ভালোবাসার ছোঁয়া দুজনার পোশাকে

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত—কাল এ কথা বলে বসন্তকে স্বাগত জানানো হয়েছে। আজ চলুন, স্বাগত জানাই ভালোবাসার দিনটিকে। ভালোবাসা মনে কম থাকুক কিংবা বেশি—আজ ভালোবাসা দিবস।
ভালোবাসা—মনের এই অনুভূতি প্রকাশ পায় বছরের ৩৬৫ দিনই। তারপরেও একটা দিন ধুমধাম করে উদ্যাপন করা যেতেই পারে। রাস্তায় বের হয়ে ইতিমধ্যেই হয়তো মন কেড়ে নিয়েছে ফুলের দোকানগুলোর সাজানো সম্ভার, রঙিন পোশাক সাজিয়ে রাখা শপিং মলগুলো, ভালোবাসার মানুষের জন্য অপেক্ষায় থাকা প্রেমিক কিংবা প্রেমিকার চেহারার লাজুক ভাবও নিশ্চয়ই চোখ এড়ায়নি। দিনটি উদ্যাপন করা হয় নানাভাবেই। উৎসবমুখর এই দিনে পোশাকের উপস্থাপন অনেকের কাছেই গুরুত্বপূর্ণ বিষয়। দুজনের মনের মিল প্রকাশ পেতে পারে পোশাকের নকশায়, রঙে। যুগলদের পোশাক মিলিয়ে পরার চল আগেও ছিল আমাদের দেশে। দিনের কোনো একটা সময় মেলানো পোশাক পরতে পারেন।
‘ভালোবাসার জন্য কোনো নির্ধারিত রং নেই। যেকোনো রঙেই সাজিয়ে তুলতে পারেন দিনটি। পোশাকে শুধু লাল রঙের ছটাই থাকতে হবে, একদমই না।’ ডিজাইনার লিপি খন্দকার ব্যক্তিগতভাবে এই ধারণা পছন্দ করেন। প্রায়ই কাকতালীয়ভাবে স্বামীর সঙ্গে পোশাকের রং মিলে যায়। বেশ মজাই পান তখন। রং ও নকশার মাধ্যমে দুটি পোশাকের মধ্যেও একটি সম্পর্ক তৈরি করা যায় বলে মনে করেন লিপি খন্দকার। মেয়েটির পোশাকের সবচেয়ে উজ্জ্বল রংটি পছন্দ না হলে সবচেয়ে অনুজ্জ্বল রংটির পোশাক পরতে পারে ছেলেটি। একইভাবে পোশাকের কোনো একটি নকশা দুজনের পোশাকেই থাকতে পারে, যদি খুব বেমানান না লাগে। শাড়ির চিকন পাড়টি পাঞ্জাবির গলায় কিংবা হাতায় থাকতে পারে। পোশাক মিলিয়ে বানানোর সময় না থাকলে দোকান থেকে একই রঙের পোশাক কেনা যেতে পারে অনায়াসেই। পোশাক মিলিয়ে পরতে চাইলে অনেক ধরনের মাধ্যমই কাজ করতে পারে।

জমকালো মেরুনে
পোশাক: ওয়ারেছ আব্দুল
নতুন বিবাহিত যুগলদের মিলিয়ে পোশাক পরার পরামর্শ দিলেন ডিজাইনার ওয়ারেছ আব্দুল। তবে অবশ্যই তা ব্যক্তিত্ব বিবেচনা করে। অনুষ্ঠানভেদে পোশাকের রং, নকশা, কাট নির্বাচন করে থাকেন ওয়ারেছ। ভালোবাসা দিবসে রাতে কোনো অনুষ্ঠানে পরার জন্য মেরুন রঙের পোশাকটি আদর্শ। দুজনের পোশাক বানানো হয়েছে মেরুন রঙের কাপড় দিয়ে। দুটি পোশাকেই সোনালি কাজ প্রাধান্য পেয়েছে। মেয়েটির স্কার্ট, টপটি বানানো হয়েছে ফিউশন ধাঁচে। সঙ্গে মানিয়ে ছেলেটির জন্য পাঞ্জাবি।

পোশাকে টাই-ডাই
পোশাক: রিফাত রেজা
পাঞ্জাবি ও টপের নকশায় প্রাধান্য পেয়েছে জামদানি মোটিফ ও টাই-ডাই। রিফাত রেজা টাই-ডাইয়ে উজ্জ্বল এই রংগুলোর মধ্যে ফাল্গুন ও ভালোবাসা—দুটির ছোঁয়াই রেখেছেন। পাঞ্জাবিতে কালো ও গাউনে সাদা রঙের মাধ্যমে ভারসাম্য নিয়ে এসেছেন। রিফাত রেজা বলেন, রং ও মোটিফ—দুটোকে মিলিয়েই পোশাক দুটি তৈরি করেছেন। সুতির কাপড়ের হওয়ায় সারা দিন পরে ঘোরা যাবে। দাওয়াতেও পরা যাবে অনায়াসে। মেয়েটির পোশাকটি গাউন ধাঁচের। ওপরের টপটি আলাদাভাবে বানানো। চলতি ধারা অনুযায়ী হাতায় বেলবটম কাট।

অনুজ্জ্বল রঙে উজ্জ্বল
শাড়ি: সৌমিন আফরিন
শার্ট: ব্যাঙ

বসন্তের ফুল দিয়েই শাড়িটি সাজানো হয়েছে। সাদা রঙের মসলিনের ওপর হ্যান্ড পেইন্ট করা। শাড়িটির শেওলা ফুলের রংটিকেই বেছে নেওয়া হয়েছে ছেলেটির শার্টের জন্য। যাঁরা উজ্জ্বল রং পছন্দ করেন না, পোশাকের কোনো একটি অনুজ্জ্বল রং তাঁরা বেছে নিতে পারেন।
সবুজে সতেজ মন
পোশাক: একস্ট্যাসি
পোশাক বানানোর সময় না থাকলে কিনে নিতে পারেন দোকান থেকে। এক দোকান থেকে না পেলে দুই দোকান থেকেই সই। সারা দিন কিংবা রাতের কোনো অনুষ্ঠানের জন্য আদর্শ। রংটাও এমন যে মনটাও হয়ে থাকবে প্রকৃতির মতোই সতেজ।