মুম্বাই নয়, দিল্লিতে আজ থেকে বসছে ল্যাকমের আসর

এ বছর ল্যাকমে ফ্যাশন উইক অনুষ্ঠিত হবে দিল্লিতেছবি: ফাইল ফটো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ল্যাকমে ফ্যাশন উইক’ ঘিরে ফ্যাশনপ্রেমীদের উন্মাদনার অন্ত নেই। গত দুই বছর করোনার কারণে ডিজিটাল আর ফিজিটাল অনুষ্ঠানের আয়োজন করেছিল ল্যাকমে। এবারের ফ্যাশন উৎসব সম্পূর্ণ আগের মেজাজে আসছে। ল্যাকমে ফ্যাশন উইকের সব অনুষ্ঠানে ফ্যাশনপ্রেমী তথা ডিজাইনাররা এবার সশরীর উপস্থিত থাকতে পারবেন। প্রতিবছর ল্যাকমের ফ্যাশন উৎসব মুম্বাইতে অনুষ্ঠিত হয়। এ বছর প্রথমবার এই আসর বসতে চলেছে নতুন দিল্লিতে।

আগামীকাল থেকে দিল্লিতে মহাসমারোহে অনুষ্ঠিত হতে চলেছে ল্যাকমে ফ্যাশন উইক–২০২২। ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত পাঁচ দিনের আসরে দেখা যাবে ফ্যাশনের নতুন নতুন কর্মকাণ্ড। তবে আজ অর্থাৎ মঙ্গলবার রাতে এই ফ্যাশন উৎসবের শুভসূচনা হবে। খ্যাতনামা ডিজাইনার রাহুল মিশ্রার পরিবেশনা দিয়ে ঝলমলিয়ে উঠবে শুরুর রাত। প্রতিবারের মতো এবারও ল্যাকমের আসর জমজমাট থাকবে নামীদামি আর নবাগত ডিজাইনারদের সৃষ্টিতে। শান্তনু-নিখিল, জেজে ভালায়া, রাজদীপ রানাওয়াত, পুনীত বালানা, পঙ্কজ-নিধি, মনীশ মালহোত্রা, তরুণ তাহিলিয়ানি, রাজেশ প্রতাপ সিং, আয়েশা রাওসহ অনেক খ্যাতনামা ডিজাইনার এবারের উৎসবে মেলে ধরবেন তাঁদের সম্ভার। বসন্ত আর গরমের ফ্যাশনের নতুন ধারার সন্ধান দেবে ল্যাকমের আসর। এ ছাড়া উৎসবের পোশাকের নতুন দিশা দেখাবে এই উৎসব। দুই বছর পর আবার নিজস্ব ছন্দে ধরা দেবে ল্যাকমে ফ্যাশন উইক।