রঙিলা বসনে
শুধু লাল-সাদাতেই নয়, নানা রঙের ছটায় পয়লা বৈশাখ এখন বর্ণিল। বাড়ির বড়দের পাশাপাশি ছোটরাও এদিন সেজে ওঠে নতুন সাজে। রঙিলা বসনে মেতে ওঠে বর্ষবরণের আনন্দে।


শূন্য থেকে দুই
নবজাতকদের জন্য বৈশাখী পোশাকের বাহার দেখা গেল বুটিক হাউসগুলোতে। ছেলে বা মেয়ের পোশাকে কাটছাঁটে তেমন একটা পার্থক্য দেখা না গেলেও নকশায় থাকছে বৈচিত্র্য। আড়ংয়ের শিশু বিভাগের নকশাবিদ গোলাম সারোয়ার জানালেন, শূন্য থেকে ছয় মাস বয়সী শিশুদের পোশাকের নকশায় সবার আগে আরামের বিষয়টি প্রাধান্য দিতে হবে। এ জন্য বেক্সিফেব্রিক্সের কাপড়ে এক ছাঁটের নকশার নিমার আয়োজন করেছে তারা। রঙের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে সাদা, হালকা সাদা, মিষ্টি গোলাপি, টিয়া সবুজের মতো রং। এর পাশাপাশি চেক, বল প্রিন্টের কাপড়েও তৈরি হয়েছে নিমা।
এদিকে বিভিন্ন বুটিক হাউসের পাশাপাশি শপিং মলগুলোতে ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে মিলবে নবজাতক শিশুর পোশাক। চাইলে পছন্দমতো নকশাও তৈরি করতে পারেন ছোট শিশুর পোশাকে। এ ক্ষেত্রে আধা গজ কাপড় কিনে নিমা বানিয়ে হাতায় বসিয়ে নিতে পারেন রং-বেরঙের লেইস।

তিন থেকে আট বছর বয়সীদের জন্য
এবারের বৈশাখে সবচেয়ে বেশি পরীক্ষণের কাজ হয়েছে এই বয়সী শিশুদের পোশাকে, এমনটাই জানালেন ডিজাইনাররা। মায়াসীরের ডিজাইনার মাহিন খান জানালেন, সব ধরনের কাটছাঁটের পোশাক মানিয়ে যায় এই বয়সী শিশুদের। আর তাই উৎসবমুখর আমেজ ফুটিয়ে তুলতে পোশাকের ঘেরে আনা যেতে পারে নতুনত্বের ছোঁয়া। যেমন আনারকলি বা একটু ঘের দেওয়া কামিজ তো আছেই। লম্বা ঝুলের কামিজও ভালো দেখাবে এই বয়সী শিশুদের। মায়াসীরে এই ধরনের নকশার পোশাকের দাম দুই হাজার টাকা থেকে শুরু।
আড়ংয়ে মেয়েশিশুদের জন্য থাকছে সোজা কাটের কামিজের সঙ্গে ঘের দেওয়া পালাজ্জো আর কলিদার ও রুমাল ছাঁটে চুড়িদার পায়জামা। এদিকে কে ক্র্যাফটে সুতি, প্রিন্টের পাশাপাশি টাইডাইয়ের শার্ট থাকছে ছেলেদের জন্য। দাম পড়বে ৩০০ থেকে ৬০০ টাকা। এ ছাড়াও দেশাল, শৈশব, অঞ্জনস, গাঁও-গেরাম, মেঠো পথে ৪০০ থেকে ১৫০০ টাকার মধ্যেই মিলবে ছোটদের পোশাক।

৯ থেকে ১৩ বছর বয়সীদের জন্য
দেশালের ডিজাইনার ইশরাত জাহান জানালেন, সারা দিন ঘোরাঘুরির জন্য এই বয়সী মেয়েদের ঘের দেওয়া কুর্তার সঙ্গে কুচির সালোয়ার পরলে ভালো দেখাবে। আড়ংয়ের ডিজাইনার গোলাম সারোয়ার জানালেন, স্লিভলেস হাতার ফতুয়া বেছে নিতে পারে মেয়েরা। রং-বেরঙের নেটের ঝুল দেওয়া টপও ভালো দেখাবে। পাশাপাশি ছেলেদের জন্য শর্ট শার্ট আর ফতুয়াটাই মানানসই হবে বলে জানালেন তিনি। তবে এই বয়সী ছেলেদের বেশি লম্বা পাঞ্জাবি না পরার পরামর্শ দিলেন ডিজাইনাররা।
শাড়িতে বৈশাখ
ছোটদের জন্য পেটিকোটসহ সেলাই করা শাড়ির সংগ্রহ থাকছে বুটিকগুলোতে। যাত্রার ডিজাইনার উর্মিলা শুক্লা জানালেন, দুই থেকে আট বছর বয়সী মেয়েদের জন্য ব্লকপ্রিন্ট, বাটিক, স্ক্রিন প্রিণ্টের নকশা করা কাপড় দিয়ে তৈরি করা হয় এসব শাড়ি। পাশাপাশি গামছা আর ভেজিটেবল ডাইয়ের শাড়িও আছে। এ ছাড়াও শাড়ির সঙ্গে কনট্রাস্ট ব্লাউজ দেখা গেল ফ্যাশন হাউসগুলোতে। আড়ং, যাত্রা, নগরদোলায় ১৪০০ থেকে ২০০০ টাকার মধ্যে মিলবে এই শাড়িগুলো।
