

‘রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রাঙিয়ে দিয়ে যাও’। যাকে ফোন করলেই এই গান শোনা যায়, তিনি বিপ্লব সাহা। তাঁর ওয়েলকাম টিউন থেকে শুরু করে তাঁর কথা, হাসি, স্টাইল, কাজ-কর্ম—সব রঙিন। উজ্জ্বল রং আর রঙের বৈচিত্র্য তাঁকে টানে। তাঁর দিনের শুরুটা হয় ভক্তিমূলক গান শুনে। সকাল সাড়ে সাতটা নাগাদই তিনি ঘুম থেকে উঠে যান। এরপরই ঢকঢক করে তিন গ্লাস পানি খেয়ে নেন। সকাল নয়টার মধ্যেই অফিসের উদ্দেশে রওনা দিতে হয়। আর অফিসে পৌঁছেই প্রথম যে কাজটা তিনি করেন সেটা হলো, ল্যাপটপটা চালু করে গান ছেড়ে দেন। যখন যেমন মনের অবস্থা, তখন তেমন গান শোনেন, তবে মেটাল ধরনের গান একদমই শোনা হয় না।

তিনি একটু মুচকি হেসে বলেন, ‘আমার ভালো লাগে মাটি খুঁড়ে গান বের করতে।’ অর্থাৎ অনেক অপ্রচলিত গানও তিনি খুঁজে নিয়ে সংগ্রহ করতে ভালোবাসেন। ফ্যাশন ডিজাইনার তিনি। নিজের ক্ষেত্রে ফ্যাশন-স্টাইল-ডিজাইন নিয়ে তাঁর কী ভাবনা, সে কথা না জানলেই নয়। তবে তাঁর সাদামাটা উত্তর, ‘আমাকে নিয়ে আমি তেমন ভাবি না, অন্যকে সাজাতেই আমার বেশি ভালো লাগে।’ তবে কোথায় যাচ্ছেন, কার সামনে যাচ্ছেন, কতক্ষণ থাকবেন, আবহাওয়া-পরিবেশ—এসব কিছু বুঝে তিনি ঠিক করে নেন, কোন পোশাকটা পরে বাইরে বের হবেন। সেই সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধের ব্যাপারটা অবশ্যই প্রাধান্য পায়।
উজ্জ্বল রং ও সাদা রং তাঁর প্রিয়। বাসায় যতক্ষণ থাকেন টি-শার্ট পরেন, বাইরে গেলে শার্ট বেশি পরা হয় তাঁর। জিনস আগে তেমন একটা পরতেন না, তবে এখন মাঝেমধ্যে পরেন। আর যদি কোনো দাওয়াত থাকে তবে পাঞ্জাবি-পায়জামা, পুজোতে বা মাঝেমধ্যে টিভি অনুষ্ঠানে ধুতি-পাঞ্জাবিও পরেন।
মিষ্টভাষী এই মানুষটা মিষ্টিজাতীয় খাবারই বেশি পছন্দ করেন। সাদা পোলাও তাঁর খুব পছন্দের। তিনি নিজেও রান্না করতে পারেন। মাঝেমধ্যে নতুন ধরনের রান্না নিয়ে সাহসিকতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষাও করেন। তাঁর শখের মধ্যে রয়েছে ছবি আঁকা ও গান শোনা। প্রিয় ব্যক্তিত্বের প্রসঙ্গে তিনি বললেন, ‘আর আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন বাবা-মা। তাঁদের মাধ্যমেই আমি পৃথিবীতে এসেছি, আর তাঁদের আশীর্বাদেই আমার এতটা পথ পাড়ি দেওয়া।’ আপনার অবসর সময় কীভাবে কাটে, এমন প্রশ্ন শুনে তিনি একগাল হাসলেন, ‘অবসর আবার কী! আমি তো নিজেই নিজের জন্য কাজ তৈরি করি।’ কাজের পাশাপাশি পরিবার ও কাছের মানুষদের সঙ্গে গল্প করতে ভালোবাসেন।
সব সময়ের সঙ্গী হলো স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ও আইপ্যাড। অফিসে যাওয়ার সময় গাড়িতে অথবা জ্যামে পড়লে ফেসবুক করা হয়। তিনি ভালোবাসেন প্রকৃতির কাছাকাছি থাকতে। নদী বা পুকুরপাড়ে কিছু সময় বসে থাকতে তাঁর ভালো লাগে। সাধারণত রাত সাড়ে ১১টা বা ১২টার মধ্যেই তিনি ঘুমাতে যান। ঘুমের মধ্যে কোনো আইডিয়া মাথায় এলে ঝট করে উঠে পড়েন। বিছানার পাশে থাকা ডায়েরিতে তা টুকে রাখেন।
‘ফল কী পাব, সেটা ভেবে আমি কাজ করি না। আমি কাজ করি আন্তরিকতার সঙ্গে মনের আনন্দে।’ আর সে জন্যই তাঁর স্টাইল, ভাবনা আর কাজ—সর্বত্রই আনন্দ আর রঙের ছোঁয়ায় রঙিন, তিনি যেন রঙের দুনিয়ার রঙিন মানুষ।