

সাজগোজের প্রতি ছোটদের আগ্রহটা উৎসব এলে যেন দ্বিগুণ হয়ে ওঠে। ঈদে মনের মতো রঙিন সাজে না সাজলে কি হয়! তাই ফ্যাশন হাউসগুলোর আয়োজনেও দেখা যাচ্ছে ঝলমলে পোশাকের সম্ভার—শিশুদের জন্য। নকশার আয়োজনে সেটারই এক ঝলক।
সাধারণত ছোটদের আরামের বিষয়টি মাথায় রেখে আমরা গয়নার নকশা করে থাকি—বললেন যাত্রার ডিজাইনার ফারহানা হামিদ। পাশাপাশি স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় রাখে প্রতিষ্ঠানটি৷ যাতে গয়নাটি মুখে দিলেও শিশুর কোনো ক্ষতি না হয়৷ এ জন্য গয়নায় সাধারণত পুঁতি আর কাপড় ব্যবহার করা হয়৷ গয়নার নকশায় জুড়ে দেওয়া হয়েছে কাপড়ের তৈরি পশু, পাখি আর ফুল৷ ঈদের সারা বেলায় সুতি পোশাকের সঙ্গে এখানকার গয়নায় সেজে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াবে শিশু—বিষয়টি ভেবেই গয়নার সংগ্রহ রাখছে যাত্রা৷

এদিকে গয়নায় রঙিন পুঁতি আর লেসের ব্যবহার দেখা গেল শৈশব ও ইনফিনিটিতে৷ রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে শিশুদের পোশাকের দোকান শৈশবের বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক জসীম উদ্দীন বললেন, সব বয়সী মেয়েশিশুদের জন্য নানা ধরনের পোশাকের আয়োজন থাকছে। আর পোশাকের সঙ্গে মিলিয়ে আছে নানা ধরনের অনুষঙ্গ৷ প্লাস্টিকের ক্লিপে বসানো হয়েছে জনপ্রিয় কার্টুনের মুখ৷ রাউন্ড হেয়ার স্টিকে থাকছে লেসের কৃত্রিম ফুল৷ ফ্লাওয়ার ব্যান্ডে জুড়ে দেওয়া হয়েছে নেট৷ থাকছে নানা ধরনের টুপির ক্লিপ। এ ছাড়া গলার মালা, হাতের ব্রেসলেটসহ নানা ধরনের গয়না পাওয়া যাবে এখানে৷ দাম শুরু ১৩৫ টাকা থেকে৷
ইনফিনিটিতে থাকছে রঙিন পুঁতির গয়নার সেট৷ এই সেটে থাকছে শিশুর হাতের ব্রেসলেট, কানের দুল, আংটি, চুলের ক্লিপ, হেয়ার ব্যান্ড আর মালা৷ ইনফিনিটির কোনো কোনো পোশাকের নকশাতেই গয়নার মতো করে জুড়ে দেওয়া হয়েছে নানা রঙিন বিডস৷ যেহেতু ঈদের মধ্যে গরম পড়ার সম্ভাবনা রয়েছে, সে জন্য দোকানগুলো রাখছে নানা ধরনের রঙিন ক্যাপ বা টুপির আয়োজন।
এবার জেনে নিই কোন পোশাকের সঙ্গে কোন গয়নায় সাজবে শিশু৷ আড়ংয়ের ডিজাইনার শাহিদা রাব্বী বললেন, একটু লেস দেওয়া ফ্রক পরলে তার সঙ্গে শিশুর চুলে বসিয়ে দিতে পারেন রংবেরঙের ক্লিপ। শিশুর বয়স যদি দুই থেকে তিন বছরের মধ্যে হয়, তাহলে নেট বসানো ব্যান্ডে ভালো দেখাবে। লেগিংস টপের সঙ্গে চুলে বসাতে পারেন মুক্তা৷ আর যে পোশাকেই শিশু সাজুক না কেন, গয়না যেন জবরজং না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিলেন এই ডিজাইনার৷