যে তিন শর্তে বিশ্বখ্যাত এই ব্রান্ডের সঙ্গে সব্যসাচী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত রিটেইল ব্র্যান্ডগুলোর একটি এইচঅ্যান্ডএম। সুইডিশ এই ব্র্যান্ডকে নিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রির রয়েছে অন্য রকম উন্মাদনা। ২০২০ সালের ১৬ এপ্রিল তাই ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। কেননা, এদিন ভারতীয় বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখার্জির সঙ্গে কোলাবরেশনে আসে এই ব্র্যান্ড। তা–ও আবার সব্যসাচীর তিন শর্ত মেনে।

এইচঅ্যান্ডএম-এ সব্যসাচীর ডিজাইন করা এই শাড়ি
ছবি: সব্যসাচী অফিসিয়ালের ইনস্টাগ্রাম হ্যান্ডল

তবে করোনার কারণে প্রায় এক বছর পর্যন্ত সব্যসাচী এইচঅ্যান্ডএমের হয়ে কোনো কালেকশন আনতে পারেননি। সম্প্রতি ১২ আগস্ট তিনি এই হাই স্ট্রিট ব্র্যান্ডের হয়ে বেশ কিছু পণ্য আনেন। তবে এর জন্য এইচঅ্যান্ডএমকে জুড়ে দেওয়া তাঁর তিন শর্ত হলো:
১. শাড়িকে ভারতীয় ঐতিহ্য হিসেবে উপস্থাপন করতে হবে।
২. সব্যসাচীর ডিজাইন করা শাড়িগুলোকে মূল ক্যাপসুলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
৩. সব্যসাচীর কালেকশনগুলোর ৯০ শতাংশ ভারতেই উৎপাদিত হবে।
বিশ্বের শীর্ষ এই রিটেইল ব্র্যান্ডের সঙ্গে চুক্তির ক্ষেত্রেও নিজের আর নিজের দেশের আধিপত্য বজায় রেখেছেন সব্যসাচী। ভারতীয় ঐতিহ্যবাহী পোশাককে বিশ্বের দরবারে পৌঁছে দিতে এক চুলও ছাড় দেননি তিনি।

১২ আগস্ট থেকে এইচঅ্যান্ডএমে সব্যসাচীর কালেকশনের ৫০টি আইটেম পাওয়া যাচ্ছে। অবশ্য পাওয়া যাচ্ছে বললে ভুল হবে। কেননা, এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন কেবল একটা টাই, বেল্ট শর্টস ছাড়া আর সবই ‘আউট অব স্টক’। সব্যসাচীর এই কালেকশনে ছিল শিফনের শাড়ি, ট্রাউজার, ড্রেস, কাফতান, কুর্তা, টি-শার্ট, শপার, স্যান্ডেল, সানগ্লাস, জ্যাকেট, স্কার্ফ, বেল্ট, ব্রেসলেট, নেকলেস, কানের দুল, ব্যাগ, আংটিসহ নানাকিছু। আর এসবের দাম খুবই কম। ৭৯৯ থেকে ৯ হাজার ৯৯৯ টাকার ভেতর।

এইচঅ্যান্ডএম-এ সব্যসাচীর কালেকশন
ছবি: সব্যসাচী অফিসিয়াল এর ইনস্টাগ্রাম

২০১৯ সালের হিসাব অনুযায়ী বিশ্বের ৭৪টি দেশে এইচঅ্যান্ডএমের ৫ হাজার শাখা রয়েছে। সেখানে ১ লাখ ২৬ হাজার মানুষ চাকরি করেন। এটা জারার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রিটেইল ক্লোদিং ব্র্যান্ড। ৩৩টি দেশে তারা শিপিংয়ের মাধ্যমে পণ্য পৌঁছে দেয়। এইচঅ্যান্ডএমের আগে সব্যসাচী ক্রিস্টিয়ান লুবোটিন, থমাস গুড, পোটেরি বার্ন, বার্জডর্ফ গুডম্যানের সঙ্গে কাজ করেছেন। তবে এটিই সবচেয়ে বড়। এইচঅ্যান্ডএমের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সব্যসাচী মার্কিন লাইফস্টাইল ম্যাগাজিন টাউন অ্যান্ড কান্ট্রিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটা বিশ্বের যেকোনো ফ্যাশন ডিজাইনারের জন্য একটা স্বপ্নের প্রজেক্ট। কেননা, এই চুক্তি স্বীকৃতি দেয় যে আপনি যা কিছু বানান, সেগুলো যতটা স্থানীয়, ততটাই আন্তর্জাতিক।’

সব্যসাচী মুখার্জী
ছবি: উইকিপিডিয়া

সব্যসাচী এই কালেকশনের নাম দিয়েছেন ‘দ্য ওয়ান্ডারলাস্ট কালেকশন’। এখানে জয়পুরের ব্লকপ্রিন্ট থেকে শুরু করে প্যারিসের কফিশপ আর সুন্দর বিকেলে নিউইয়র্কের রাস্তায় পড়ে থাকা শুকনো রঙিন পাতা—সবকিছুর অনুপ্রেরণা আছে। ম্যাক্সি ড্রেস, সিকুইন–অ্যাডর্নড কাফতান, এমব্রয়ডারি জামা, ফটোগ্রাফার জ্যাকেট, বোহেমিয়ান জুয়েলারি—সবকিছুতেই সেগুলোর অনুপ্রেরণা আছে। এমনকি এই কালেকশনে সব্যসাচীর সিগনেচার ড্রেস ম্যাচি ম্যাচি লং টিউনিক অ্যান্ড পায়জামা বটমসও আছে।

এইচঅ্যান্ডএম-এ সব্যসাচীর কালেকশন
ছবি: সব্যসাচী অফিসিয়ালের ইনস্টাগ্রাম

ভারতীয় পোশাককে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে আন্তর্জাতিক এই ব্র্যান্ডকে পুরোপুরি কাজে লাগাতে চান সব্যসাচী। এবার সব্যসাচী বিশ্বের নানা প্রান্তের নারীদের কাছে পৌঁছে দেবেন ভারতীয় সালোয়ার-কামিজ। বিশ্ববাজারে সালোয়ার-কামিজের দারুণ সম্ভাবনা আছে বলে মনে করেন এই ডিজাইনার। সব্যসাচী বলেন, ‘অন্য যেকোনো পোশাকের চেয়ে সালোয়ার-কামিজ আরামদায়ক, সকাল থেকে রাত পর্যন্ত পরে থাকা যায়, ফরমাল, সেমিফরমাল আর ক্যাজুয়াল—সব লুকেরই হয়। আমি আত্মবিশ্বাসী যে এটা অন্য সবাই গ্রহণ করবে।’

এইচঅ্যান্ডএম এ সব্যসাচীর কালেকশন দেখতে ঘুরে আসতে পারেন এই ঠিকানায়:

https://www2.hm.com/en_us/free-form-campaigns/6231-sabyasachi-x-hm.html