
৪১ জন মডেলকে নিয়ে ৪৪টা ফ্রেমে আলোকচিত্র। মেকআপে যে কত বৈচিত্র্য আসতে পারে তারই একটা নমুনা দেখিয়েছে ডিভাইন বিউটি লাউঞ্জ। এই ছবিগুলো নিয়ে ১৭ ও ১৮ ডিসেম্বর ঢাকার গুলশানের এজ—দ্য গ্যালারিতে হয়ে গেল ‘কালার অ্যান্ড ক্লিক’ শিরোনামের এক প্রদর্শনী।

ডিভাইন বিউটি লাউঞ্জের রূপবিশেষজ্ঞ বাপন রহমান দুই বছর সময় নিয়ে এই প্রদর্শনীর জন্য দেশের জনপ্রিয় মডেলদের মেকআপ করেছেন। মোগল আমল থেকে আধুনিক নারী—সব ধরনের সাজই করে দেখিয়েছেন বাপন। বিয়ের কনে, ইগলের চোখ, হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অড্রে হেপবার্নসহ অনেকের বিখ্যাত সাজের আদলে মডেলের সাজ স্থান পায় সেখানে। আলোকচিত্রী আনোয়ার হোসেনের ক্যামেরায় ছবিগুলো হয়ে উঠেছে আরও জীবন্ত।
১৭ ডিসেম্বর বিকেলে রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান ও আলোকচিত্রী চঞ্চল মাহমুদ এই প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়াকে ডিভাইনের শুভেচ্ছাদূত (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা অংশীদার সংগীতা খান। তিনি বলেন, ‘এখন থেকে পিয়া আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আশা করছি ডিভাইনের প্রতি গ্রাহকের আস্থা আরও পোক্ত হবে। মেকআপ ছাড়াও চুল নিয়ে নানা ধরনের কাজ করছে ডিভাইন।’

অনুষ্ঠানে এসে জান্নাতুল পিয়াও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। উদ্বোধনের পর রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান বলেন, ‘বাপনের মেকআপ দেখলেই বোঝা যাবে বাংলাদেশের মেকআপও পিছিয়ে নেই। খুব ভালো কাজ করছেন তিনি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী শমী কায়সার, অন্দরসজ্জাবিদ গুলশান নাসরীন চৌধুরী, মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ, মডেল ইমিসহ অনেকে।