
প্রিয় তারকার পরনে খুব সুন্দর একটি পোশাক দেখে ঠিক সে রকমই একটি পোশাক পরার শখ হলো হয়তো কারও। কিন্তু তখনই অনেক খোঁজাখুঁজির পরও মিলল না সে রকম কাপড়ের সন্ধান। তার বছর খানেক বাদে হুবহু সেই কাপড়টি পেয়ে যাওয়াতে তো তিনি বেজায় খুশি। ঠিক যেমনটি চেয়েছিলেন সেভাবেই পোশাকটি পরে হাজির হলেন কোনো পার্টিতে। কিন্তু একি! তাঁকে দেখে সবার মুখ চাওয়াচাওয়ি হাসহাসি কেন? কারণ এই ডিজাইনের পোশাক যে এখন আর ফ্যাশনেবল নয়! এ তো এক বছর আগের ট্রেন্ড।
ওপরের ঘটনাটি কাল্পনিক, তবে ট্রেন্ডের বাইরে ‘সেকেলে’ কোনো পোশাক পরে যেকোনো পার্টিতে হাজির হলে এমন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা অস্বাভাবিক নয়। সবাইকে যে হালের ট্রেন্ড অনুসরণ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই। তবে যাঁরা ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন তাঁদের জেনে নেওয়া দরকার কোন কোন ধরনের পোশাক ও অনুষঙ্গ এখন একেবারেই বেমানান।
কথা হলো ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকারের সঙ্গে। আগের তুলনায় ট্রেন্ড এখন খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। কিছুদিন আগেও যা ফ্যাশনপ্রেমীরা চুটিয়ে পরছিলেন, সেগুলোই হয়তো এখন বাতিলের খাতায় নাম লিখিয়েছে। উদাহরণস্বরূপ তিনি খাটো কামিজের কথা বললেন। বেশ কিছুদিন ধরে খুব খাটো ঝুলের কামিজের রাজত্ব চলেছে। এখন এটি পরলে বেশ অদ্ভুতই দেখাবে। সঙ্গে ঢিলেঢালা কাটের সালোয়ারের চলও এখন নেই। কামিজে এখন লং ও সেমি লং ঝুলের চল এসেছে। আর সালোয়ার হয় পাতিয়ালা নয় চুড়িদার পরছেন সবাই। এ ছাড়া লেগিংস ও পালাজ্জোর জনপ্রিয়তা তো আছেই।
মাঝখানে একটু কম ঘেরের কামিজের চল এসেছিল, এখন আর সেটি কেউ অনুসরণ করছেন না। বেশি ঘেরের কামিজই এখন ফ্যাশনেবল। এখনকার ট্রেন্ড অনুসরণ করলে ফ্রক ছাঁটের কামিজ, যা ওরেফ কাট নামে পরিচিত তা এড়িয়ে চলাই ভালো বলে মনে করেন লিপি খন্দকার। ব্লাউজ ও সালোয়ারের ক্ষেত্রে হাফ হাতা ও কুচি দেওয়া হাতা একেবারেই বর্তমান ট্রেন্ডের সঙ্গে যায় না। চলছে না ঘটি হাতাও। বছর খানেক আগে জর্জেট কাপড়ে জরি, চুমকির কাজ করা শাড়ি পরার বেশ ঝোঁক দেখা যাচ্ছিল কিন্তু তাকে এখন জবরজং আখ্যা দিয়ে আলমারিবন্দী করে রাখা হয়েছে। শাড়ির সঙ্গে থাকা ব্লাউজ পিস দিয়েই তে দিন ব্লাউজ বানিয়ে আসছিলেন সবাই। এখন এই নিয়ম পাল্টেছে। ফ্যাশনসচেতন মেয়েমাত্রই বিপরীত রং ও বৈচিত্র্যময় নকশার ব্লাউজ বেছে নিচ্ছেন। এই সময়ে তাই এক রঙের ভয়েল কাপড়ের ব্লাউস বড্ড বেমানান দেখাবে।
একসময় পোশাকে লেইস ব্যবহারের যে হিড়িক পড়েছিল তা ধীরে ধীরে কমে এসেছে। এখন লেইস ব্যবহার করলেও পোশাকে সেটার প্রাধান্য থাকছে কম, জানালেন ডিজাইনার মাহিন খান। তিনিও অতিরিক্ত খাটো এবং আঁটসাঁট কামিজকে বর্তমানে আনট্রেন্ডি বিবেচনা করছেন। থ্রিপিসের ধারণা থেকে তরুণীরা আস্তে আস্তে বের হয়ে আসছেন। সিঙ্গেল কুর্তার সঙ্গে ওড়না ও কামিজ মিলিয়ে পরার ঝোঁক লক্ষ করা যাচ্ছে।
কথা হলো ডিজাইনার মায়া রহমানের সঙ্গে। তিনি জানালেন, হাল ফ্যাশনে সাধারণ কাটের ফতুয়া ও কামিজ না বানিয়ে সবাই নানা ধরনের প্যাটার্নের দিকে ঝুঁকছেন। পাশ্চাত্য ধাঁচের পোশাকের ট্রেন্ডে তেমন একটা রকমফের হয়নি, তবে ঢিলেঢালা প্যান্ট এবং টাইট ফিটিং টপ এখনকার ফ্যাশনের সঙ্গে মানানসই হবে না বলেই তিনি মনে করেন। ফিটিংস প্যান্ট বা জেগিংসই এখন পছন্দ করছেন সবাই। এ ছাড়া সালোয়ার-কামিজ ও ওড়নায় একই রং বা ছাপা নকশার ব্যবহার এখন আর ভালো দেখাচ্ছে না।
পরিবর্তন এসেছে অনুষঙ্গেও। এই যুগে কারও কাঁধে আর ছোট ব্যাগ ঝুলতে দেখা যাচ্ছে না। হাতের ক্লাচটিও আগের থেকে অনেক বড় আকৃতি ধারণ করেছে। কানের দুল বা মালার চেয়ে হাতে বড় আংটিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে এখন। গলায় পেন্ডেন্টের স্থান দখল করে নিয়েছে বিব নেকলেস। বেল্টের ঘড়ি না পরে অনেকেই বেছে নিচ্ছেন চেইনের হাতঘড়ি।