যে কারণে ভাত খাচ্ছেন না তাহসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুগের পর যুগ ধরে একই রকম সবুজ তিনি। একের ভেতর অনেক বলতে যা বোঝায়, তাহসান যেন ঠিক তাই। একাধারে গায়ক, নায়ক, উপস্থাপক, শিক্ষক, ফ্যাশন আইকন। আবার নানা দাতব্য কাজের সঙ্গেও জুড়ে আছে তাঁর নাম। সম্প্রতি ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) আয়োজিত ‘বাংলাদেশ কুটর উইক ২০২১’–এ স্টাইল গেম চেঞ্জার বিভাগে পুরস্কার হাতে তুললেন। শোনা যাক, তাহসানের লাইফস্টাইল নিয়ে ঝটপট প্রশ্নের চটপট উত্তর।
তাহসান খান
ছবি: প্রথম আলো

প্রশ্ন :

অভিনন্দন। আপনার সৌন্দর্যের রহস্য কী?

সুস্থ থাকা—শরীরে, মনে, চিন্তায়। আমি সব সময় সুস্থ থাকার চেষ্টা করি। এ জন্য আমি স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করি। রেড মিট কমিয়ে দিয়েছি। সবজির দিকে ঝুঁকছি। তবে ইদানীং ভাত খাচ্ছি না। ‘আ ব্লেসড ম্যান’ সিনেমায় আমার চরিত্রটি খুব ফিট। এ জন্য আপাতত ভাত ছেড়েছি। সপ্তাহে তিন দিন জিমে যাই। সিনেমার শুটিং থাকলে বা দেশের বাইরে থাকলে অন্য কথা। আর ঠিকমতো ঘুমাই। প্রতিদিন রাত ১টায় ঘুমাই। আর সকাল ৮টা বা ৯টা নাগাদ উঠে যাই।

ডিজাইনার মাহিন খানের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন তাহসান খান
ছবি: প্রথম আলো

প্রশ্ন :

আপনার ওয়ার্ডরোবে আপনার সবচেয়ে প্রিয় পোশাক কী?

স্যুট প্যান্ট। আমি এই পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার মনে হয় আমাকে স্যুট প্যান্টে মানায়। আমি আরও বেশি করে আমি হয়ে উঠি।

প্রশ্ন :

শীতে তো ত্বক, চুল একটু আলাদা যত্ন, মনোযোগ চায়। আপনি কীভাবে ত্বকের যত্ন নেন?

আমি আসলে সে রকম কিছু করি না।

জিমে তাহসান ও নোবেল
ছবি : ফেসবুক

প্রশ্ন :

অনেকের অনেক কিছু সংগ্রহে রাখার একটা ব্যাপার থাকে। আপনার সংগ্রহে এমন কী আছে?

যত বয়স হচ্ছে, ততই আমি কম ভোগবাদী হওয়ার চেষ্টা করছি। আগে একটা সময় জুতা, ঘড়ি, এ রকম নানা কিছু সংগ্রহে রাখার চেষ্টা করতাম। এখন বয়সে একটু এগিয়েছি, এখন আর সে রকম কোনো বাতিক নেই।

ডিজাইনার শৈবাল সাহার কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন তাহসান খান
ছবি: প্রথম আলো

প্রশ্ন :

চিটমিলে (ডায়েটে থাকা অবস্থায় যে মিলে একজন পছন্দমতো যা ইচ্ছা তাই খান, সেটা সপ্তাহে একবার, দুই সপ্তাহে একবার বা মাসে একবার হতে পারে) কী খান?

কাচ্চি বিরিয়ানি। এ ছাড়া স্যামন আমার খুব প্রিয়। আর যেটি সবার জন্য সত্য, আমার জন্যও তাই—মায়ের হাতের খাবারের ওপর কিছু নেই। মায়ের রান্না করা যেকোনো পদ আমার প্রিয়।