মসলিনের মঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মসলিন কাপড়ে তৈরি বিভিন্ন ধরনের পোশাক পরে মঞ্চ মাতান মডেলরা। ছিব: জাহিদুল করিম
মসলিন কাপড়ে তৈরি বিভিন্ন ধরনের পোশাক পরে মঞ্চ মাতান মডেলরা। ছিব: জাহিদুল করিম
.
.

পুরো মঞ্চ তখন হাওয়ায় ইন্দ্রজাল নৃত্যনাট্যের শেষ দৃশ্যে বন্দী। এক খণ্ড মসলিন কাপড় নিয়ে দৌড়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে আহসান মঞ্জিলের দোতলায় মিলিয়ে গেল দুজন তাঁতি। গোলাপি আলোয় রাঙানো দোতলার বারান্দা দিয়ে সিঁড়ি বেয়ে নিচের দিকে আসছে একঝাঁক মডেল। নৃত্যনাট্যের রেশ ধরেই মঞ্চে এলেন মডেলরা। পরের দেড় ঘণ্টা শুধুই মুগ্ধতা। ফ্যাশন শো দেখে বোঝা গেল মসলিনের আভিজাত্য। আর নকশা যেন ফিরিয়ে নিয়ে গেল মুঘল রাজদরবারে!
৬ ফেব্রুয়ারি রাতে বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা ঢাকার নবাববাড়ি আহসান মঞ্জিলে আয়োজিত মসলিন নাইটে ফ্যাশন শোর শুরুটা ছিল এমনই। বাংলার ঐতিহ্যবাহী এই কাপড় নিয়ে মাসব্যাপী মসলিন উৎসব ২০১৬ আয়োজন করেছে দৃক গ্যালারি, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আড়ং। উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন ছিল মসলিন নাইট। যেখানে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি অতিথিরা।
ফ্যাশন শোর শুরুতে ফ্যাশন হাউস আড়ং তাদের সংগ্রহ থেকে মসলিন কাপড় ও মসলিনের আরেকটি জনপ্রিয় শাখা জামদানি তুলে ধরেন অতিথিদের জন্য। ছয়টি ঋতু ধরে ছয়টি কিউতে সেসব পোশাক পরে মঞ্চে আসেন মডেলরা। জামদানি শাড়িতে নানা ধরনের জ্যামিতিক নকশা, ফুলেল নকশা, বুটি নকশাসহ বিভিন্ন ধরন দেখানো হয়। একই সঙ্গে ছিল জামদানি এবং মসলিনের কামিজ ও ওড়না। আড়ংয়ের ছয় ঋতু কিউগুলো শেষ হওয়ার পর বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যের ১২ জন জনপ্রিয় ডিজাইনারের মসলিন সংগ্রহ নিয়ে মঞ্চে আসেন মডেলরা। ছেলে ও মেয়েদের নানা ধরনের মসলিনের পোশাক দেখানো হয় এখানে। খাটো ফ্রক, লম্বা ঝুলের ফ্রক, কামিজ, গাউন, ম্যাক্সি ড্রেস, ফ্লোর টাচ গাউন, কটি, শার্ট, পাঞ্জাবিসহ নানা মাত্রার মসলিন পোশাক দেখা যায় র্যাম্পে। কোরিওগ্রাফার ছিলেন আজরা মাহমুদ। ফ্যাশন শোতে অংশ নেওয়া ডিজাইনারদের মধ্যে ছিলেন রোকসানা সালাম, কুহু প্লামোন্দন, হুমায়রা খান, তেনজিং চাকমা, শান্তনু দাশ, আনিথ অরোরা, মৌমিত্র মণ্ডল, দর্শন শাহ, রেজিয়া ওয়াহেদ, সাইফ ওসমানী, লাকী হোসেন এবং মসলিন ট্রাস্ট। ফ্যাশন শোর শেষে মডেলদের পরনে দেখা গেল বেঙ্গল ও দৃক মসলিন দলের বিশেষ দুটি শাড়ি।