যেন আনন্দমেলা
>৮ জুন হয়ে গেল সানসিল্ক নিবেদিত নকশা মিলনমেলা। ফ্যাশন ডিজাইনার, রূপবিশেষজ্ঞ, মডেল, অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ নানা অঙ্গনের তারকাদের অংশগ্রহণে মুখর হয় এ আয়োজন। এ নিয়ে দেখুন নকশার বিশেষ প্রতিবেদন।

এই ফ্যাশন শোতে শোস্টপার বলে কেউ আসলে ছিলেন না। তবে তাঁরা মঞ্চে অাসতেই দর্শকসারিতে যে উচ্ছ্বাস, তা শোস্টপাররাও কমই পান। অভিনয়শিল্পী দিলারা জামান আর কাজী জামালউদ্দিন যেন ছাপিয়ে গেলেন এই সময়ের সেরা র্যাম্প মডেলদেরও। পরিবারের সবেচয়ে প্রবীণ সদস্যরাই যে এখনো পরিবারের প্রাণ—সেটাও বোধ হয় বোঝা গেল। একদঙ্গল শিশুর হাত ধরে মঞ্চ মাতিয়ে গেলেন তাঁরা।
মূল ভাবনা পরিবার—সেই অনুযায়ীই হয়ে গেল এক–একটি কিউ। শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন—সব কিউতেই ছিল হাল আমলের ট্রেন্ডি সব পোশাক।

আনুষ্ঠানিক কোনো ভাব ছিল না, এ তো মিলনমেলা। মঞ্চে তাই হাসিঠাট্টা আড্ডাই চলল। সঞ্চালক সুমনা শারমীন ডাকলেন তারানা হালিম, চন্দ্রশেখর সাহা, শম্পা রেজা, মিম, কানিজ আলমাস খান, রূপালী চৌধুরী, মেহরীন, বাঁধন প্রমুখদের। গল্পে গল্পে তারানা হালিম জানালেন ছোটবেলায় লাবণ্য বাড়াবার জন্য সাবান খাওয়ার অভিজ্ঞতার কথা। বার্জার পেইন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী জানালেন পরের জন্মে মডেল হওয়ার ইচ্ছার কথাও।

আড্ডার আয়োজনে অবশ্য বৈচিত্র্য কম ছিল না। দেশি পোশাকে সেজে এসেছিলেন তারকারা। শম্পা রেজা মঞ্চে এসে জানালেন, প্রথম নকশার মডেল হয়েছিলেন জিনস পরেই। আজও জিনস পরেই এসেছেন এ অনুষ্ঠানে, সেটা অবশ্যই বাংলাদেশে তৈরি।
ঝলমলে মঞ্চে বর্ণাঢ্য ফ্যাশন শোতেও ছিল সব দেশি ব্র্যান্ডেরই পোশাক।
জীবনানন্দের বনলতা সেনের আদলই যেন নাচের মাধ্যমে তুলে ধরলেন পূজা সেনগুপ্তের নেতৃত্বে তুরঙ্গমীর নৃত্যশিল্পীরা। আর সবশেষ পরিবেশনায় মঞ্চে এলেন সভ্যতা, সন্ধি ও স্বাগতা ত্রয়ী। তাঁদের সঙ্গে বাদ্যযন্ত্রে ঝড় তুললেন মিথুন। ‘ধিতাং ধিতাং বোলে’ গানটির সঙ্গে আনন্দ–উচ্ছলে আকাশ ভরেই শেষ হল এই মিলনমেলা।

