রনবী'র রাত-দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুন নবী বললেন ​এই স্টাইলের নাম ‘সুকান্ত স্টাইল’। ছবি: সুমন ইউসুফ	স্ত্রী নাজমা বেগমের সঙ্গে
রফিকুন নবী বললেন ​এই স্টাইলের নাম ‘সুকান্ত স্টাইল’। ছবি: সুমন ইউসুফ স্ত্রী নাজমা বেগমের সঙ্গে

রফিকুন নবী। চিত্রশিল্পী। ‘টোকাই’ চরিত্রের সৃষ্টি করে রনবী নামেই জনপ্রিয়তা পেয়েছেন। দীর্ঘদিন শিক্ষকতা করেছেন চারুকলায়। ভালোবাসেন গান শুনতে, পত্রিকা-বই পড়তে, মাছ-ভাত খেতে। দিনের বেশির ভাগ সময় কাটে তাঁর ছবি এঁকে।

যিনি রফিকুন নবী, তিনিই রনবী। কে বেশি জনপ্রিয়? শুনে বেশ হেসে নিলেন সামনে বসা শিল্পী। বললেন, অবশ্যই রনবী। তার আঁকা ‘টোকাই’ কার্টুনটি পত্রিকায় প্রকাশ হতো। গণমাধ্যমের কারণে রনবী বেশি মানুষের কাছে পৌঁছেছে। আর চিত্রশিল্পী রফিকুন নবী ‘সিরিয়াস’ কাজ করেন। সিরিয়াস কাজ মানে নিয়মিত ছবি আঁকা, শিক্ষকতা করা, সংসারের দায়িত্ব পালন করা।

যখন স্টুডিওতে
যখন স্টুডিওতে

এই চিত্রশিল্পীর সঙ্গে ৩ এপ্রিল ঢাকার মিরপুরের বাসায় কথা হচ্ছিল। রনবী নামের পেছনের গল্পটাও জানা গেল সেদিন। রফিকুন নবী নামটা ছবির নিচে স্বাক্ষরের সময় লিখতেন ইংরেজি অক্ষরে ‘আর.নবী’, বাংলা করতে গিয়ে হয়ে গেল রনবী। তবে কলকাতায় নাকি অনেকে তাঁকে ‘রনবীর’ নামে ডাকেন। এটা বলতে গিয়ে একচোট হেসেও নিলেন।
সাধারণত ভোর পাঁচটা-ছয়টার দিকে ঘুম থেকে ওঠেন। এক ঘণ্টা হেঁটে এসে পত্রিকা নিয়ে বসেন। তিন-চারটি পত্রিকার আদ্যোপান্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। নাশতা খেয়ে তিনতলায় চলে যান ছবি আঁকতে। চারতলা বাড়িটির তিনতলা ও চারতলা নিয়ে তাঁর স্টুডিও। ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন হিসেবে অবসর নিয়েছেন। প্রায় ৪৬ বছর তিনি এখানে শিক্ষকতা করেছেন। রফিকুন নবী বলেন, ১৯৬৪ সালে আমি চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক শেষ করে ওখানেই শিক্ষক হিসেবে যোগ দিই। তখন আমার বয়স ছিল মাত্র ২১। সে সময় আমি এতই শুকনা ছিলাম যে, পাঞ্জাবি-পায়জামা বেশি পরতাম। তখন কলার থেকে বোতামের লাইনিংয়ের অনেকখানি পর্যন্ত কাটা শার্টের চল ছিল। কিছুদিন সেই ফ্যাশনেবল শার্টও পরেছি। ‘ফ্যাশনসচেতন’ এই তকমাটা নিজের সঙ্গে দিতে না চাইলেও তিনি দীর্ঘদিন সাপ্তাহিক বিচিত্রার ফটোসুন্দরী প্রতিযোগিতার বিচারক ছিলেন।

পাঞ্জাবি–পায়জামা প্রিয় পোশাক
পাঞ্জাবি–পায়জামা প্রিয় পোশাক

পোশাক নিয়ে অত ভাবনাচিন্তা করেন না রফিকুন নবী। আবার আলুথালু, এলোমেলো থাকতেও পছন্দ করেন না। বাড়িতে লুঙ্গি, বুকে পকেটওয়ালা নিমা শার্ট পরেন। পাঞ্জাবি-পায়জামা, শার্ট-প্যান্ট ও ফতুয়া পরেন। নিজের কেনাকাটা নিজে করেন না। কখনো তাঁর স্ত্রী নাজমা বেগম কেনেন। বেশির ভাগ সময় উপহার পান। খুব জবরজং জমকালো কাজের পোশাক পছন্দ নয় তাঁর।
সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত তিনি ছবি আঁকেন। জলরং, তেলরং দিয়েই ছবি আঁকা হয় বেশি। চারকোল দিয়েও আঁকেন। একটা সময়ে ছাপচিত্রে কাজ করতেন। এরপর দুপুরে খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন। বাইরে কাজ থাকলে সেগুলো সারেন। তা না হলে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত আবার ছবি আঁকা চলে তাঁর। সন্ধ্যায় কখনো বন্ধুরা এলে রাত অবধি চলে জম্পেশ আড্ডা। বন্ধুমহলে রসিক মানুষ হিসেবে খ্যাতি আছে তাঁর।
ছবি আঁকার ফাঁকে ফাঁকে চলতে থাকে গান শোনা, বইপড়া। বেশির ভাগ সময় যন্ত্রসংগীত শোনেন। ‘সব ধরনের গানই শুনি। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতি, ডি এল রায়ের গান, অতুলপ্রসাদের গানসহ পুরোনো দিনের বাংলা গান ভালো লাগে। কথাভিত্তিক গান ছবি আঁকার সময় শুনি না। গানের কথার দিকে মন যায়। মনঃসংযোগ ব্যাহত হয়।’ বলেন রফিকুন নবী। দরজার উইন্ড চাইমটার দিকে তাকিয়ে বললেন, বাতাসে এটার শব্দ হলে সেটাও একধরনের সুর তৈরি করে।
গানের রেকর্ড, সিডি সংগ্রহ করেন তিনি। রহস্য-রোমাঞ্চকর বই তাঁর ভালো লাগে। নীহাররঞ্জন গুপ্তের কালো ভ্রমর থেকে শুরু করে হালের হ্যারিপটার সবই তাঁর কাছে প্রিয়। চিরায়ত সাহিত্য যেমন পড়েন, আবার নতুন লেখকের বইও তাঁর কাছে গুরুত্ব পায়। কয়েক দিন আগে ব্যোমকেশ আবার পড়েছেন। ছেলেবেলার সেই অনুভূতি ফিরে পাওয়ার জন্য।

খুঁটিয়ে খুঁটিয়ে পত্রিকা পড়েন
খুঁটিয়ে খুঁটিয়ে পত্রিকা পড়েন

শুধু যে পড়েন তা নয়, তিনি একজন লেখকও। ঢাকার পোগোজ স্কুলে পড়ার সময় প্রথম তাঁর লেখা প্রকাশিত হয় পত্রিকায়। সেই থেকে আজ পর্যন্ত লিখেই চলেছেন। ছোটদের ছড়া, কবিতা, কিশোর উপন্যাস, গল্প-উপন্যাস, ভ্রমণকাহিনি—সাহিত্যের সব ক্ষেত্রে বিচরণ করেছেন। যিনি ভ্রমণকাহিনি লেখেন, বেড়াতে তিনি পছন্দ করেন তা না বলে দিলেও চলে। রফিকুন নবী বলেন, ‘নিছক বেড়াতে কোথাও যাওয়া হয় না। কাজেই বেড়ানো হয়। তবে দেশের মধ্যে ঘুরতে বেশি ভালো লাগে। সমুদ্র, পাহাড়-পর্বত সবই টানে আমাকে।’
নিজে খুব একটা রান্না করতে না পারলেও খেতে ভালোবাসেন। ১৯৭৩ সালে গ্রিসের এথেন্সে গিয়েছিলেন বৃত্তি নিয়ে। তখন শুধু ডিমের তরকারি রান্না করতেন। ‘সে সময় এত ডিম খেয়েছি যে, গিনেস বুক অব রেকর্ডসে জায়গা পেয়ে যেতাম আরেকটু হলে।’ মজা করে বলেন তিনি।

গান শুনতে ভালোবাসেন
গান শুনতে ভালোবাসেন

মাছ-ভাত তাঁর প্রিয় খাবার। নরম খিচুড়ি, গরুর মাংস, মোরগ পোলাও, তেহারি, কাচ্চি বিরিয়ানি ও নেহারি খেতে ভালোবাসেন। চিকিৎসকের নিষেধাজ্ঞা অমান্য করে মাঝেমাঝে খান এসব। আরেকটি জিনিস খেতে খুব ভালোবাসেন—তা হলো পান্তা। তাঁর কাছে পান্তা খাওয়ার জন্য পয়লা বৈশাখের মতো কোনো উপলক্ষ দরকার হয় না। ইচ্ছা হলেই খান সকালে।
সময় পেলে বা ইচ্ছা করলে সত্যজিৎ রায়, অপর্ণা সেন বা তারেক মাসুদের সিনেমা দেখেন। বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর পুরোদস্তুর পারিবারিক মানুষ হয়েছেন তিনি। বড় ছেলে রাহিলুন নবী থাকেন লন্ডনে। মেয়ে নাজিয়া তাসমেনিয়া। ছোট ছেলে রকিবুন নবী, যিনি নেমেসিস ব্যান্ডের ভোকালিস্ট ‘রাতুল’। ছেলের ব্যান্ডের গানও শোনেন বলে জানালেন।
গ্রামের ভেজা মাটির গন্ধ, ধানখেতের ঘ্রাণ তাঁকে আকর্ষণ করে। মাঝে মাঝে এই শিল্পীর ইচ্ছা করে নদীর তীরে ছোট্ট একটি বাড়ি বানিয়ে থাকতে। যেন নিজের আঁকা ছবির মধ্যেই নিজের বাস!