মাতি তারুণ্যে মাতি বৈশাখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখের চিরায়ত লাল-সাদা রং দেখা যাবে বিভিন্ন নকশায়। মডেল: মাশিয়াত ও আজাদ। পোশাক: ক্যাটস আই, স্থান: পারিল, সিঙ্গাইর, মানিকগঞ্জ। ছবি: সুমন ইউসুফ
বৈশাখের চিরায়ত লাল-সাদা রং দেখা যাবে বিভিন্ন নকশায়। মডেল: মাশিয়াত ও আজাদ। পোশাক: ক্যাটস আই, স্থান: পারিল, সিঙ্গাইর, মানিকগঞ্জ। ছবি: সুমন ইউসুফ

তারুণ্য এই বৈশাখে সেজে উঠবে রঙে রঙে। কীভাবে? পোশাকে ও ফ্যাশনে। বাজার ঘুরে দেখা গেল, এবার তরুণদের বৈশাখী পোশাকে দেখা যাবে নানা ডিজাইনের খেলা। বিশেষজ্ঞরাও এমনটাই জানালেন। সাদা লাল রঙের পাশাপাশি অন্যান্য রঙের পোশাকও এবার পরবেন তরুণ-তরুণীরা। পোশাকের কাটছাঁটেও থাকবে বৈচিত্র্য।

ফ্যাশন ডিজাইনার মাহিন খান জানালেন, বৈশাখের ফ্যাশনে সালোয়ার, কামিজ ও ওড়না মিলিয়ে পরার চল এখন নেই বললেই চলে। হাঁটু পর্যন্ত লম্বা কুর্তা মেয়েরা এবার বেশি পরবে। কুর্তাগুলোর নকশা হবে মূলত কাটিংনির্ভর। তিনি বলেন, ‘এমব্রয়ডারি বা অন্যান্য নকশার চেয়ে নানা প্যাটার্নে কাটা কুর্তাই এখন ট্রেন্ডি। পেছনে লম্বা এবং সামনে খাটো, কোনা দুটো ভি আকৃতি, দুই স্তরের নকশা—এমন নানা বৈচিত্র্যময় কাটছাঁট দেখা যাবে পোশাকে। ফ্লেয়ার বা ঢিলেঢালা হাতা এবং কুর্তা ও টপে নানা রকম কলারের ডিজাইন হাল সময়ে ভীষণ ফ্যাশনেবল হয়ে উঠেছে।’

পোশাকে পুরো সাদা রঙের ব্যবহার নিয়ে আসবে আরাম, প্রশান্তি ও ভিন্নতা। পোশাক: ক্যাটস আই
পোশাকে পুরো সাদা রঙের ব্যবহার নিয়ে আসবে আরাম, প্রশান্তি ও ভিন্নতা। পোশাক: ক্যাটস আই

পয়লা বৈশাখে ছেলেরা যে পাঞ্জাবি পরবে, তার দৈর্ঘ্য খানিকটা কম থাকবে। হাতে বোনা তাঁত এবং খাদির পাঞ্জাবি চলছে এখন। আরাম আর ট্রেন্ড বিবেচনায় টি-শার্টও ভালো লাগবে এদিন। পয়লা বৈশাখের জন্য যে টি-শার্টগুলো বেছে নেবেন, তাতে থাকতে পারে বাংলা ক্যালিগ্রাফি কিংবা দেশীয় নানা মোটিফ। ক্যালিগ্রাফি থাকবে মেয়েদের পোশাকেও।
মেয়েরা কুর্তার সঙ্গে পালাজ্জোর চেয়ে এখন পেনসিল কাট প্যান্টটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। ফ্যাশনে এখন ফিউশন অর্থাৎ দেশীয় ও পাশ্চাত্য ধাঁচের সমন্বয় বেশি জনপ্রিয়। ছেলেমেয়ে সবাই এখন কটি পরছেন। তবে গ্রীষ্মের আবহাওয়া কটির জন্য মোটেও আরামদায়ক নয়। তাই ঘরের কোনো আয়োজনে এটি পরলেও বাইরে বের হলে এটি এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করেন মাহিন খান।

বৈশাখে পাশ্চাত্য ধাঁচের পোশাকেরও চাহিদা থাকবে পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারেজ
বৈশাখে পাশ্চাত্য ধাঁচের পোশাকেরও চাহিদা থাকবে পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারেজ

ক্যাটস আইয়ের পরিচালক ও ডিজাইনার রুম্মাইলা সিদ্দিকীর মতে, তরুণেরা গতানুগতিক নকশার পোশাক পরতে একেবারেই পছন্দ করেন না। তাঁরা বরাবরই ফ্যাশনে নতুনত্ব খোঁজেন। তরুণ-তরুণীদের চাহিদা ছিমছাম কিন্তু ফ্যাশনেবল পোশাকের দিকে।
নানা রকম কলার, পকেট, কাটছাঁটে ভিন্নতা নিয়ে তাই এবার বেশি কাজ করা হয়েছে বলে জানিয়েছেন রুম্মাইলা সিদ্দিকী। প্যান্টেও লেস এবং নানা রকম নকশা দেখা যাচ্ছে এবার। এ সময়ের পোশাকে সুতি, রেশম ও লিনেন কাপড় ব্যবহার করা হয়েছে। ঘরোয়া অনুষ্ঠানে যে পোশাক পরবেন, অনুষঙ্গ পাল্টে ফেলে সে পোশাকই যেন দাওয়াতে পরা যায়, এমনভাবেই নকশা করে হয়েছে।

·তরুণদের পোশাকে থাকছে নিরীক্ষাধর্মী নকশা ও কাটছাঁট
·তরুণদের পোশাকে থাকছে নিরীক্ষাধর্মী নকশা ও কাটছাঁট

ব্যাং-এর ডিজাইনার সায়েম হাসান বলেন, ‘তাঁরা এ বছর বৈশাখের সংগ্রহে ছেলেদের জন্য এনেছেন কাতুয়া। ফতুয়া ও পাঞ্জাবির ফিউশন দেখা যাবে এই নতুন ধরনের পোশাকে। পাঞ্জাবিতে কালার ব্লকিং এবং একটু ভিন্ন ধাঁচের এমব্রয়ডারি ছেলেরা এখন বেশি পছন্দ করছেন। এ ছাড়া ফুলেল নকশার টি-শার্ট এই বৈশাখে ভালো চলবে।’ নীল রঙের নানা রকম শেড তরুণদের পোশাকে ফুটে উঠবে এ সময়।
পয়লা বৈশাখে দল বেঁধে তরুণেরা নানা জায়গায় ঘুরে বেড়াবেন, আড্ডা দেবেন। তাই পোশাক হওয়া চাই আরামদায়ক। এটি এমদাদ হকের মত। তিনি আরও বলেন, ‘এবার রানি গোলাপি, লেবু রং, হলুদ, টিয়ার মতো শকিং রংগুলো চলবে। হাতা কাটা, ছোট হাতা, রুমাল ছাঁট এ সময়ের জন্য খুব মানানসই।’ বর্তমান পালাজ্জোতে বাটারফ্লাই, ফ্লেয়ার এবং কলি ছাঁটের চল এসেছে।