যেভাবে ট্রেন্ডে নকল ফ্রেকলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়া ভাট এখন জার্মানিতে। ৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো তাঁর অভিনীত নারীপ্রধান গ্যাংস্টার সিনেমা ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’। বার্লিনে আলিয়ার প্রথম দুই দিনের পোশাক আর মেকআপ নিয়ে এই আয়োজন।

গাঙ্গুবাই–এর স্টাইলিংয়ে আলিয়া যুক্ত করেছেন নকল ফ্রেকলস
ছবি: ইনস্টাগ্রাম থেকে

‘ফেক ফ্রেকলস মেকআপ’কে ট্রেন্ডে তুলে আনলেন আলিয়া

‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ সিনেমার প্রচারণার কল্যাণে এই মুহূর্তে পেজ থ্রির পাতায় শীর্ষে রয়েছেন আলিয়া। প্রতিদিন আলোচনা করা হচ্ছে তাঁর ফ্যাশন আর স্টাইল নিয়ে। সিনেমার চরিত্রের সঙ্গে মিলিয়ে প্রাধান্য পাচ্ছে সাদা রং, শাড়ি আর ষাটের দশকের ক্ল্যাসিক লুক। সেখানে ‘ডলচে অ্যান্ড গ্যাবানা’র সাদা অফ শোল্ডার গাউনে নজর কেড়েছেন আলিয়া।

‘ডলচে অ্যান্ড গ্যাবানা’র সাদা অফ শোল্ডার গাউনে নজর কেড়েছেন আলিয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বার্লিন, ডলচে অ্যান্ড গ্যাবানা, সাদা পোশাক ছাড়াও আরেকটি বিষয় রয়েছে, যা আলিয়ার পুরো স্টাইল বদলে ফেলেছে। তা হলো ফেক ফ্রেকলস মেকআপ। ইউরোপীয় সাজসজ্জায় এমনিতেই দারুণ জনপ্রিয় মেকআপের এই স্টাইল। এবার ভারতীয় এক গ্যাংস্টার যৌনকর্মীর স্টাইলের সঙ্গে ইউরোপীয় ক্ল্যাসিক স্টাইলকে যেভাবে মিলিয়েছেন আলিয়া, তা অপূর্ব, তুলনাহীন বলে মত দিয়েছেন স্টাইল বিশেষজ্ঞেরা।
‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ সিনেমার প্রচারণার পুরোটায় আলিয়াকে দেখা গেছে সাদায়। মিনিমাল মেকআপ লুক আর চুলে গোলাপ—এটাই গাঙ্গুবাঈর স্টাইলের মূল কথা। সেই স্টাইলকেই বিদেশি ছোঁয়া দিয়েছেন বার্লিনের মাটিতে। আর মেকআপে এনেছেন টুইস্ট।

ভারতীয় এক গ্যাংস্টার যৌনকর্মীর স্টাইলের সঙ্গে ইউরোপীয় ক্ল্যাসিক স্টাইলকে যেভাবে মিলিয়েছেন আলিয়া, তা অপূর্ব, তুলনাহীন বলে মত দিয়েছেন স্টাইল বিশেষজ্ঞেরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ডলচে অ্যান্ড গ্যাবানার সাদা গাউনের সঙ্গে পিচ শেডের মেকআপ করেছেন নায়িকা। পিচ শেডের আই মেকআপে উজ্জ্বল দেখাচ্ছে তাঁকে। চোখের আইলাইনে সরু করে দিয়েছেন কালো আইলাইনার। পরেছেন মাশকারাও। ঠোঁটে মিলেমিশে রয়েছে পিচ ও কোরাল শেড। মেকআপ একেবারেই সাধারণ। এর ভেতর আলাদা করে নজর কেড়েছে নকল ফ্রেকলস (চামড়ায় তিলের মতো ছোট ছোট গোল কালো বা বাদামী দাগ)। মেকআপের দুনিয়ায় এখন এই নকল ফ্রেকলস ইউরোপ থেকে ছড়িয়েছে সারা বিশ্বে।এই মুহূর্তে আলোচনা আর চর্চায় এই মেকআপ।

নকল ফ্রেকলসে ‘ব্রিটিশ রাজবধূ’ মেগান মার্কেল
ছবি: ইনস্টাগ্রাম থেকে

যেভাবে আপনিও করবেন নকল ফ্রেকলস

নাকের দুই পাশে এবং নাকের ওপর হালকা করে ডট দিন। এ জন্য ব্যবহার করতে পারেন পেনসিলের কাজল। সেটা হতে পারে কালো বা বাদামি রঙের। হালকা বা গাঢ়, যেমন চান, তেমন করেই ডট দিন। এরপর ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এর ওপর আলগা পাউডার ব্যবহার করে এটাকে সেট করে দিন। ব্যস, তৈরি আপনার ফ্রেকলস লুক। চটপট করে ফেলতে পারেন একটা ফটোশুট।

বার্লিনে এটিই আলিয়ার দ্বিতীয় লুক
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বার্লিনের দ্বিতীয় দিনে ‘লেডি বস’ লুকে আলিয়া

বার্লিনে আলিয়া যে হোটেলে আছেন, সেখানকার বারান্দায় তোলা ছবিগুলো। আলিয়া এখানেও দেখা দিয়েছেন সাদায়। এখানে তিনি পরেছেন একরঙা ব্লেজার আর স্কার্টের মতো ছড়ানো প্যান্ট। সঙ্গে মিলিয়ে পরেছেন মুক্তার কানের দুল। চুলগুলো প্রথম দিনের মতো ছেড়ে রাখেননি। বরং খোঁপা করে ফেলেছেন। মেকআপে রেখেছেন বরাবরের মতোই মিনিমালের ছোঁয়া। যেটুকু না করলেই নয়, কেবল সেটুকুই। তবে এখানেও রয়েছে ফেক ফ্রেকলস মেকআপের আভা। আলিয়ার জন্য এই পোশাকের ডিজাইন করেছেন ইউরোপীয় ডিজাইনারদের ভেতর জনপ্রিয় নাম নবী তালাই।

‘লেডি বস’ লুকে আলিয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে