স্টাইল: স্থপতি মুস্তাফা খালীদ পলাশ। ভালোবাসেন গান গাইতে, ছবি আঁকতে, ছবি তুলতে। পরিবারের সঙ্গে ঘুরে বেড়াতে
মনে নকশা, প্রাণে গান

মানুষ যা হওয়ার স্বপ্ন দেখে, কারো কারো সে স্বপ্ন পূরণও হয়। মুস্তাফা খালীদ পলাশ তো তেমনই একজন। ভিস্তারা আর্কিটেক্টসের প্রধান স্থপতি, ডেলভিসতা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডেলভিসতা ফাউন্ডেশনের চেয়ারম্যান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। এই মানুষটি তাঁর স্বপ্ন পূরণ করতে পেরেছেন। শিল্পের নানা মাধ্যমে তাঁর বিচরণ। শুধু স্থাপত্যই নয়, তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে গেছে চিত্রকলা, সংগীত, আলোকচিত্র।
মুস্তাফা খালীদ যে সংগীতানুরাগী, তা বসার ঘরে ঢুকেই বোঝা গেল। তাঁর বাড়িতে প্রায়ই গানের আড্ডা হয়। পিয়ানো, সেতার, এসরাজ কিংবা বাঁশি—সব বাজাতে তিনি সমানভাবে দক্ষ। রবীন্দ্রসংগীত বেশি প্রিয়, তবে অন্যান্য গানও গান। মুস্তাফা খালীদ ও তাঁর স্ত্রী স্থপতি শাহজিয়া ইসলামের কাছে গান প্রার্থনার মতো।
তাঁর সকালও শুরু হয় তারা মিউজিক চ্যানেলে গান শোনার মধ্য দিয়ে। সাধারণত ভোর ছয়-সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে ওঠেন। চা হাতে গান শোনেন। ১০টার দিকে বেরিয়ে পড়েন অফিসের উদ্দেশে। সকাল দশটা থেকে বিকেল পাঁচটা শুধু কাজের জন্য। মাঝেমধ্যে মিটিংয়ে বসে ডুডল (একধরনের স্কেচ) করেন। মুস্তাফা খালীদ বলেন, ‘অনেক সময় দেখা যায় মিটিংয়ে কোনো কারণে রাগ হচ্ছে। তখন স্কেচের মাধ্যমে রাগ প্রশমিত হয়। আবার ওই মুহূর্তটা প্রতিটি স্কেচের সঙ্গে থাকে। ফলে স্কেচটা দেখলে তখন কী কী হয়েছিল মনে পড়ে যায়।’ ঢাকার জিপি হাউস, ওয়েস্টিন হোটেল, বসুন্ধরা সিটি শপিং মল, চট্টগ্রামের র্যা ডিসন ব্লু হোটেলসহ অনেক স্থাপত্যেই আছে তাঁর সৃষ্টিশীল ছোঁয়া।

এই খ্যাতনামা স্থপতি অ্যাক্রিলিক ও তেল—এই দুই মাধ্যমে ছবি আঁকতে পছন্দ করেন। লাল রং তাঁর প্রিয় হলেও কালো রঙের পোশাক বেশি পরেন। অফিসে সাধারণত টি-শার্ট ও জিনস পরেন। মিটিং বা ফরমাল অনুষ্ঠানে ফতুয়া ও প্যান্ট পরেন। একটা সময়ে অ্যান্ডেজের পোশাক পরতেন। এখন বেশির ভাগ পোশাক নিজেই নকশা করেন। একেবারে শখের বশে চুলও বড় রেখেছেন।
ক্যামেরা ও ঘড়ি সংগ্রহ করা তাঁর শখ। ক্যাননের নানা রকমের লেন্স ও ক্যামেরা আছে তাঁর কাছে। আর রোলেক্স ঘড়িটি তাঁর হাতে থাকে সব সময়। আরেক হাতে হোয়াইট গোল্ডের মধ্যে ছোট ছোট হীরা বসানো একটি বালা—স্ত্রী শাহজিয়া তাঁকে উপহার দিয়েছেন।
নিজেকে ‘গ্যাজেট ফ্রিক’ বলেন তিনি। ‘অ্যাপলের সব জিনিস ব্যবহার করি। ফেসবুকে যতটুকু প্রয়োজন, অতটুকু থাকি।’ বলেন মুস্তাফা খালীদ। সময় পেলে স্ত্রী ও দুই ছেলে নৈঋত ও ঈষাণকে নিয়ে ঘুরতে বের হন। এখন পর্যন্ত বিশ্বের ৪০টি দেশে বেড়াতে গেছেন।
সন্ধ্যায় বাড়িতে ফিরে গানবাজনা নিয়ে বসেন। পরিবারের সঙ্গে সময় কাটান। রাতের খাবারও তাড়াতাড়ি খান। ডায়েট কিছুটা নিয়ন্ত্রণ করলেও খাবারের টেবিলে নানা রকমের পদ থাকা চাই তাঁর।
তাড়াতাড়ি যেহেতু ঘুম থেকে ওঠেন, তাই ঘুমিয়েও পড়েন তাড়াতাড়ি। নিয়ন্ত্রিত জীবনযাপন তাঁর সফলতার পেছনে বড় ভূমিকা রেখেছে, এমনটা জানান তিনি। সঙ্গে এটিও বিশ্বাস করেন, নিষ্ঠা, সততা ও একাগ্রতা থাকলে তাঁর জীবনে সাফল্য আসবে।
