রাজপুত্রের পোশাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই শীতে ফিরে এসেছে প্রিন্স কোটের ফ্যাশন। মডেল: ফারহান ও অভি, পোশাক: ব্যাং, ছবি: কিবর হোসেন
এই শীতে ফিরে এসেছে প্রিন্স কোটের ফ্যাশন। মডেল: ফারহান ও অভি, পোশাক: ব্যাং, ছবি: কিবর হোসেন

রাজা-রানির দেখা আজকাল পাওয়া মুশকিল। তাই বলে রাজপুত্র নেই সেটা মানা যাচ্ছে না। কারণ, এই শীতে বেশ দেখা মিলছে রাজপুত্রদের। পোশাকেই নিজেদের জানান দিচ্ছেন তাঁরা। যেন রাজপুত্রের পোশাক অর্থাৎ প্রিন্স কোট পরতে দেখা যাচ্ছে আজকাল অনেককেই।
ছেলেদের ফ্যাশনে আবার জোরেশোরে ফিরে এসেছে এই প্রিন্স কোট। তবে একটু ভিন্নতা তো আছেই। ফুলহাতা না হয়ে স্লিভলেসই হচ্ছে এটি। অনেকে অবশ্য এটাকে কোটি বলেন। ফ্যাশন হাউস ব্যাঙের স্বত্বাধিকারী ও ডিজাইনার সায়েম হাসান বলেন, ‘পাঞ্জাবির সঙ্গে তো অনেকেই পরতেন। এখন শার্ট বা টি-শার্টের ওপরে কোটি পরার চল বেড়েছে ছেলেদের মধ্যে। শীতের সময়ে এটি আবার একের ভেতর দুই। শীতের পোশাক হিসেবেও ব্যবহার করা হয়। সাধারণত ক্যাজুয়াল ও ফরমাল-দুই ধরনের পোশাকের সঙ্গেই এটি পরা যায়। তাই, কোন ধরনের পোশাকের সঙ্গে কোটি পরবেন, সেটা মাথায় রেখেই কেনা ভালো।’

ফুলহাতা শার্ট বা সোয়েটারের সঙ্গে পরতে পারেন প্রিন্স কোট
ফুলহাতা শার্ট বা সোয়েটারের সঙ্গে পরতে পারেন প্রিন্স কোট

নানা ধরনের কাপড় ব্যবহৃত হচ্ছে কোটিতে। নকশার মতো কাটেও এসেছে কিছু ভিন্নতা। ফ্যাশন হাউস ওটুর প্রধান নির্বাহী জাফর ইকবাল বলেন, ‘একটা সাধারণ পাঞ্জাবির ওপর প্রিন্স কোট পরলেই সেটায় অভিজাত ভাব ফুটে ওঠে। জমকালো ভাব আনতে প্রিন্স কোটে ব্যবহৃত হচ্ছে জরির সুতা ও নানা ধরনের কাপড়। বোতামেও নানা ধরন এসেছে।’
ফরমাল পোশাকের ওপরে ব্যবহারের জন্য যেসব প্রিন্স কোট রয়েছে, সেটা ওয়াশের ধরন ব্লেজারের মতোই। ড্রাই ওয়াশ করে নিলেই চলবে।

ফুলহাতা শার্ট বা সোয়েটারের সঙ্গে পরতে পারেন প্রিন্স কোট
ফুলহাতা শার্ট বা সোয়েটারের সঙ্গে পরতে পারেন প্রিন্স কোট

প্রিন্স কোটে এখন কিছুটা লম্বা ঝুলের চল বেড়েছে। নিচের অংশে দুই দিকে সাধারণভাবে কাটা অথবা হালকা ভি আকারের কাট দেখা যাচ্ছে। উঁচু কলার ছাড়াও গোল গলা বা ব্লেজারের মতো গলার প্রিন্স কোট দেখা যাচ্ছে। রঙের বৈপরীত্য আনতে কলার ও পকেটের কাপড়ে ব্যবহার হচ্ছে মখমল, জরি সুতা ও পুঁতির কাজ। একরঙা, চেক, প্রিন্ট, ডটপ্রিন্ট, স্ট্রাইপ-নানা ধরনের প্রিন্স কোট মিলবে বাজারে।

দামটা যেমন
প্রিন্স কোটের দাম নির্ভর করছে এর মানের ওপর। যেমন সাধারণ সুতি কাপড়ের প্রিন্স কোট মিলবে ৫৫০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। এ ছাড়া সুতির ডাবল লেয়ারের কোট হলে পড়বে ১১০০ থেকে ২৫০০ টাকা, মখমলের কোটের দাম শুরু ১৫০০ টাকা থেকে। ৫০০০ টাকা পর্যন্ত দাম হতে পারে। এ ছাড়া নানা ধরনের সুতায় নকশা করা কোট মিলবে ২০০০ থেকে ৫৫০০ টাকায়।

ফুলহাতা শার্ট বা সোয়েটারের সঙ্গে পরতে পারেন প্রিন্স কোট
ফুলহাতা শার্ট বা সোয়েটারের সঙ্গে পরতে পারেন প্রিন্স কোট

যেখানে পাবেন
ফ্যাশন হাউস ওটু, ইনফিনিটি, ক্যাটস আই, ব্যাং, প্লাস পয়েন্ট, সিলভার রেইন, জেন্টল ব্রিজ, সেলাইঘরে দেখা মিলবে নানা ধরনের প্রিন্স কোটের। এ ছাড়া নিউমার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, এলিফ্যান্ট রোড, আজিজ সুপার মার্কেট, গুলশান হকার্স মার্কেট, ডিসিসি মার্কেট, বঙ্গবাজারসহ নানা স্থানেই পাওয়া যাবে।