তো একেবারে নবজাতক কন্যাশিশুর প্রথম ফটোশুটেও মাথায় একটা বোওয়ালা রিবন ব্যান্ড না হলে চলেই না।পোশাক–আশাকে বো-এর সাজ

পোশাক–আশাকে বো-এর সাজ

ট্রাপিজ ড্রেসেও বো ব্যবহার করেছেন ইভস সাঁ লোর
ছবি: উইকিপিডিয়া

পোশাকের ফ্যাশনে বো-এর ব্যবহার নিয়ে বলতে গেলে আর শেষ করা যাবে না। একই অড্রে হেপবার্ন ‘সাবরিনা’ ছবিতে পরেছেন কুচকুচে কালো ছোট্ট বো স্ট্র্যাপে বাঁধা ড্রেস। আর ‘মাই ফেয়ার লেডি’তে পরেছেন সাদা–কালো নাটকীয় বো দেওয়া আওয়ার গ্লাস ডিজাইনের ইভনিং গাউন। ইভস সাঁ লোরের ট্রেডমার্ক গোলাপি বিশাল স্যাশ বো বিশিষ্ট ড্রেসটির এত রেপ্লিকা বানানো হয়েছে আর আইনি ঝামেলা হয়েছে যে এমন ঘটনা ফ্যাশন দুনিয়ায় সত্যি দুর্লভ। আবার বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি জ্যাকুলিন কেনেডি, ন্যান্সি রেগ্যান, বিলেতি প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, প্রিন্সেস ডায়ানা—তাঁরা সবাই গলার নিচে ক্যাজুয়াল কায়দায় বাঁধা নরম স্যাটিন বা সিলকের পুসিক্যাট বো খুবই পছন্দ করেন আর করতেন। তাঁদের ছবিগুলো সেই কথাই বলে। অনেক কন্যাশিশুর পছন্দ অনুযায়ী জামাকাপড়, টপ বা গাউনে বো থাকা চাই–ই চাই।

গাউনে ব্যাক বো
ছবি: ইনস্টাগ্রাম

পশ্চিমা বিয়ের ধবধবে সাদা ওয়েডিং গাউনে প্রায় সময়েই বো ডিটেইলস বা পেছনে বাঁধা বড় বো থাকে। অন্যান্য ককটেল ড্রেস, গাউন, শাড়ির সঙ্গে পরা ব্লাউজের ব্যাক বো, এমনকি মডেস্ট ফ্যাশনের আবায়া, গাউনেও চোখে পড়ার মতো বো–এর সাজ দেখা যায়। বর্তমান সময়ে ফ্যাশন র‍্যাম্প কাঁপাচ্ছে পোশাকে অদ্ভুত এক বো-এর ব্যবহার। নিতান্ত নিরীহ ধরনের এই বোগুলো আপাতদৃষ্টিতে দেখলে আনাড়ি হাতে বাঁধা মনে হওয়াই স্বাভাবিক। লম্বা ঝুলবিশিষ্ট, চিকন রিবন দিয়ে তৈরি কেয়ারলেস ডিজাইনের এই বোগুলো এখন সুপার ট্রেন্ডি।

সর্বজনীন বো টাই

ক্যাজুয়াল বো
ছবি: পেকজেলসডটকম

পোশাকে বো-এর নানাবিধ ব্যবহার নিয়ে অনেক কথা বললেও বো টাইয়ের ব্যাপারগুলো একদমই আলাদা। সাধারণত একটু ক্যাজুয়াল, আনন্দঘন পরিবেশের পার্টিগুলোতেই টাক্সিডো স্যুটের সঙ্গে নানা রকমের বো টাই পরার প্রচলন শুরু হয়েছিল সতের শতকে। চার অংশবিশিষ্ট স্যুটের ওয়েস্টকোটের সঙ্গে বো টাই খুবই মানিয়ে যায়। জেমস বন্ড বা ইন্ডিয়ানা জোনসকে তো বো টাই ছাড়া ভাবাই যায় না। তবে এই আগল ভাঙা ফ্যাশনের যুগে টাক্সিডো না পরলেও বো টাই পরা যায় অনায়াসে।

টাক্সিডো স্যুটের সঙ্গে বো, জমে যায় পার্টি
ছবি: পেকজেলডটকম

কেতাদুরস্ত শার্ট বা চামড়ার স্টাইলিশ কোটের সঙ্গে বো টাই পরেন অনেকেই। আর এখন তো নারী–পুরুষ সবার ফ্যাশনেই বো টাই সমানভাবে জায়গা করে নিচ্ছে।

ম্যারি পপিন্স ছবি কোজে পোশাকে বো পরেছে জুলি অ্যান্ড্রুজ
ছবি: উইকিপিডিয়া

বিলেতি রাজকুমারী অ্যান তাঁর নেভি স্যুটের সঙ্গে যেভাবে বো টাই পরেছেন, এর মধ্যে এক অন্য রকম শক্তি লুকিয়ে আছে। বিখ্যাত শিশুতোষ চলচ্চিত্র ‘ম্যারি পপিন্স’-এর নামভূমিকায় জুলি অ্যান্ড্রুজ তাঁর কেজো পোশাকের সঙ্গে যেভাবে বো টাইকে ব্যবহার করেছেন, সেটিও ক্ষমতার প্রতীক।

জুতা আর অনুষঙ্গে বো-এর সজ্জা

হিলে বো
ছবি: ইনস্টাগ্রাম
স্যান্ডেলে বো
ছবি: ইনস্টাগ্রাম

পিপ টো হিল হোক বা ফ্লিপ ফ্লপ চটি জুতা, বো-এর ব্যবহার মনে সমান আবেদন জাগায়। ব্যালেরিনা পাম্প শুতে এই একটি সরু বো দিলে লুকটাই বদলে যায়। আজকাল অনেক স্ট্র্যাপযুক্ত হিল জুতার সামনের দিকে শুধু বো দিয়েই পায়ের পাতা সামলে নেওয়া ডিজাইন করা হয়। অলংকারে বো ডিজাইন খুবই জনপ্রিয়। বিলেতের রাজপরিবারের ভিক্টোরিয়ান বো শেইপ ব্রোচয়ের কথা তো আগেই বলা হলো। আজকাল কানের দুল বা টপ, লকেট, নেকলেস, ব্রেসলেট, আংটি—সবকিছুতেই বিশ্বব্যাপী খুব চলছে বো ডিজাইন। হিজাবের সঙ্গেও বো ডিজাইনের ব্রোচ খুবই জনপ্রিয়। আবার ব্লক বা প্রিন্ট করে বো প্যাটার্নে ডিজাইন করা হয় দুনিয়াজোড়া কাপড়। প্রিন্স উইলিয়ামসের বিয়ের অনুষ্ঠানে ম্যাড হ্যাটার বলে বিখ্যাত প্রিন্সেস বিয়েট্রিসের বো শেপ বিশাল টুপি নিয়ে চলেছিল বিস্তর আলোচনা।

লেডি গাগর বো স্টাইল
ছবি: ইনস্টাগ্রাম

রংবেরং বো-এর সাজ মানেই একধরনের শিশুসুলভ ব্যাপার। নারীসুলভ কমনীয়তা আছে বো, আবার ব্যক্তিত্বের ধরন প্রকাশেও আছে বো। প্রথা ভাঙার ফ্যাশনে বো আবার কেতাদুরস্ত ফর্মাল লুকেও বো। জরিপে বিশ্বব্যাপী বো পরতে ভালোবাসেন অনেকেই এমনটা মতামত দিয়েছেন যে বো-এর সাজ তাঁদেরকে একদম অন্য রকম এক চপল অনুভূতি দেয়, যা তাঁদের ভালো লাগে। তাই তো ক্লেয়ার আর এটসির অ্যাক্সেসরিজে ঘুরেফিরে আসছে বো।

সারমেয়ই বাদ বাদ যাবে কেন বো থেকে
ছবি: পেকজেলডটকম

গুচি, ইভ সাঁ লোর থেকে শুরু করে ম্যাংগো আর এইচঅ্যান্ডএমও পোশাকে বো নিয়ে নানা নিরীক্ষা করছে। বো-এর ফ্যাশন আসলে কখনোই চলে যায়নি। বরং দিন দিন নানা ভঙ্গিমায় বেড়েই চলেছে। এই সময়ে দাঁড়িয়ে বোকে আরও অন্যভাবে কী রকম করে উপস্থাপন করা যায়, তা নিয়ে প্রচুর কাজ হয় ফ্যাশন দুনিয়ায়। বো-এর জয়জয়কার সব সময় সবখানে ছিল, আছে আর থাকবে।